আল-কায়েদার বিদেশি যোদ্ধারা
সম্প্রতি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে মার্কিন মানববিহীন বিমান হামলায় চার জার্মান নাগরিক নিহত হন। সংঘাতের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, এমন অনেক দেশের মানুষ যে আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হয়ে লড়ছে তা নতুন খবর নয়। কিন্তু আফগানিস্তানে তালেবানের পতন বা গুয়ানতানামো বে বন্দিশিবিরের নানা চমক ও বিতর্কের জোয়ার স্থিমিত হয়ে আসার এত দিন পর পাকিস্তানি সীমান্তে জার্মানির মতো দেশের চার-চারজন নাগরিকের নিহত হওয়ার ঘটনা নজর কেড়েছে সবার। ক্রমশ এটা স্পষ্ট হয়ে ওঠে যে নিহত চার জার্মানের সঙ্গে আল-কায়েদার উচ্চ পর্যায়ের যোগাযোগ ছিল। মির আলি শহর উত্তর ওয়াজিরিস্তানের সীমান্তের ঠিক ভেতরেই। এ অঞ্চলে যেতে বা আসতে ভ্রমণকারীদের জন্য বরাবরই এটি প্রথম যাত্রাবিরতির স্থান। পাকিস্তানের মূল ভূখণ্ডের বান্নু শহর থেকে গাড়িতে এটি মাত্র ৪০ মিনিটের পথ। মির আলি শহরের বাসিন্দা আফজাল ড্রোন হামলায় হতাহতের ঘটনার পর বিবিসিকে বলেন, ওই চার জার্মান বছর খানেক আগে অঞ্চলটিতে আসেন। আফজাল পাশাপাশি এটাও বলেন, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এ অঞ্চলে তাঁরাই প্রথম বা একমাত্র ইউরোপীয় নন। ২০০৮ সালের নভেম্বরে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় রশিদ রউফ নামের এক ব্রিটিশ জঙ্গি প্রাণ হারান। এই রউফের বিরুদ্ধে ব্রিটেনে বোমা হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ ছিল। ওই বছর থেকেই ক্রমশ স্পষ্ট হতে থাকে, পাকিস্তানের এ অঞ্চলে ইউরোপীয় ও উত্তর আমেরিকানদের যাতায়াত বাড়ছে।উত্তর-পশ্চিম পাকিস্তানের আফগানিস্তানের সীমান্তসংলগ্ন পাহাড়ী অঞ্চল ওয়াজিরিস্তান। ১১ হাজার ৫৮৫ বর্গকিলোমিটার জায়গা নিয়ে অঞ্চলটি গঠিত। পাকিস্তানের ফেডারালি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়াস (ফাতা) শাসনব্যবস্থার অন্তর্ভুক্ত ওয়াজিরিস্তান। এখানে বলা দরকার, ফাতা অন্তর্ভুক্ত প্রদেশগুলোতে কেন্দ্রীয় সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওয়াজিরিস্তানের শাসন কর্তৃত্বও মূলত এখানকার পাহাড়ি নেতৃত্বের হাতেই। অঞ্চলটি আবার দু’ভাগে বিভক্ত: উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান।এদিকে পাড়ি দেওয়া ইউরোপীয়দের মধ্যে রয়েছে নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ইত্যাদি দেশের মানুষ। বাড়ছে তুর্কিদের আনাগোনাও। বান্নু ও মির আলির মধ্যবর্তী সড়কে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন তুর্কি।