
একটা সময় ছিল, বিদ্রোহী হয়ে ওঠা মনকে সামলানো মুশকিল হয়ে পড়ত। বহু বছরের অপ্রাপ্তি, হতাশা বোধ, চার দেয়ালের আবদ্ধ কোণে তিল তিল মৃত্যু-প্রতীক্ষার অমানুষিক যন্ত্রণা ছাপিয়ে প্রবল ইচ্ছা—এক্ষুনি নেমে পড়ি রাস্তায়; চিৎকার দিয়ে জানান দিই—এ দেশে আমিও একটা মানুষ আছি হুইলচেয়ারের চাকায় বন্দী। অপরাধটা কার, হুইলচেয়ার নাকি কিছু মানুষকে বঞ্চিত করে গড়ে ওঠা এ সমাজব্যবস্থার? ভবনের সিঁড়ি যদি হয় তোমার, তবে পাশের ছোট্ট র্যাম্পটি কেন আমার নয়? কেন নেই কোথাও আমার প্রবেশাধিকার?
জনসচেতনতা তৈরি না হলে আইন নিভৃতে কেঁদেই বুক ভাসাবে। কিন্তু বাঁচতে হলে যেমন জানতে হবে, তেমনি জানাতেও হবে। ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ আমাদের বড় হাতিয়ার। তাই শুরুটা হয়ে গেল জাতীয় জাদুঘর দিয়ে। নানা কথার ঝাঁপি নিয়ে বৈঠকের পর বৈঠক। দীর্ঘ আড়াই বছরের টানা যুদ্ধ, অবশেষে সফলতা এল। পাহাড়সম সিঁড়ির পাশে সুদৃশ্য র্যামপটি দিয়ে এখন তরতরিয়ে উঠে যায় হুইলচেয়ারটা। রেলিংটা ধরে মুক্ত চলাচলের তৃপ্তি নেয় বৃদ্ধ, প্রসূতি নারীসহ দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা। ঐতিহাসিক পুরাকীর্তি নিদর্শন! দেখে দেখে আশ মেটে না। অভিনব সব অস্ত্রপাতির ভান্ডার পেরিয়ে একসময় পৌঁছে যাই ৭১-এর মঞ্চে। কত কি জানার আছে! কোথা দিয়ে যে বেলা গড়িয়ে যায়!

হঠাৎ চিন্তা, টয়লেটের দরজা দিয়ে ঢুকবে তো হুইলচেয়ারখানা?! ইমারত বিধি মেনেই ৩০ ইঞ্চি চওড়া দরজা, কমোডের পাশে হ্যান্ড রেইলসহ সম্পূর্ণ প্রবেশগম্য টয়লেট তৈরি হয়েছে। জাদুঘরে নির্বিঘ্নেই কাটানো যাবে অনেকটা সময়। দেশের সব গণস্থাপনায় এমন প্রবেশগম্যতাই চাই। অথচ মোটেও ব্যয়বহুল নয় বিষয়টি! ভালো লাগাটা এখানেই, সরকারের আন্তরিক সদিচ্ছা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বেসরকারি মহলেও। দি ডেইলি স্টার, বিশ্বসাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম সমিতি-ঢাকা ভবন, সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কক্সবাজারের হোটেল সিলভার শাইন, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম— এমন আর অনেক। সংখ্যায় নগণ্য, তবুও ধীরে ধীরে হচ্ছে। সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলেই আজ আমরা দেশের আন্তর্জাতিকমানের দুটি স্টেডিয়ামে হুইলচেয়ারে নির্বিঘ্নে বসে ক্রিকেট উপভোগের অধিকার পেয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় পুরো বাংলাদেশের সঙ্গে গলা মেলাতে পারাও বিশাল প্রাপ্তি।
কিন্তু জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা (খসড়া) ২০১৩ কোথায় কোন লালফিতার আড়ালে আবদ্ধ হয়ে আছে, ভুলেই কি গেল সবাই! ১৬ কোটি মানুষের এ দেশে প্রায় আড়াই কোটি প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষায় প্রয়োজন আইনের কঠোর বাস্তবায়ন। তবে আরও বেশি দরকার পারিবারিক ও সামাজিক সচেতনতা বোধ। অবকাঠামোগত বাধা, যাতায়াতব্যবস্থার অপ্রতুলতায় শিক্ষাবঞ্চিত সম্ভাবনাময় এই গোষ্ঠীকে পিছিয়ে রেখেছে অনেকখানি। আপনার ভাবনায় কি আছেন তাঁরা?
লেখক: বি-স্ক্যানের সভাপতি, ব্লগার
[email protected]