আল-কায়েদার ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা বিশেষজ্ঞরা বলে থাকেন, আল-কায়েদা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী সংগঠন। সেই আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ায় সংগঠনটি কি শেষ পর্যন্ত ভেঙে পড়তে পারে? এ নিয়ে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। তবে বিশ্লেষকেরা বলছেন, লাদেনের মৃত্যুতে নিঃশেষ হয়ে যাবে না আল-কায়েদা। এ বক্তব্যের পেছনে যুক্তিও তুলে ধরেছেন তাঁরা।লন্ডনের সিটি ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিভাগের অধ্যাপক রোজমেরি হলিস এঁদেরই একজন। তিনি বলেন, ওসামা বিন লাদেনের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর প্রতিষ্ঠিত আল-কায়েদা নিঃশেষ হয়ে যাবে না। কারণ এই সংগঠন ইতিমধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আল-কায়েদার স্থানীয় শাখাগুলো এখন নিজেদের এলাকার ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে।রোজমেরি হলিস বলেন, ২০০১ সালে নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলার সময় আল-কায়েদা যেভাবে কাজ করত, তারা এখন সেভাবে কাজ করে না। তিনি বলেন, সংগঠনটি অনেকটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজের মতো বিস্তার লাভ করেছে। অর্থাৎ আল-কায়েদার মতাদর্শ বিশেষ করে, নেতা ওসামা বিন লাদেনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ বিশ্বের অনেক উগ্রবাদী গোষ্ঠী (যাদের নিজস্ব স্থানীয় এজেন্ডাও রয়েছে) আল-কায়েদা নামে কাজ করছে। যেমন আরব উপদ্বীপ বা আফ্রিকায় তৎপর গোষ্ঠীগুলো।তবে মার্কিন হামলায় ওসামার নিহত হওয়ার ঘটনার যে তাৎপর্য অনেক, তা নিয়ে বিশ্লেষকদের মনে কোনো সন্দেহ নেই। অধ্যাপক রোজমেরি হলিস বলেন, ওসামা বিন লাদেনের অনেক অনুসারী তাঁকে ইমাম বা নেতা বলে গণ্য করেন। তাঁরা এ হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেই পারেন। অনেকের কাছে লাদেন ছিলেন প্রতিরোধের প্রতীক, যিনি দুই দশক ধরে মহাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করেছেন। যুক্তরাষ্ট্র মানুষটিকে হত্যা করলেও ওই প্রতীকটি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।অন্য বিশ্লেষকেরাও মনে করেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করেছিল, ওসামা বিন লাদেনের হত্যার মধ্য দিয়েই তা শেষ হচ্ছে না। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে মাত্র। কারণ, একটি ধারণা সৃষ্টি হয়েছিল যে পরাশক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাঁদের ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী ওসামার সন্ধানে নেমে বছরের পর বছরেও কিছু করতে পারছে না। এখন দেশটি প্রমাণ করল, তাদের ওপর হামলা চালিয়ে পার পাওয়া যাবে না। দেরিতে হলেও তারা জবাব দিতে পেরেছে।পর্যবেক্ষকেরা বলেন, আল-কায়েদার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনার সময় এটা মনে রাখতে হবে যে আল-কায়েদা নামে বা তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন গোষ্ঠী বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব তৎপরতা চালাচ্ছে, তাতে সাম্প্রতিক সময়ে ওসামা বিন লাদেনের কোনো ভূমিকা নেই। বিশেষ করে, ওসামার পলাতক অবস্থায় বাস করার স্থানে কোনো ইন্টারনেট এমনকি টেলিফোনের সংযোগ না থাকার উল্লেখ করে তাঁরা বলেন, এটি প্রমাণ করে যে বিশ্বজুড়ে তৎপরতা চালানোর জন্য কোনো সদর দপ্তর তাঁর ছিল না।এদিকে ওসামা বিন লাদেনকে আটক কিংবা হত্যার এ সর্বশেষ অভিযানের সঙ্গে রাজনীতি জড়িত ছিল কি না, এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে সিটি ইউনিভার্সিটির রোজমেরি হলিস বলেন, তাঁর মনে হয় না, কোনো রাজনৈতিক কারণে এ সময় এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, সময়টি বেছে নেওয়ার কারণ হলো সফল হওয়ার এটাই উপযুক্ত সময়। যেহেতু তারা মনে করেছে, এখন হামলা চালিয়ে সফল হওয়া যাবে, সে কারণেই তারা এটি করেছে।