আর্জেন্টিনার অদম্য মায়েরা
‘মা, একটু বের হচ্ছি। যাব আর আসব।’ মাকে এ কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল আলেহান্দ্রো। দিনটি ছিল ১৭ জুন, ১৯৭৫।আজও ফিরে আসেনি আলেহান্দ্রো। বছরের পর বছর তার অপেক্ষায় থেকেছেন মা উরানজা আলমেইদো। সেই প্রতীক্ষার শেষ তো হয়ইনি, ছেলের ভাগ্যে কী ঘটেছে, সেটা পর্যন্ত জানতে পারেননি এ পর্যন্ত। আর্জেন্টিনায় সে সময়টা ছিল ভীষণ অস্থির। হাজার হাজার মানুষ আলেহান্দ্রোর মতো ‘নিখোঁজ’ হয়েছে তখন। ১৯৭০-৮০-এর দশকের গোড়ার দিক পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের নিখোঁজ বলেই আখ্যায়িত করে থাকে দেশটির মানুষ। ওই সময় বিভিন্ন কট্টর ডানপন্থী গোষ্ঠী বা ১৯৭৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর হাতে অপহরণ ও হত্যার শিকার হয় ৩০ হাজারের বেশি মানুষ। এ হিসাব মানবাধিকার সংগঠনগুলোর। অপহরণের শিকার বেশির ভাগ মানুষের দেহাবশেষও কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। উরানজা আলমেইদোর মতো ওই সময়ের সন্তানহারা মায়েরা ১৯৭৭ সালে গড়ে তোলেন ‘মাদারস অব দ্য প্লাসা দে মাজো’। সম্প্রতি সংগঠনটি ৩৫তম বার্ষিকী পালন করেছে। সেই ১৯৭৭ সাল থেকেই প্রতি বৃহস্পতিবার সন্তান হারানো মায়েরা রাজধানী বুয়েনস এইরেসে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল প্লাসা দে মাজোর সামনে ভিড় জমান। তাঁদের মাথায় থাকে সাদা স্কার্ফ। এই অভিনব আন্দোলন বিশ্ববাসীর নজর কাড়ে। মাদারস অব দ্য প্লাসা দে মাজোর অন্যতম প্রতিষ্ঠাতা এর সভাপতি হেবি দে বোনাফিনি জানান, সরকারের কাছে সন্তানদের খোঁজ জানার দাবিতেই তাঁদের এই আন্দোলন। শুরুটা হয় ১৯৭৭ সালের এপ্রিলে। তার আগে এক বছর ধরে বামপন্থী রাজনৈতিক কর্মী ও তাঁদের প্রতি সহানুভূতিশীল সবার ওপর সেনাবাহিনীর দমন-পীড়ন চরমে ওঠে। ফেব্রুয়ারি মাসে নিরাপত্তা বাহিনীর লোকদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন হেবি দে বোনাফিনির প্রথম সন্তান। বোনাফিনি জানান, ৩০ এপ্রিল বৃহস্পতিবার তিনি এবং আরও বেশ কয়েকজন মা সামরিক শাসক হোর্হে ভিদেলার কাছে একটি চিঠি হস্তান্তরের উদ্দেশ্যে সেন্ট্রাল স্কয়ারে গিয়েছিলেন। অনেকেই এসেছিলেন মফস্বল শহর থেকে। কারও কারও লেখাপড়ার দৌড় ছিল প্রাথমিক পর্যায় পর্যন্ত। কয়েকজন আদৌ লিখতে-পড়তে পারতেন না। তবু তাঁরা বুকে সাহস নিয়ে গিয়েছিলেন দোর্দণ্ডপ্রতাপশালী সামরিক শাসকের কাছে। জানতে চেয়েছিলেন তাঁদের হারিয়ে যাওয়া সন্তানদের খবর। কিন্তু সামরিক কর্তৃপক্ষ তাঁদের কিছুই জানায়নি। এমনকি তাঁদের সঙ্গে কেউ দেখাও করেনি। ওই দলে ছিলেন রাজবন্দী আলেহান্দ্রোর মা আলমেইদোও। আলমেইদো জানান, তখনো ‘নিখোঁজ’ ধারণাটি চালু হয়নি। তাঁরা ভাবতেন, সন্তানেরা বেঁচে আছে। রাজবন্দী হিসেবে কারাগারে আটক রয়েছে। কিন্তু কর্তৃপক্ষের সেদিনের আচরণে বন্দী সন্তানেরা আদৌ বেঁচে আছে কি না, তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন মায়েরা। ৩০ এপ্রিল পড়ন্ত বিকেলে সেন্ট্রাল স্কয়ারে সমবেত হন বন্দীদের ওই মায়েরা। সে সময় একসঙ্গে তিনজনের বেশি লোকের জমায়েতের ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা ছিল। সে অনুযায়ী পুলিশ মায়েদের স্কয়ার থেকে সরে যেতে বলে। কিন্তু মায়েরা তাতে কান না দিয়ে পরস্পরের হাত ধরে স্কয়ারের চারপাশে হাঁটতে থাকেন। এ কারণে আইন দিয়ে পুলিশ আর তাঁদের আটকাতে পারেনি। ভেবেচিন্তে নয়, তাৎক্ষণিক সিদ্ধান্তে এই অভিনব কাজটি করেন ওই প্রতিবাদী মায়েরা।এটাই ছিল মাদারস অব দ্য প্লাসা দে মাজোর প্রথম কর্মসূচি। ক্রমশ এই আন্দোলন দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। বিশ্ব জানতে পারে, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম নির্মম রাষ্ট্রীয় দমন-পীড়ন সম্পর্কে। আলমেইদো বলেন, ধীরে ধীরে স্কয়ারে প্রতিবাদী মায়ের সংখ্যা বাড়তে থাকে। সরকারের ধরপাকড় যে বেড়ে চলছিল, এটা তারই ইঙ্গিত। বছরের শেষ দিকে মায়েদের আন্দোলন দমনে সামরিক সরকার কঠোর পদক্ষেপ নেয়। নিরাপত্তা বাহিনী মাদারস অব দ্য প্লাজা দে মাজোর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে তিনজনকে আটক করে। সেই সঙ্গে আরও দুজন ফরাসি নান ও আন্দোলনকর্মীকে আটক করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় সেনাবাহিনী পরিচালিত বন্দিশিবিরে। সেখানে চলে নির্যাতন। মনে করা হয়, এরপর জীবিত অবস্থায়ই তাঁদের বিমান থেকে সাগরে ছুড়ে ফেলা হয়। কয়েক দিন পরে তিনজন প্রতিবাদী মাসহ কয়েকজনের লাশ সাগরতীরে ভেসে আসে। সরকারি কর্তৃপক্ষ লাশগুলো গণকবরে সমাহিত করে। ওই কবর যে কাদের, তা-ও চিহ্নিত করা হয়নি।ঘটনার অনেক দিন পরে, ২০০৩ সালে বেসরকারি সংগঠন আর্জেন্টাইন ফরেনসিক অ্যানথ্রোপলজি টিমের উদ্যোগে ওই দেহাবশেষগুলো এবং তাঁদের মৃত্যুর কারণ চিহ্নিত করা হয়। নিখোঁজ মানুষদের খুঁজে বের করতে ১৯৮৬ সালে মানবাধিকার সংগঠনগুলোর উদ্যোগে এ সংগঠনটি জন্ম নেয়। তিন মাকে অপহরণের পরের বৃহস্পতিবার খুব কম মা-ই সেন্ট্রাল স্কয়ারে সমবেত হয়েছিলেন। হেবি দ্য বোনাফিনি জানান, সেদিন পুলিশ কুকুর ও লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। আন্দোলনটা প্রায় নতুন করে শুরু করতে হয় সংগঠনের নেত্রীদের। বোনাফিনিরা আবার নিখোঁজ রাজবন্দীদের বাড়ি বাড়ি যান। আতঙ্কিত মায়েদের নতুন করে সংগঠিত করেন।সন্তানহারা মায়েদের মধ্যে কারও কারও লড়াই ছিল বেশি কঠিন। বোনাফিনি তাঁদেরই একজন। নিখোঁজ প্রথম সন্তানের জন্য আন্দোলন করতে করতেই তাঁর দ্বিতীয় সন্তানও আটক হয় নিরাপত্তা বাহিনীর হাতে। এর কয়েক মাস পরে গ্রেপ্তার করা হয় তাঁর মেয়েজামাইকেও। তাঁদের কারও সঙ্গেই আর দেখা হয়নি বোনাফিনির। মায়েদের আন্দোলন দমন করতে পুলিশ মাঝেমধ্যেই তাঁদের কাউকে না কাউকে কিছুদিনের জন্য আটক করেছে। অনেককে মারধর করা হয়েছে। তবে সন্তানহারা মায়েরা এসব গায়ে মাখেননি। তাই তাঁদের আন্দোলন থেমে যায়নি। আন্দোলন অব্যাহত থাকলেও বিভক্তি এসেছে। ১৯৮৬ সালে মাদার্স অব দ্য প্লাসা দে মাজো ভেঙে যায়। হেবি ডি বোনাফিনির নেতৃত্বাধীন একটি গ্রুপের নাম হয় মাদার্স অব দ্য প্লাসা দে মাজো অ্যাসোসিয়েশন। দ্বিতীয়টির নাম হয় মাদার্স অব দ্য প্লাসা দে মায়ো ফাউন্ডিং লাইন। দুইয়ের মধ্যে প্রধান পার্থক্যটি ছিল আদর্শিক। ডি বোনাফিনির সংগঠন সরকারি ক্ষতিপূরণ নেওয়ার বিপক্ষে অবস্থান নেয়। সরকার প্রতি নিখোঁজ সন্তানের জন্য দুই লাখ ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ ঘোষণা করেছিল। বোনাফিনি মৃতদের পরিচয় চিহ্নিত করার জন্য দেহাবশেষ পরীক্ষা-নিরীক্ষারও বিপক্ষে ছিলেন। অন্য অংশের প্রধান আলমেইদো বলেন, তিনি বোনাফিনির মতকে শ্রদ্ধা করেন। কিন্তু তাঁর আত্মতৃপ্তি দরকার। মৃত্যুর আগে সন্তানের শেষ চিহ্ন ছুঁয়ে দেখতে চান। তাই জানতে চান, কোন হাড়গোড় তাঁর ছেলের।নিখোঁজ রাজবন্দীদের অপহরণের জন্য আর্জেন্টিনার সেনাবাহিনীর শত শত সাবেক কর্মকর্তা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু ওই রাজবন্দীদের মৃতদেহ কোথায় নিয়ে যাওয়া হয়, সে বিষয়ে তাঁদের প্রায় কেউই মুখ খোলেননি। অনেক পরে এনজিও ফরেনসিক অ্যানথ্রোপলজি টিম গণকবর খুঁড়ে কিছু মরদেহ শনাক্ত করে। প্লাসা দে মাজোর আন্দোলনকারী অনেক মা আজ বেঁচে নেই। যাঁরা বেঁচে আছেন, তাঁরাও বয়সের ভারে ন্যুব্জ। অনেকেই অসুস্থ। তবে তাঁদের মধ্যে যাঁরা কিছুটা শক্ত-সামর্থ্য, অন্তত হাঁটতে পারেন, তাঁরা প্রতি বৃহস্পতিবার ঠিকই যান সেন্ট্রাল স্কয়ারের প্লাসা দে মাজোতে। আর এভাবেই ৩৫ বছর ধরে আন্দোলন টিকিয়ে রেখেছেন অপরাজিত এই মায়েরা। শুভা জিনিয়া চৌধুরীসূত্র: বিবিসি