আর্মেনিয়ায় 'বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বিভিন্ন দেশের মূকাভিনয়শিল্পীদের সঙ্গে বাংলাদেশি দুই তরুণ (বাঁ থেকে প্রথম ও তৃতীয়)। ছবি: সংগৃহীত
বিভিন্ন দেশের মূকাভিনয়শিল্পীদের সঙ্গে বাংলাদেশি দুই তরুণ (বাঁ থেকে প্রথম ও তৃতীয়)। ছবি: সংগৃহীত
বাংলাদেশের দুই তরুণ মূকাভিনয়শিল্পী গিয়েছিলেন আর্মেনিয়া। সে দেশে লিওনিদ ইয়াংগিবারিন আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবে তাঁরা আমন্ত্রিত ছিলেন। সেখানে গিয়েই জানলেন আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি এলাকার নাম—বাংলাদেশ। ঘুরেও এলেন সেখান থেকে। সেই অভিজ্ঞতার কথা লিখেছেন তাঁদের একজন মীর লোকমান

আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছি, এমন একটা চাপা উত্তেজনা ভর করেছিল আমন্ত্রণ নিশ্চিত হওয়ার পরই। তাই আয়োজনের দুই দিন আগেই আমরা পৌঁছাই আর্মেনিয়া। আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইয়েরেভান প্যান্টোমাইম থিয়েটারের আয়োজন এটি। পোশাকি নাম ‘লিওনিদ ইয়াংগিবারিন আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০১৭’। বিমানে ১৯ জুলাই দুপুরে উড়াল দিয়েছিলাম। ঢাকা থেকে প্রথমে সংযুক্ত আরব আমিরাত। সেখানে তিন ঘণ্টা ট্রানজিটের পর ফের যাত্রা আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের উদ্দেশে।

মেঘে ভাসা বিমানে যেতে যেতে দেখা মিলল পাহাড়, সাগর, মরুভূমি। পুলকিত বোধ করছিলাম মেঘ ও রৌদ্রের খেলায়। আমার সঙ্গে সাইফুল্লাহ সাদিক। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সদস্য।
আগেই কথা হয়েছে আয়োজক কমিটির প্রতিনিধিরা থাকবেন বিমানবন্দরে। তাঁরা আমাদের স্বাগত জানাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে আসতেই চোখে পড়ল উৎসবের পোস্টার হাতে অপেক্ষমাণ কয়েকজনকে। কুশল বিনিময় করে তাঁদের সঙ্গে চললাম হোটেলে। উৎসব হয়েছে ২২ থেকে ২৬ জুলাই। আমাদের আগেভাগে যাওয়ার উদ্দেশ্য ছিল নতুন দেশটা একটু ঘুরে দেখা।

আর্মেনপ্রেস পত্রিকার অনলাইনে সংস্করণে শিল্পীদের ছবি
আর্মেনপ্রেস পত্রিকার অনলাইনে সংস্করণে শিল্পীদের ছবি

ভিনদেশে বাংলাদেশ!
বিমানবন্দরে নেমেই খটকায় পড়লাম। ডলার বিনিময় করতে গিয়ে কথা হচ্ছিল এক কর্মীর সঙ্গে। আমরা বাংলাদেশ থেকে এসেছি জেনে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আচমকাই ইংরেজিতে বলে উঠলেন ‘বাংলাদেশ নামে আর্মেনিয়ায় একটি জায়গা আছে।’ এ কথা শোনার পর নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। তাঁর কথাকে স্রেফ মজা মনে হলো। কিন্তু মাথার মধ্যে ঘুরছিল।
বিমানবন্দরে আমাদের গ্রহণ করতে আসা বন্ধুদের কাছে জানতে চাইলাম। তাঁরাও বলল, ‘বাংলাদেশ’ নামে একটি জনবসতি রয়েছে ইয়েরেভানে।
আর্মেনিয়ায় বাংলাদেশ নামে একটা কিছু আছে, তা জানার পর থেকে মন আনচান করছিল। ২০ জুলাই দুপুরে তাই যাত্রা করলাম বাংলাদেশ দেখতে। যেতে যেতে চোখে পড়ল রাস্তার দুই পাশে সারি সারি গাছ আর সবুজ মাঠ। পাহাড়ে সবুজ বৃক্ষও দেখতে পাচ্ছি। ৩০ মিনিট পর পৌঁছালাম। দারুণ সাজানো সুন্দর এই বাংলাদেশ। রাস্তায় বিলবোর্ডে ইংরেজি বানানে ‘বাংলাদেশ’ নাম খুঁজে পেলাম না। আর্মেনিয়ান ভাষায় সবকিছু লেখা। তবে গুগল সার্চ করে ইয়েরেভানের এই এলাকার নাম পাওয়া গেল ‘মালাতিয়া সেবাস্তিয়া’। আনুষ্ঠানিক নাম এটি হলেও স্থানীয়দের কাছে ‘বাংলাদেশ’ নামেই পরিচিত। বাসযাত্রী, দোকানদার, পুলিশসহ যাঁকেই জিজ্ঞেস করলাম সবাই চেনেন বাংলাদেশ নামেই। এমনকি আমরা যখন নিজেদের পরিচয় দিয়ে বলি যে, ‘উই আর ফ্রম বাংলাদেশ’ তখন প্রথমে সবাই আর্মেনিয়ার বাংলাদেশের কথাই মনে করছেন! পরে আমাদের নিজের দেশের বর্ণনা দিলে বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়।
তবে কেন এই এলাকার নাম বাংলাদেশ, তা সঠিক কেউ বলতে পারলেন না। ওয়েবসাইটে পাওয়া একটি লেখায় জানা গেল এই এলাকার নাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ‘বাংলাদেশ’ হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর জন্যও এমন নামকরণ করা হতে পারে।
উইকিট্রাভেল ওয়েবসাইটে জানা গেল, ইয়েরেভানের বিস্তৃতি বাড়াতে নতুন একটি জনবসতি গড়ে তোলা হয়। মূল শহর থেকে বেশি দূরত্বের কারণে স্থানীয়রা একে বাংলাদেশ নামে ডাকতে থাকেন। আর আজ পর্যন্ত সেই নাম রয়ে গেছে। ইয়েরেভানের সবচেয়ে বড় বাজার এই ‘বাংলাদেশ’ এলাকাতেই অবস্থিত। আর্মেনিয়ায় এই নামকরণ এবং ‘বাংলাদেশ’ নামটি পুরো ইয়েরেভানে পরিচিত হওয়ার বিষয়টি বাংলাদেশি হিসেবে আমাদের জন্য আনন্দের, গর্বের।