এ ঘটনার পরপর জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা বেড়ে গেছে। এরই মধ্যে অনেকে বলাবলি করছেন যে ওবামার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনেকখানি নিশ্চিত হয়ে গেছে। ডেমোক্র্যাট দল তথা ওবামা প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নমনীয় বলে মার্কিন সমাজের একাংশের অভিযোগ। এতে কোনো সন্দেহ নেই যে ওবামা প্রশাসন ওসামাকে ঘায়েল করার সফলতাকে তাদের বিরুদ্ধে প্রচারণার জবাব দিতে কাজে লাগাবে। তার পরও বিশ্লেষকেরা বলেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে এই অভিযান চালানো হয়েছে বলে তাঁদের কাছে মনে হয় না। তবে ওবামা প্রশাসন মনে করে, ওসামার মৃত্যুর ঘটনায় সাধারণভাবে মার্কিনরা খুবই সন্তুষ্ট। নিউইয়র্কে টুইন টাওয়ারের স্থানে জনতার উল্লাস তাদের ধারণার অন্যতম ভিত্তি। অত বেশি উচ্চকণ্ঠ বা প্রকাশ্য না হলেও অবশ্য অনেক মার্কিন এভাবে বিনা বিচারে ওসামাকে হত্যা এবং তা নিয়ে মানুষের উল্লাসের নিন্দাও করেছেন।বিশ্লেষকেরা মনে করছেন, আল-কায়েদা সংগঠন এখনো বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। ওসামার হত্যার খবরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে স্বস্তি নেমে এলেও তাঁর শত শত অনুসারী নিশ্চিতভাবেই শোকাচ্ছন্ন। অনুসারীদের কেউ কেউ ওসামার হত্যার প্রতিশোধ নিতে চাইবেন, এতে কোনো সন্দেহ নেই। এমনকি এ জন্য তাঁদের অনেকে নিজের জীবন দিতে দ্বিধা করবেন না বলে মনে করা হচ্ছে। এ কারণে বিভিন্ন জায়গায় হামলার আশঙ্কা করা হচ্ছে।বর্তমানে আল-কায়েদার জন্য হামলার আয়োজন সহজও। তাদের এখনকার নীতি হচ্ছে এক বোমা, এক মানুষ। কারণ নিজেদের বিষয়ে জানান দেওয়ার জন্য আরেকটি নাইন-ইলেভেন সৃষ্টির দরকার নেই আল-কায়েদার। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলা-চেষ্টার দুটি উদাহরণ হচ্ছে নিউইয়র্কের টাইমস স্কয়ারের একটি গাড়ি ও নগরের পাতাল রেলে বোমা পেতে রাখার ঘটনা। এ দুটি ঘটনা প্রমাণ করে, আল-কায়েদা এখনো বহাল তবিয়তে টিকে আছে ও সক্রিয়।লাদেনের প্রতি সহানুভূতি থেকে কিছু হলেও নতুন লোক আল-কায়েদায় নাম লেখাতে পারে। এ ধরনের প্রতিশোধমূলক অভিযানে শামিল হতে পারে তারা। এরা পাকিস্তান অথবা আফগানিস্তানে গিয়ে আল-কায়েদার গুরুত্বপূর্ণ মিত্রগোষ্ঠী পাকিস্তানি তালেবান কিংবা জালালুদ্দিন হাক্কানির দলের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারে। পাশ্চাত্যসহ বহু দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা বর্তমানে আল-কায়েদাকে নানাভাবে সহায়তা করছে। গোষ্ঠীটি প্রায়ই ছোট-বড় হামলা চালায়। নিউইয়র্কে টুইন টাওয়ার হামলার পর লস্কর-ই-তাইয়েবা অনেক জ্যেষ্ঠ আল-কায়েদা নেতাকে লুকিয়ে থাকতে সহায়তা করেছে। সম্ভবত ওসামা বিন লাদেনকেও এতদিন লুকিয়ে থাকতে সহায়তা করেছে এই গোষ্ঠীটি। নাইন-ইলেভেন হামলার আগে হামবুর্গ ছাড়া ইউরোপের অন্য কোথাও আল-কায়েদার কোনো সাংগঠনিক অস্তিত্ব ছিল না বলেই জানা যায়। কিন্তু এখন ইউরোপের প্রত্যেকটি দেশেই আল-কায়েদার সেল রয়েছে। বিভিন্ন ইউরোপীয় দেশের পাসপোর্টধারী শত শত ব্যক্তি প্রশিক্ষণের জন্য পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত এলাকায় যাচ্ছে। কিছুদিন আগেই জনসমাগমস্থলে বোমা পাতার পরিকল্পনার অভিযোগে জার্মানিতে মরক্কোর তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর জার্মান কর্তৃপক্ষ স্বীকার করে ২০০-রও বেশি জার্মান নাগরিক পাকিস্তানে সন্ত্রাসবাদী কাজের প্রশিক্ষণ নিয়েছে। যুক্তরাজ্য, স্ক্যান্ডিনেভীয় দেশগুলো, ফ্রান্স, স্পেন ও ইতালির অনেক নাগরিকও পাকিস্তানের ওই দুর্গম আদিবাসী অধ্যুষিত এলাকায় জঙ্গিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে বলে জানা যায়।লাদেন হত্যার প্রতিশোধ নিতে তাঁর অনুসারীরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কিছু পশ্চিমা দেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। হামলা হতে পারে বিশ্বের অন্যান্য স্থানের পশ্চিমা স্থাপনায়ও। এ ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে আরও সমন্বিত হামলার আশঙ্কা করা হচ্ছে। আল-কায়েদা ও এর সহযোগী গোষ্ঠীগুলো প্রতিশোধ নিতে পাকিস্তানে বোমা হামলা চালাতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের বিভক্তি সৃষ্টির জন্য তারা ভারতের মাটিতে আবারও মুম্বাই স্টাইলের হামলা চালাতে পারে। এ ধরনের হামলার জন্য জঙ্গিরা বর্তমান সময়কে বেছে নিতেই পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।ওসামা বিন লাদেনের শেষ আশ্রয়স্থল চিহ্নিত হওয়ায় সেখান থেকে অনেক তথ্য মিলতে পারে, যা গোয়েন্দাদের অনেক যোগসূত্র দেবে। এসব যোগসূত্রের মাধ্যমে হয়তো অন্য অনেক জঙ্গি নেতাকে পাকড়াও করা সম্ভব হবে। তবে এত কিছুর পরও যে আল-কায়েদার শেষদিন ঘনিয়ে আসেনি, তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। বিবিসি অবলম্বনে।