ওয়াজিরিস্তানে এখন ঠিক কত জন বিদেশি জঙ্গি আছেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারেন না। কোনো সাংবাদিক বলছেন, তাঁরা সংখ্যায় বেশ কয়েক ডজন। আবার কেউ বলছেন, অত না। বড় জোর ১৫ জনের মতো হবে। পাকিস্তানের পুরস্কার পাওয়া সাংবাদিক সামি ইউসুফজায়ীও মনে করেন, এ সংখ্যা এ মুহূর্তে ১৫ জনের বেশি না। এ এলাকায় ব্যাপক ঘোরাফেরা রয়েছে সামির। স্থানীয় উপজাতীয়দের ভাষ্যমতে, ওয়াজিরিস্তানের আল-কায়েদা জঙ্গিরা সেখানকার ওয়ানা, মিরানশাহ ও মির আলি শহর থেকে ক্রমশ ভেতরের দিকে সরে যাচ্ছেন। তাঁরা এখন আফগান সীমান্তসংলগ্ন প্রত্যন্ত এলাকাগুলোর দিকে ঝুঁকছে। ওই সব এলাকায় তাঁদের প্রশিক্ষণ শিবির গড়ে তুলছে আল-কায়েদা। বিবিসির কাছে দেওয়া তালেবান জঙ্গিদের ভাষ্যমতে, এ শিবিরগুলোয় হালকা অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের প্রাথমিক ও মাঝারি পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়।নিহত জার্মানদের সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা আল-কায়েদার বিদেশি কর্মী হিসেবেই সেখানে অবস্থান করেছিলেন। একটি সূত্র জানিয়েছে, তাঁদের পাকিস্তানের শীর্ষ তালেবান নেতা হাকিমুল্লাহ মাসুদের সঙ্গেও দেখা গেছে। ধারণা করা হয়, এই হাকিমুল্লাহর সংগঠন তেহরিক-ই-তালেবান থেকেই প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা পেয়েছিলেন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টা করা ফয়সাল শাহজাদ। এসব তথ্য থেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে গোয়েন্দারা ধারণা করছেন, ওয়াজিরিস্তানে নিহত জার্মানরাও ইউরোপে বড় ধরনের কোনো হামলার পরিকল্পনার অংশ হিসেবে সেখানে অবস্থান করছিলেন। এ উদ্দেশ্যেই হয়তো প্রশিক্ষণ চলছিল তাঁদের। স্থানীয় সাংবাদিকেরা জানাচ্ছেন, তালেবান ও আল-কায়েদার মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব ক্রমশ বাড়ছে বলেই মনে হচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের অন্য জিহাদিদের সঙ্গেও তাঁদের যোগসাজশ বাড়ছে। তার মানে দাঁড়াচ্ছে, এই মুহূর্তে তৎপরতার দিক দিয়ে আল-কায়েদাকে কিছুটা স্তিমিত মনে হলেও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে জঙ্গি সংগঠনটির।মার্কিন বাহিনীর কাছে ওয়াজিরিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক একটি জায়গা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আটক সন্দেহভাজন জঙ্গি ফয়সাল শাহজাদের কাছ থেকে পাওয়া তথ্যে তাদের এই ধারণাকে আরও বদ্ধমূল করেছে। মনে করা হয়, ওয়াজিরিস্তান হলো পাকিস্তানে তালেবান ও আল-কায়দার প্রধান ঘাঁটি। অনেকে এটাও ধারণা করেন, ওসামা বিন লাদেনের মতো আল-কায়দার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাহাড়ঘেরা দুর্গম এ অঞ্চলেই আত্মগোপন করে আছেন। নয়-এগারোর এর পরবর্তী সময়ে আফগানিস্তানের পরই মুসলিম জঙ্গিদের ঘাঁটি হিসেবে ওয়াজিরিস্তানকে চিহ্নিত করে মার্কিন বাহিনী। এখানে আত্মঘাতী বোমা হামলাকারীদের বেশ কয়েকটি প্রশিক্ষণ শিবিরও রয়েছে।বিশ্লেষকদের মতে, আল-কায়দার বিরুদ্ধে মার্কিন লড়াইয়ে জিততে হলে ওয়াজিরিস্তানকে জঙ্গিমুক্ত করাটা জরুরি। কিন্ত পাশাপাশি বিশ্লেষকেরা দুর্গম অঞ্চলটির অতীত ও এখানকার যুদ্ধবাজ পাহাড়ি স্বাধীনচেতা অধিবাসীদের বৈশিষ্ট্য বিবেচনা করে এই সতর্কবাণীও উচ্চারণ করেছেন, কাজটি মোটেই সহজ হবে না। সূত্র: বিবিসি