আরো আরো আরো দাও প্রাণ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের বার্তাকক্ষ। ছবি: জিয়া ইসলাম
রাতের বার্তাকক্ষ। ছবি: জিয়া ইসলাম

সংবাদপত্রের সব কটি কলাম ভরা থাকে। কোনো দিন লেখায় একটুও কম পড়ে না। কীভাবে এটা সম্ভব হয়? বিশ্ববিদ্যালয়জীবনে সমাজকল্যাণ বিভাগের আশরাফ ভাই কিছুতেই হিসাব মেলাতে না পেরে মাথা চুলকাতে চুলকাতে প্রশ্নটা করেই বসলেন। তখন সবে প্রথম আলোয় যোগ দেওয়া আমি বললাম, ‘ভাই, এটা তো একেবারেই সহজ। আমরা হিসাব করেই লিখি। আর লেখা বেশি হলে ছেঁটে ফেলি।’
সর্বোচ্চসংখ্যক পাঠকের কাছে পৌঁছাতে একটি প্রথম আলো তৈরি হয় এর প্রতিটি বিভাগের কর্মীর নিজ অবস্থানের সর্বোচ্চ প্রচেষ্টায়। তবে মূল কাজটি করতে হয় বার্তা বিভাগকেই। সকালে শুরু হয়ে যার সমাপনী ঘণ্টা বাজে গভীর রাতে।
প্রথম আলোর কোন পাতায় কী খবর ও ছবি ছাপা হবে, তার প্রাথমিক সিদ্ধান্ত হয় বিকেল চারটার বৈঠকে। পরামর্শক সম্পাদক কামাল ভাইয়ের (কামাল আহমেদ) সভাপতিত্বে বৈঠকে প্রধান বার্তা সম্পাদক, বার্তা সম্পাদক, হেড অব রিপোর্টিংসহ বিভাগীয় প্রধানেরা উপস্থিত থাকেন। এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব চা-বিস্কুট এখন প্রায়ই মিস করি। আগে অফিসের তরফেই ব্যবস্থাটি হতো। এখন নিয়ম অন্য। বৈঠকে কেউ যদি কোনো ‘ভুল’ করেন, তবেই তঁাকেই এ দায়িত্ব নিতে হয়। আবার কারও হাতে যদি দেখা যায় চকচকে মুঠোফোন অথবা পরনে নতুন পোশাক, তবে তাঁর ‘জরিমানা’ অবধারিত!
বৈঠক শেষে স্বাস্থ্যসচেতন বার্তা সম্পাদক শাহেদ ভাই (শাহেদ মুহাম্মদ আলী) অফিসের ভেতরেই ‘দশ চক্কর’ দিয়ে দেন। এতে বোধ করি তাঁর এক কিলোমিটার হাঁটা হয়ে যায়। প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত ভাইও (লাজ্জাত এনাব মহছি) ইদানীং কারওয়ান বাজারে ‘ইভনিং ওয়াক’ শুরু করেছেন। অনেকেই আরামদায়ক ‘রিভলভিং’ চেয়ারে বসে কোমর ও পিঠের পীড়ায় আক্রান্ত। তাঁদের কেউ কেউ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন কাঠের চেয়ারে বসেন। গত বছর আমাদের ডেস্কগুলোর ওপরের অংশ ছেঁটে দেওয়া হয়েছে। এখন আমরা সবাই সবার মুখ দেখতে পারি। ‘আই কনট্যাক্ট’ হয়।
নানা তর্ক-বিতর্ক আর মতভেদের পর অসংখ্য ছবি থেকে বাছাই হয় পত্রিকায় ছাপার উপযোগী কয়েকটি। সন্ধ্যায় বার্তা সম্পাদককে দুরূহ এ কাজে সহায়তা করেন প্রধান আলোকচিত্রী। তবে বিশেষ বিশেষ সময়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (মতি ভাই) তো থাকেনই।
সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পত্রিকা অফিসের পিক আওয়ার। হঠাৎ পাওয়া কোনো নতুন খবরে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়, আবার পরিকল্পনায় থাকা কোনো প্রতিবেদন যদি সেভাবে ‘এস্টাবলিশড’ না হয়, তখন বার্তা ব্যবস্থাপকদের নতুন পরিকল্পনা আঁটতে হয় তাৎক্ষণিকভাবে। কারণ, প্রথম সংস্করণ ছাড়ার ডেডলাইন রাত সাড়ে ১০টা। তবে যতই উত্তেজনা, ব্যস্ততা, তাড়াহুড়া থাকুক, বার্তা বিভাগের কর্মীদের তখনো মাথা ঠান্ডা রাখতে হয়। কারণ, পাঠকের কাছে ভুলের কোনো কৈফিয়ত চলে না।
এই তো সেদিনকার ঘটনা। ফেলানী হত্যার পুনর্বিচার চলছে ভারতের কোচবিহারের আদালতে, তার বাবা, বিজিবি কর্মকর্তা ও আইনজীবীর উপস্থিতি ছাড়াই। অথচ রাতে একটি বহুল জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাল, ফেলানীর বাবা-মামাও আদালতে উপস্থিত আছেন। আমাদের সন্দেহ হলো। ক্রস চেক করে জানা গেল, ওই সংবাদমাধ্যম ভুল। প্রায় প্রতিদিনই এ রকম একাধিক ঘটনার মোকাবিলা করতে হয় বার্তা বিভাগকে।

২.
