আর্সেনিক ঝুঁকিতে সীতাকুণ্ড পানি পরীক্ষা বন্ধ সাত বছর
নলকূপের পানিতে আর্সেনিক আছে কি না তা প্রতি ছয় মাস পর পরীক্ষা করা উচিত। এমনটিই মনে করেন সীতাকুণ্ডের স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু তাহের। অথচ উপজেলায় সাত বছর ধরে এ পরীক্ষার কাজ বন্ধ রেখেছে সরকারি জনস্বাস্থ্য প্রতিষ্ঠান। ২০০৩ সালের এক পরীক্ষায় দেখা যায়, আর্সেনিকের মাত্রা শূন্য দশমিক ২+মি. গ্রাম/লিটার। যা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি। কিন্তু বর্তমানে এর পরিমাণ কত, পরীক্ষার অভাবে তা জানা যাচ্ছে না। বেসরকারি সংগঠন ‘ফোকাস বাংলাদেশ’ সাত বছর আগে সীতাকুণ্ডের একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার আট শতাধিক অগভীর নলকূপের পানি পরীক্ষা করে। এতে প্রায় ৭৮ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়। কোথাও কোথাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সহনশীল মাত্রার চেয়ে পাঁচগুণ বেশি আর্সেনিক পাওয়া যায়। ওই জরিপ প্রতিবেদনে দেখা যায়, উপজেলায় আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজারের ওপরে। আক্রান্ত রোগীরা সামাজিক কারণে বা অন্য রোগ ভেবে গোপনীয়তার সঙ্গে চিকিৎসা করছেন। এ ছাড়া উপজেলার সাড়ে তিন লাখ মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করছেন বলে জরিপে বলা হয়। জরিপের তথ্য বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে এলাকাবাসীর কাছে প্রকাশ হলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অথচ সে সময়ে এ ভয়াবহতা থেকে সীতাকুণ্ডবাসীকে রক্ষায় কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পানীয়জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা শূন্য দশমিক ০১ মিলিগ্রাম/লিটার। বাংলাদেশের ক্ষেত্রে সহনশীল মাত্রা শূন্য দশমিক ০৫ মিলিগ্রাম/লিটার। কিন্তু সাত বছর আগে আর্সেনিক মিউটিগেশন ফোরাম ও বেসরকারি সমাজ উন্নয়ন সংগঠন ইপসা পরিচালিত অপর এক জরিপে দেখা গেছে, সীতাকুণ্ডের বিভিন্ন অঞ্চলের নলকূপে আর্সেনিকের মাত্রা শূন্য দশমিক ২+মিলিগ্রাম/লিটার। যা জনস্বাস্থ্যর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এসব নলকূপের পানি পানের অযোগ্য বলে ঘোষণা দিয়ে নলকূপের গায়ে লাল চিহ্ন দেওয়া হয়। এসব তথ্য প্রকাশ হওয়ার পরও মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকা সত্ত্বেও সীতাকুণ্ড উপজেলাকে আর্সেনিকপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। সীতাকুণ্ড পৌরসভার সোবহানবাগ এলাকায় প্রতিটি নলকূপের গায়ে সতর্কতা চিহ্ন হিসেবে লাল রং দেওয়া হয় সাত বছর আগেই। সমপ্রতি সরেজমিনে দেখা যায়, এখন সে রং উঠে গেছে। এলাকার সব মানুষই নিয়মিত এসব নলকূপের পানি পান করছেন। বাজারের খাবারের দোকানগুলোতে নিয়মিত দেওয়া হচ্ছে আর্সেনিকযুক্ত পানি। স্থানীয় চায়ের দোকানি জসিমের প্রশ্ন, ‘ভালো পানি পাব কোথায়?’উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান মতে, গত দুবছরে সীতাকুণ্ডে ৫৪ জন আর্সেনিকোসিস রোগী শনাক্ত করা হয়েছে। এর অর্ধেকের বেশি সীতাকুণ্ড পৌর এলাকায়। ইপসার আর্সেনিক বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা শাহ সুলতান এ ব্যাপারে জানান, ইপসা এনজিও ফোরামের সহযোগিতায় এখানে সাধারণ মানুষকে আর্সেনিক বিষয়ে সচেতন করার পাশাপাশি কিছু বিকল্প ব্যবস্থা নিয়েছে। তবে এসব বিকল্পব্যবস্থা ব্যয়বহুল হওয়ায় দরিদ্র মানুষের পক্ষে তা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মুরাদপুরে মো. বাদশা মিয়া (৪০) আর্সেনিকোসিস রূপান্তরিত ক্যানসারে ২০০৪ সালে মারা যান। একই কারণে ওই বাড়ির মফিজুর রহমান (৩৯) মারা যান ওই বছর। ওই বাড়িতে আর্সেনিকোসিসের সাত রোগী শনাক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক মাঠকর্মী জানান, বাড়বকুণ্ড এলাকার অনেকের শরীরে আর্সেনিকের সংক্রমণ দেখা যায়। তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে।আর্সেনিকের বিষক্রিয়া সম্পর্কে চিকিৎসক এখলাছ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আর্সেনিকোসিস’ রোগে আক্রান্ত হতে সময় লাগে। তাই এ মুহূর্তে রোগীর সংখ্যা কম হলেও মাঝেমধ্যে কিছু আক্রান্ত মানুষ দেখা যেতে পারে। কুসংস্কার আর লোকলজ্জার ভয়ে অনেকেই তা গোপন রাখেন। ভবিষ্যতে এ চিত্র ভয়াবহ রূপ ধারণ করবে। তাই সীতাকুণ্ডে বিকল্প পানীয়জলের ব্যবস্থা গ্রহণে সরকারের এগিয়ে আসা জরুরি বলে তিনি মনে করেন। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এসএম শাহ আলম জানান, জনবল ও সরঞ্জাম না থাকায় সাত বছর আর্সেনিক পরীক্ষা বা জরিপ চালানো যায়নি। সাত বছর আগে উপজেলার আর্সেনিকের যে চিত্র ছিল, এখন তা কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, সে ব্যাপারে অনুমান করা কঠিন।উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু তাহের প্রথম আলোকে জানান, ইতিমধ্যে পৌরসভার সব ওয়ার্ডে আর্সেনিক রোগী শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এবার পৌরসভায় কতজন আর্সেনিক রোগী আছে তা জানা যাবে।