আলকরণে মসজিদের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা
চট্টগ্রাম নগরের শতবর্ষী আলকরণ জামে মসজিদের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই প্রক্রিয়া বন্ধ করতে তাঁরা বিভিন্ন সময় মিছিল-সমাবেশ করেছেন।
নগরের বিপণিবিতানের দক্ষিণ পাশে অবস্থিত আলকরণ জামে মসজিদ। প্রায় ২০০ বছর আগে এই মসজিদ নির্মাণ করা হয়। আমির আলী ও জমির সওদাগর ওয়াক্ফ এস্টেটের এই মসজিদে এলাকাবাসী ছাড়াও নগরে আসা লোকজন নামাজ আদায় করেন।
স্থানীয় লোকজন জানান, মসজিদে নামাজের স্থান সংকুলান না হওয়ায় পুনর্নির্মাণের জন্য ২০০৮ সালে মসজিদটি ভেঙে ফেলা হয়। মুসল্লি ও এলাকাবাসীর চাহিদা পূরণের জন্য এই উদ্যোগ নেন মসজিদের দায়িত্বপ্রাপ্ত মোতোয়াল্লি আবদুল গণি। এ জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে নকশা অনুমোদন নেওয়া হয়।
নকশা অনুযায়ী, নকশার ‘এ’ অংশে ৭৮টি ফুট দৈর্ঘ্য ও ৩৮ ফুট প্রস্থবিশিষ্ট একটি ছয়তলা মসজিদ নির্মাণ এবং ‘সি’ অংশে নয়তলা–বিশিষ্টি একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করার কথা রয়েছে।
আলকরণ জামে মসজিদ মুসল্লি পরিষদের অভিযোগ, ওয়াক্ফ প্রশাসনের কোনো অনুমতি না নিয়ে এই নকশা অনুমোদন নেওয়া হয়েছে। এই জায়গায় ভবন নির্মাণের জন্য ওয়াক্ফ এস্টেটের স্বার্থ ত্যাগ করে ক্রেমলিন ডেভেলপার নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। মসজিদের নির্মাণকাজ এক বছরের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও এখনো তা হয়নি। উল্টো মোতায়াল্লি ও ডেভেলপার প্রতিষ্ঠান মিলে মসজিদের আকার পরিবর্তন করে এর জায়গা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বরাদ্দ দিচ্ছে। এ জন্য নির্মাণাধীন ভবনে দোকান না কেনার আহ্বান জানিয়ে ভবনের সামনে ব্যানার টাঙিয়েছে মুসল্লি পরিষদ।
আলকরণ জামে মসজিদ মুসল্লি পরিষদের সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান বলেন, দীর্ঘ চার বছর ধরে মসজিদটি জরাজীর্ণ অবস্থায় ফেলা রাখা হয়েছে। স্থানীয় মানুষের দাবি তোয়াক্কা না করে ও সিডিএর নির্দেশ অমান্য করে অবৈধভাবে মসজিদের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ করছে। তারা মসজিদের জায়গায় বাণিজ্যিক ভবন করার পাঁয়তারা করছে।
যোগাযোগ করা হলে আবদুল গণি বলেন, দীর্ঘদিন ধরে মসজিদটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন করে নির্মাণকাজ শুরু করা হয়। ওই জায়গায় একটি কমপ্লেক্স নির্মাণ করা হবে। সেখানে মসজিদ ও বাণিজ্যিক ভবন থাকবে। সিডিএর অনুমোদন নিয়ে এই কাজ করা হচ্ছে। কিন্তু একটি মহল এর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
আবদুল গণি আরও বলেন, আলকরণ সমাজ কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ সর্দারসহ এলাকাবাসীর সঙ্গে ৬ সেপ্টেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
এ প্রসঙ্গে সিডিএর অথরাইজড অফিসার-২ মোহাম্মদ শামীম বলেন, ‘ওই জায়গায় ভবন নির্মাণ নিয়ে ইতিমধ্যে শুনানি হয়েছে। জায়গাটি নিয়ে দুটি মামলা আছে। ভবন নির্মাণকারী ও এলাকাবাসীর মধ্যে সমাঝোতা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।’
তিনি জানান, ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।