আর্থিক সংকটে মাটিরাঙা পৌরসভা
আর্থিক সংকটে পড়েছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা পৌরসভা। এতে জরুরি সেবাসহ প্রত্যাশিত নাগরিকসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। এমনকি পৌরসভার কর্মচারীরাও বেতনভাতা পাচ্ছেন না গত চার মাস।সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার জরুরি সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাতে সড়কবাতির ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ, স্থায়ী বাসিন্দার জন্মনিবন্ধন সনদ প্রদান ইত্যাদি। পৌরসভার আয়ের প্রধান উৎস মাটিরাঙা বাজারে বিক্রিত কাঁচা পণ্য এবং পৌর এলাকা থেকে বাইরে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের ওপর টোল আদায়। সূত্র জানায়, বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব পৌরসভার হলেও ১৯৩৭ সালের বাজার ফান্ড বিধিমালা আইন অনুযায়ী তিন পার্বত্য জেলার সব বাজার নিয়ন্ত্রণ, কর আদায় ও ব্যবস্থাপনার দায়িত্ব বাজার ফান্ড প্রশাসন কর্তৃপক্ষের। বাজারের কাঁচা পণ্য থেকে আদায়কৃত করের ৫০ শতাংশ পায় পৌরসভা। সূত্র জানায়, বাজার-ফান্ড প্রশাসনের প্রশাসকের দায়িত্ব পালন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান। তাই বাজার ব্যবস্থাপনার যাবতীয় সিদ্ধান্ত আসে পার্বত্য জেলা পরিষদ থেকে। মাটিরাঙা বাজারের ব্যবসায়ী কামাল আহমেদ অভিযোগ করেন, ‘বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা মূল সড়কের (খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক) মধ্যে সীমাবদ্ধ থাকে। বাজারের অভ্যন্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা তেমন করা হয় না। বাজারের নালা-নর্দমাগুলো সব সময় ময়লা-আবর্জনায় ভর্তি থাকে। গণশৌচাগার পর্যাপ্ত নয়। সব মিলিয়ে পৌরসভার নাগরিক সুবিধা বলতে তেমন কিছু নেই।’পৌর এলাকার মুসলিমপাড়ার বাসিন্দা আকবর আলী বলেন, বাজার এলাকার বাইরের নাগরিকেরা পৌরসভা থেকে খুব একটা সেবা পান না। পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী বলেন, ‘মাটিরাঙা বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরসভাকে হিমশিম খেতে হচ্ছে। আবর্জনা অপসারণের জন্য পৌরসভার ট্রাক আছে মাত্র একটি। ১৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কাজ চালানো হচ্ছে।’ পৌরসভার আর্থিক সংকট প্রসঙ্গে মেয়র বলেন, ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা চার মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না। পৌরসভার আয়ের প্রধান উৎস বাজার থেকে আদায়কৃত টোল। গৃহকর থেকে আয় খুব একটা হয় না। বাজার থেকে আয়ের অর্ধেক পায় পৌরসভা। এই টাকায় পৌর কর্মচারীদের বেতনও হয় না।’ জানা যায়, মাটিরাঙা পৌরসভার ২০১১-১২ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯০ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে মেয়র ও কাউন্সিলর, ১৮ কর্মকর্তা-কর্মচারী ও ১৭ জন চুক্তিভিত্তিক পরিচ্ছন্ন কর্মচারীর বেতনভাতা ও আনুষ্ঠানিক খরচ ৪৮ লাখ টাকা। অর্থাৎ পৌরসভার মোট রাজস্ব আয়ের ৫২ শতাংশ বেতনভাতা খাতে খরচ হয়। বাকি ৪২ লাখ ৭৫ হাজার টাকা খরচ হয় নাগরিকসেবা খাতে। এই টাকায় প্রত্যাশা অনুযায়ী নাগরিক সুবিধা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মেয়রের মতে, বাজার ব্যবস্থাপনার দায়িত্ব পৌরসভার হাতে থাকলে আয় অনেক বাড়ত, পৌরসভা স্বাবলম্বী হতো। তিনি উদাহরণ দিয়ে বলেন, বাজারে তরকারি বিক্রির জন্য কিছু শেড আছে। সেগুলোর কোনো সংস্কার নেই। শেডগুলো সংস্কার করে আয় বাড়ানো সম্ভব। তিনি পৌর এলাকার বালু ইজারা দেওয়ার ক্ষমতাও পৌরসভার হাতে ন্যস্ত করার দাবি জানান।