আল-কায়েদার নজর কেন উপমহাদেশে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল–কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি
আল–কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি

মাঠে মার খেয়ে গেছে আল-কায়েদা। ইসলামিক স্টেটের (আইএস) বিস্ময়কর উত্থানে আক্ষরিক অর্থেই চাপা পড়েছে ওসামা বিন লাদেন প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠনটির নাম। এই খরায় নিজেদের অস্তিত্ব জানান দিতেই ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা শাখা খোলার ঘোষণা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৯/১১-এ যুক্তরাষ্ট্রে ভয়ংকর সন্ত্রাসী হামলা চালানো আল-কায়েদার আর আগের দিন নেই। বিশেষ করে, ২০১১ সালে মার্কিন কমান্ডো অভিযানে ওসামা নিহত হওয়ার পর সংগঠনটি ক্রমেই দুর্বল হয়ে পড়ে। চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় জঙ্গিগোষ্ঠীটির শীর্ষস্থানীয় নেতারা একের পর নিহত হলে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এখন স্পষ্টতই ভঙ্গুর। কোনো কোনো বিশ্লেষকের মতে, ওসামার শূন্যতা পূরণে ব্যর্থ হয়েছেন তাঁর উত্তরসূরি আইমান আল জাওয়াহিরি।
২০১১ সালের ১৬ জুন জাওয়াহিরিকে আল-কায়েদার নতুন নেতা ঘোষণা করা হয়। কিন্তু নেতা হিসেবে তাঁকে ততটা তৎপর দেখা যায়নি। এমনকি ভিডিওতেও তাঁর উপস্থিতি কম। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা সংগঠনটি প্রায় ঝিমিয়ে পড়ে। এরই মধ্যে হঠাৎ করে গত সপ্তাহে আবার আলোচনায় আসে আল-কায়েদা।
ভারতীয় উপমহাদেশে সংগঠনের নতুন শাখা গঠনের ঘোষণা দিয়েছেন জাওয়াহিরি। ৫৫ মিনিটের ভিডিওতে ভারত, বাংলাদেশ, মিয়ানমারসহ গোটা উপমহাদেশে জিহাদের পতাকা তুলে ইসলামি শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি। একই সঙ্গে অঞ্চলটির মুসলমানদের এক করতে সব কাল্পনিক সীমানা মুছে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
উত্তর আফ্রিকা ও ইয়েমেনে আল-কায়েদার শক্তিশালী শাখা আছে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো সোমালিয়া থেকে সিরিয়া এবং পাকিস্তান ও আফগানিস্তানে সক্রিয়। এত দিন ভারতীয় উপমহাদেশে শাখা খোলার ব্যাপারে আল-কায়েদার আগ্রহ লক্ষ করা যায়নি। হুট করে কী এমন হলো যে তারা এখন এই অঞ্চলে সংগঠনের প্রসার ঘটাতে চাইছে!
আল-কায়েদার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ বিশ্লেষক ইরাক ও সিরিয়ায় লড়াইরত সুন্নি জঙ্গিদের সংগঠন আইএসের প্রসঙ্গ এনেছেন। তাঁদের মতে, আইএসের নৃশংস ও অপ্রতিরোধ্য তৎপরতার প্রেক্ষাপটে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণে ভারতীয় উপমহাদেশে শাখা খোলার ঘোষণাটি দিয়ে থাকতে পারেন জাওয়াহিরি। আল-কায়েদার এই ঘোষণাকে জঙ্গিগোষ্ঠী হিসেবে বিশ্বমঞ্চে তাদের টিকে থাকার লড়াই হিসেবে বর্ণনা করেছেন কেউ কেউ।
মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ইভান কোলম্যানের ভাষ্য, জাওয়াহিরি দেখছেন, তাঁর হাত থেকে ক্ষমতা বেরিয়ে যাচ্ছে। তাই টিকে থাকার চেষ্টার অংশ হিসেবে নতুন ঘোষণাটি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের পরিচালক ম্যাথু ওলসেনও প্রায় একই মত পোষণ করেন। তাঁর মতে, বৈশ্বিক সন্ত্রাসবাদে আল-কায়েদার আধিপত্যে হুমকি সৃষ্টি করেছে আইএস।
