আর্থিক খাতের জন্য প্রযুক্তি
দিনে দিনে ব্যবসার নানা ক্ষেত্র বাড়ছে। আর সেসব ক্ষেত্র আরও কার্যকর হয়ে উঠছে প্রযুক্তির ব্যবহারে। আর্থিক, ব্যাংকিং—নানা খাতেই প্রযুক্তি নতুন মাত্রা যোগ করছে।এখন শুধু ব্যবসায়িক জ্ঞান দিয়েই সাফল্যের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। প্রয়োজন হয় চমকপ্রদ চিন্তাধারা আর প্রযুক্তি সহায়তা। অর্থনৈতিক প্রতিষ্ঠানে উদ্ভাবনী কাজে উ ৎ সাহ দিতে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ‘সিটি ফাইন্যানসিয়াল আইটি কেস প্রতিযোগিতা (সিএফআইসিসি)’। এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য ব্যাংকসহ নানা রকম আর্থিক প্রতিষ্ঠানের কাজে লাগে এমন তথ্যপ্রযুক্তি প্রকল্প তৈরি করা।প্রতিযোগীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষকতা করে সিটি ফাউন্ডেশন। সিটি ব্যাংক এনএ বাংলাদেশের সিটি কান্ট্রি অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থনৈতিক খাতের জন্য প্রযুক্তিগত সেবা উদ্ভাবনে উদ্বুদু্ল হচ্ছে। আশা করা যায়, এসব উদ্ভাবনের মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।’ প্রতিযোগিতার আয়োজক ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডি.নেট) নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের একটি যোগসূত্র এবং প্রযুক্তি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায় শিক্ষার্থীদের এক করতেই এ আয়োজন। এর মধ্যে বিজয়ী প্রকল্পগুলো বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছে। চলতি বছর ৬৫টি দলের বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে বিচারকদের রায়ে নির্বাচিত পাঁচটি প্রকল্প পুরস্কৃত হয়েছে। ঢাকায় ১৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিজীয়দের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল তিন হাজার ডলার, প্রথম রানার্সআপ দুই হাজার ডলার, দ্বিতীয় রানার্সআপ এক হাজার ডলার এবং তৃতীয় রানার্সআপ দুই দল ৫০০ ডলার করে পুরস্কার পেয়েছে। এ আয়োজনের সহযোগী ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।পুরস্কৃত পাঁচ প্রকল্পস্বয়ংক্রিয় অনলাইন কিউ ব্যবস্থাপনাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্পন্দন দলের স্বয়ংক্রিয় অনলাইন কিউ ব্যবস্থাপনা (্এওকিউএম) প্রকল্প চ্যাম্পিয়ন হয়েছে। এ দলের সদস্যরা হলেন সাইফুল হক, মুহাম্মদ মাসউদ হোসেন, সাদিয়া জাহিন ও শুভ্র পাল। প্রকল্প ব্যবস্থাপক ছিলেন বুয়েটের প্রভাষক সঞ্জয় কুমার পাল। জরুরি প্রয়োজনে ব্যাংকে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় টাকা তোলার লাইনটা বেশ দীর্ঘ। এর থেকে মুক্তি পেতে অন্য কোনো শাখায় গেলেও যে একই সমস্যা হবে না তারও নেই কোনো নিশ্চয়তা। এমন সমস্যা থেকেই মুক্তি দেবে এ প্রকল্প। ‘যার উদ্দেশ্য হচ্ছে আপনাকে এমন একটি সেবা প্রদান করা যা আপনার সময় বাঁচাবে এবং আপনার ব্যাংকের লেনদেন আরও সহজ করবে।’ বললেন স্পন্দন দলের সদস্য সাইফুল হক। তিনি জানালেন, বেশির ভাগ ক্ষেত্রে কোনো সেবা নিতে লাইনে অপেক্ষা করতে হয়। এ অবস্থা শুধু ব্যাংক নয়, হাসপাতাল, বাস কাউন্টারসহ বিভিন্ন জায়গাতেই রয়েছে।সাদিয়া জাহিন জানান, এওকিউএম পদ্ধতি গ্রাহকদের বিভিন্ন শাখায় ভিড়ের অবস্থা জানাবে।একইসঙ্গে তাদের পরামর্শ দেবে কোথায় গেলে সবচেয়ে কম সময়ে সেবা পাওয়া যাবে। এওকিউএম সেবা পেতে হলে ওয়েবসাইটে গ্রাহকের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এ ওয়েবসাইট থেকেই এক-দুই দিন আগে অগ্রিম টোকেন নেওয়া যাবে। ওই টোকেনে দেওয়া সময়ে গ্রাহক ব্যাংকে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে তার কাজ সারতে পারবেন।এওকিউএম পদ্ধতি গ্রাহকের অপেক্ষার সময়কে কমিয়ে আনবে এবং ব্যাংকের কাজের চাপের মধ্যে ভারসাম্য আনবে। ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার ডেটাবেইস ক্ষুদ্রঋণ বিতরণ প্রতিষ্ঠানগুলোর জন্য কেন্দ্রীয় ‘ক্ষুদ্রঋণ ডেটাবেইস’ প্রকল্প তৈরি করে প্রথম রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্রোম দল। এ দলের সদস্যরা হলেন রাফাত ওয়াশিক আহমেদ, তানভীর আলম, আশফাকুল হক চৌধুরী ও হিশাম হায়দার দেওয়ান। প্রকল্প ব্যবস্থাপক ছিলেন আইবিএর প্রভাষক মো. ইফতেখারুল আমিন। ‘আমাদের দেশে ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অন্যতম দুটি সমস্যা হচ্ছে ক্ষদ্রঋণ প্রকল্পের পরিচালন ব্যয় এবং ক্ষুদ্রঋণ নিতে আগ্রহীদের ঋণ পাওয়ার যোগ্যতা নিরূপণ করা’—বললেন হিশাম হায়দার দেওয়ান। দলের সদস্য তানভীর আলম বলেন, ক্ষুদ্রঋণের ক্ষেত্রে সাধারণত সুদের হার সাধারণ ব্যাংক ঋণের চেয়ে বেশি। এ প্রকল্পের ঋণ দেওয়ার সব তথ্য সংরক্ষণের কাজগুলো কম্পিউটারে বা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনেই করা যাবে। ফলে প্রতিটি ঋণ প্রদানে ও সংরক্ষণে সময় বাঁচানো সম্ভব। যার অর্থ প্রত্যেক ঋণ কর্মকর্তাকে আগে যেখানে প্রতিদিন তিন-চার ঘণ্টা তথ্য সংরক্ষণের কাজে ব্যস্ত থাকতে হতো সেখানে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এ ছাড়া অনলাইনে পুরো তথ্য সংরক্ষণের ফলে একটি অনলাইন ঋণ গ্রাহক ডেটাবেইস তৈরি করা সম্ভব হবে। যেখান থেকে তথ্য নিয়ে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলো ঋণ দেওয়ার সময় একজন গ্রাহকের আগের ঋণ লেনদেনের তথ্য জানতে পারবে।ফলে যাচাই করার কাজটা সহজ হবে। স্টক-মার্কেটিয়ারবর্তমান সময়ে আলোচিত পুঁজিবাজারে বিনিয়োগের সহজ, দ্রুত ও বিশ্বস্ত ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় রানার্সআপ হয়েছে বুয়েটের থান্ডারস্টর্ম দল। এ দলের সদস্যরা হলেন কাজী তাসনিফ ইসলাম, ফারিগ ইউসুফ সাদেক, এফ এ রেজাউর রহমান চৌধুরী ও মো. লাইসুল ইসলাম। দলের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন বুয়েটের প্রভাষক নাশিদ শাহরিয়ার। প্রকল্পটির বিষয়ে কাজী তাসনিফ ইসলাম বলেন, ‘আমাদের দেশের পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগকে শতভাগ নিরাপদ করার প্রতিশ্রুতি নিয়ে আমরা তৈরি করেছি স্টক-মার্কেটিয়ার। এটি ব্যবহার করে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা পুঁজিবাজারে সহজে অর্থখাটাতে পারবেন। বিনিয়োগকারীদের সুবিধার জন্য ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচা ও বাজার পর্যবেক্ষণের সুবিধা রাখা হয়েছে। এটি বিনিয়োগকারী, ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক, এবং স্টক এক্সচেঞ্জ—সব পক্ষের জন্যই কার্যকরী একটি ব্যবস্থা হতে পারে।’ ‘স্টক-মার্কেটিয়ার পদ্ধতিটি বিনিয়োগকারীদের মার্কেট অর্ডার এবং লিমিট অর্ডার প্রক্রিয়ায় অর্ডার প্রদানের সুযোগও দেবে’—বললেন ফারিগ ইউসুফ সাদেক। উন্নত ও আধুনিক ব্যাংকিংগতিশীল ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য বেশ উপযোগী। আর উন্নত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সহজ ব্যবস্থার পথ দেখিয়ে বুয়েটের স্নাইপারস দল তৃতীয় রানার্সআপ হয়েছে। এ দলের সদস্যরা হলেন মহিউদ্দিন আবদুল কাদের, এইচ এম সাজ্জাদ হোসেন, মো. মেসবাউল ইসলাম ও মো. এনামুল কবির। দলের সদস্যরা জানান, সাধারণত ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন তথ্য-উপাত্ত গোছানো থাকে না। এ ব্যবস্থার মাধ্যমে তথ্যগুলো ডেটাবেইস থেকে কাঠামোবদ্ধভাবে ডেটা ওয়্যারহাউসে সাজানো থাকবে। একজন বিশ্লেষকের জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে পরবর্তী সময়ে দিনগুলোতে কী পরিমাণ লেনদেন হবে, কোন ধরনের গ্রাহকেরা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণইত্যাদি বের করা সহজ হবে।মোবাইল ফোনে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন মোবাইল ফোনভিত্তিক শ্রেণীবদ্ধ (ক্লাসিফায়েড) বিজ্ঞাপনব্যবস্থা তৈরি করে তৃতীয় রানার্সআপ হয়েছে বুয়েটের চ্যারিওটস দল। এ দলের সদস্যরা হলেন শাহরিয়ার মাজিদ খান, সাজ্জাদুর রহমান, রাহাত ইবনে রফিক ও তৌসিফ আহমেদ। দলের সদস্যরা জানান, খবরের কাগজ ও টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। এগুলোকে বলা হয় মোবাইল বিজ্ঞাপন (এম-অ্যাড)। বিজ্ঞাপনদাতা চাইলে মোবাইল ফোন ব্যবহার করে নিজের বিজ্ঞাপন দিতে পারবেন। এ জন্য বিজ্ঞাপনদাতা এম-অ্যাড সফটওয়্যারটি ব্যবহার করবেন।সেখানে তাঁর বিজ্ঞাপনের খুঁটিনাটি তথ্য খুব সহজে দেওয়ার মতো পদ্ধতি থাকবে। আর এমন একজন গ্রাহক যিনি নিজের পছন্দমতো বিজ্ঞাপন খুঁজছেন, তিনি যাতে খুব সহজেই তা খুঁজে পান সে ব্যবস্থাও থাকবে এতে।এ জন্য হাজার খানেক বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই। এম-অ্যাড পদ্ধতি সুলভ এবং দ্রুত। সফটওয়্যারটি জাভা ও মাইএসকিউএল ব্যবহার করে তৈরি করা হয়েছে। মোবাইল ফোন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকলেই এ সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।