প্রথম সংস্করণ তেজগাঁওয়ের প্রেসে চলে যাওয়ার পর আধা ঘণ্টার বিরতি। এই সময় ‘লা বেঞ্চি’তে, অর্থাৎ নিচের ঝুপড়ি দোকানে চা আর সঙ্গে টা খাওয়ার সুযোগ মেলে। কয়েকজন ‘নাইট ওয়াক’ করেন উপপ্রধান প্রতিবেদক টিপু সুলতানের নেতৃত্বে। অফিসে ফেসবুক বন্ধ। একটা-দুটো পিসিতে আছে শুধু মনিটরিংয়ের প্রয়োজনে। ফেসবুক নিয়ে ৬০ ছুঁইছুঁই আমাদের চিরনবীন ‘বড় ভাই’ বলেছেন, ‘প্রচুর বান্ধবী চ্যাট করার জন্য “ওয়েটিং”য়ে আছে! এডিটরকে বলুন, আমার পিসিতে ফেসবুক দিতে।’
প্রথম সংস্করণ ছাপা হয়ে আসে রাত পৌনে ১২টার দিকে। এরপরই উপবার্তা সম্পাদক হাফিজুর রশীদের ব্যবস্থাপনায় গুটি কয় জনবল নিয়ে রাজধানীর পাঠকদের জন্য নতুন করে পত্রিকাটি সাজানোর পালা শুরু। বিকেলে যে উৎসাহ নিয়ে প্রথম সংস্করণের কাজ শুরু হয়েছিল, ঠিক সেই একই রকম কর্মোদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয় নগর সংস্করণের কাজে। পাতায় পাতায় গুরুত্ব পায় রাজধানীকেন্দ্রিক খবরগুলো। একইসঙ্গে চলতে থাকে চট্টগ্রামসহ ছয়টি সংস্করণের কাজ।
রাতের পালার কর্মীদের বাসায় ফিরতে ফিরতে দুইটা-আড়াইটা বাজে। তবে মাঝেমধ্যে পুবের আকাশ ফরসাও হয়ে যায়। আবার ‘শেষ হয়েও হইল না শেষ’ ধরনের পরিস্থিতেও পড়তে হয় কখনো কখনো। যেমন গত ১৮ এপ্রিল গভীর রাতে উদ্ধার হন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী। সেই খবর ধরানোর জন্য বাসায় গিয়েও রাত তিনটায় অফিসে ফিরে আসতে হয় সংশ্লিষ্ট রিপোর্টারসহ বার্তা ব্যবস্থাপকদের কয়েকজনকে। আবার ওই শেষ রাতেই আসে প্রখ্যাত লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের মৃত্যুর খবর। সেটাও বক্স আইটেম হিসেবে ছাপানো হয় শেষের পাতায়।
ঠিক একই রকম ঘটনা ঘটে প্রায় এক মাস পর, গত ১৬ মে। ওই দিন এমনিতেই ভারতে নরেন্দ্র মোদির জয় নিয়ে অফিসে উত্তেজনা ছিল। গভীর রাতে গ্রেপ্তার হন নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় লে. কর্নেল তারেক সাঈদ ও মেজর আরিফ। অফিসে ফিরে আসতে হয় রাত পৌনে তিনটায়।
এই আগস্টেই এক রাতে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা তৈরি হয়। জনতা ঢুকে পড়ে ইসলামাবাদের সুরক্ষিত রেড জোনে। বার্তাকক্ষে আমাদের রুদ্ধশ্বাস অপেক্ষা রাত সাড়ে চারটা পর্যন্ত। শেষ পর্যন্ত অভ্যুত্থান না হওয়ায় সবাই হতাশ! কারণ, রাতের খাবারের বিল অফিস দেবে তো!
প্রয়োজনে সহকর্মীদের কাছে কেউ কেউ লেট নাইট ‘বিক্রি’ করে দেন। রাতে পেট পুরে খাওয়ানোই এর বিক্রিমূল্য।
এভাবেই বার্তা বিভাগে একেকটি দিন ও একেকটি রাত কাটে।
গভীর রাতে যখন মনের জ্বালানি কিছুটা ফুরিয়ে আসে, তখন কবিগুরু হাজির হন অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে। মনে মনে আওড়াই, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে/ মোরে আরো আরো আরো দাও প্রাণ...’
কাজী আলিম-উজ-জামান: সহকারী বার্তা সম্পাদক