উৎসবের ফেসবুক পেজের কভারে মীর লোকমান
উৎসবের ফেসবুক পেজের কভারে মীর লোকমান

উৎসবে আনন্দে
বাংলাদেশ গর্ব নিয়েই শুরু হয় আমাদের উপস্থাপনা। উৎসবটি হয় পর্যটন শহর সাঘকাদজরে। আর্মেনিয়ার এই শহরটি খুব সুন্দর। সমুদ্র সমতল থেকে ১ হাজার ৮৪১ মিটার উঁচুতে অবস্থিত শহরকে বলা হয় পুষ্পের উপত্যকা। দারুণ এই শহরেই হচ্ছে বিশ্বের আটটি দেশের মূকাভিনয়শিল্পীদের নিয়ে উৎসব। বাংলাদেশ, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার বিভিন্ন মূকাভিনয় সংগঠন নিয়ে ২২ জুলাই সন্ধ্যায় শুরু হয় পাঁচ দিনের উৎসব। অনুষ্ঠানে উদ্বোধন করেন আর্মেনিয়ার সংস্কৃতিমন্ত্রী আর্মেন আমিরিয়ান। অনুষ্ঠান শেষে কথা হয় সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে। তিনি বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

একসময় আমার ডাক পড়ল মঞ্চে। শব্দের ছন্দে ছন্দে মূকাভিনয় শুরু হলো। আমার জনপ্রিয় রোবট মানব দিয়ে শুরু হয় একক প্রদর্শনী ‘ওভারকাম’। এরপর একে একে ভালোবাসার গল্প, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনের গল্পনির্ভর—জীবন যেখানে যেমন, বাংলার পল্লিগ্রামের চিরচেনা দড়িটান খেলা এবং সর্বশেষ ‘মাই ড্রিম: আই ক্যান ওয়াক’।
অনুষ্ঠান শেষে হোটেলের ঘরে ফিরেই দেখলাম স্থানীয় পত্রিকার অনলাইন সংস্করণে নিজের ছবি। পরদিন কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা সাক্ষাৎকার নিলেন। প্রকাশ হয়েছে সেগুলো। ২৫ জুলাই সন্ধ্যায় ছিল সমাপনী অনুষ্ঠান। প্রতিটি দলকেই মঞ্চে ডেকে উৎসব স্মারক তুলে দেন উৎসব আয়োজক কমিটির পরিচালক দাদাসিয়ান। সমাপনী পর্বে আকর্ষণীয় ছিল সম্ভবত বাংলাদেশের অংশটুকু। আমরা পাঞ্জাবি আর গামছা ঝুলিয়ে এবং প্রিয় লাল-সবুজ পতাকা হাতে মঞ্চে উঠি। আমরা বাংলাদেশের পক্ষ থেকে আয়োজক কমিটির হাতে একতারা তুলে দিই। এরপর আর্মেনিয়ান ভাষার জনপ্রিয় একটি গানের দুটি লাইন দিয়ে বক্তব্য শুরু করি। এতে দর্শকেরা তুমুল উল্লাসে ফেটে পড়েন। আমরা এসেছি বাংলাদেশ থেকে। আর এখানেও রয়েছে আরেকটি বাংলাদেশ। ভাবতেই ভালো লাগছিল।