কোলম্যান ও ওলসেনের বক্তব্যের বাস্তব ভিত্তি আছে। আল-কায়েদা নয়, বরং বিশ্বের নজর এখন আইএসের দিকে।
আল-কায়েদা থেকে বেরিয়ে আজকের আইএসের জন্ম। চলতি বছরের জুন মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে তারা। এরপর ইরাকের সরকারি বাহিনীকে হটিয়ে একের পর শহর-অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলে থাকা অঞ্চল নিয়ে ২৯ জুন ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় সংগঠনটি। কারও কারও মতে, এই দুটি দেশের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে আইএস। তাদের প্রায় ৮০ হাজার প্রশিক্ষিত যোদ্ধা আছে। এর মধ্যে ১২ হাজারেরও বেশি যোদ্ধা পশ্চিমাসহ ৮১টি দেশের নাগরিক। সদস্য সংগ্রহে তারা দক্ষিণ এশিয়ার দিকেও হাত বাড়িয়েছে।
আইএসের যোদ্ধারা হালকা থেকে ভারী—সব ধরনের অস্ত্র চালনায় সক্ষম। তাদের হাতে জঙ্গি হেলিকপ্টার, পরিবহন বিমান ও অত্যাধুনিক সমরাস্ত্র আছে। অর্থবিত্তে তারা বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গিগোষ্ঠী বলে বিবেচিত। নৃশংসতায় তারা সবাইকে ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে অল্প সময়ের ব্যবধানে সাড়া ফেলে দিয়েছে আইএস। তাদের আগ্রাসী তৎপরতায় আড়ালে পড়ে গেছে আল-কায়েদা। এ প্রসঙ্গে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের ঝুঁকি-বিষয়ক বিশেষজ্ঞ ওমর হামিদ বলেন, ‘আইএস এখন বর্তমান। আর আল-কায়েদা অতীত।’
আইএসকে মোকাবিলার মহাশক্তিধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কপালে ভাঁজ পড়ে গেছে। জঙ্গিগোষ্ঠীটিকে দমন করতে ওয়াশিংটন ও তার মিত্রদের নতুন করে ভাবতে হচ্ছে। এই ডামাডোলে আলোচনা থেকে ছিটকে পড়েছে আল-কায়েদা। এটা তাদের জন্য একটা বড় ধাক্কা।
আলোচনায় আসার কৌশল হিসেবে জাওয়াহিরি উপমহাদেশে সংগঠনের শাখা খোলার ঘোষণা দিয়েছেন বলে মনে করেন মার্কিন সন্ত্রাসবাদবিরোধী বিশ্লেষক ও দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার বিস্তার বিষয়ে অভিজ্ঞ পিটার বার্গেন। তিনি বলেন, জাওয়াহিরি চান, বিশ্বজুড়ে মানুষ আল-কায়েদাকে নিয়ে আলোচনা করুক।
নতুন পরিস্থিতিতে জিহাদিদের কাছে গুরুত্ব হারাতেও বসেছে আল-কায়েদা। ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে আইএস। এই প্রবণতার ব্যাখ্যায় নিরাপত্তা বিশ্লেষক ইভান কোলম্যান বলেন, সবাই আইএসে যোগ দিতে চায়। কারণ, তারাই এখন দাপিয়ে বেড়াচ্ছে।
আল-কায়েদার উর্বরভূমি বলে খ্যাত আফগানিস্তান ও পাকিস্তানেও আইএসের ঢেউয়ের ঝাপটা লেগেছে। চলছে দাওয়াতি-কার্যক্রম। একসময় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের কোনো কোনো অংশ আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। এমনকি ভারত থেকেও আইএসে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে। প্রতিযোগীর এমন সাফল্যে দারুণ চাপে পড়েছে জাওয়াহিরির নেতৃত্বাধীন সংগঠনটি।
সন্ত্রাসবাদের খেলায় ফিরে আসার ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করছে পিছিয়ে পড়া আল-কায়েদা। এ জন্য দরকার একটা অপেক্ষাকৃত অনুকূল মাঠ। ভারতীয় উপমহাদেশে বিপুলসংখ্যক মুসলমানের বাস। জিহাদের কথা বলে এ অঞ্চলে হালে পানি পাওয়ার খোয়াব দেখে থাকতে পারেন আল-কায়েদাপ্রধান। তবে কাজটা অতটা সহজ হবে না বলেই মনে করছে স্থানীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো।