আলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের প্রাণচঞ্চল ষোড়শী মেয়ে। নাম তার... নামটা না হয় পরেই বলি। তার বাবা-মার প্রথম জীবনের দিনগুলো জানতে ভীষণ আগ্রহী। আমি আমার নিজের কথা স্মরণ করি। মাকেও প্রায় জ্বালাতন করতাম এসব নিয়ে। সময় পেলেই আবদার করতাম, বলেন না সেই দিনগুলোর কথা। ভুলে গেছি তো... যা মনে পড়ে তা-ই বলেন... হ্যাঁ রে, আলতার রঙের কথা ভুলতে পারি না, এমন আলতার রং আর কখনো দেখিনি। বিয়ের দুই দিন পর বাবা আলতা কিনে দিয়েছিল মাকে। এই তো, গেল বছর... আম্মা মারা যাওয়ার দিন কয়েক আগেও, আম্মা নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ‘আলতার রং মনে হয় এখনো লেগে আছে।’ আম্মার কথা মনে করে আমার হূদয় ছিঁড়ে আলতার রং যেন সবখানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে...আমার মেয়েটা, বলো না মা...। আমি বাস্তবে ফিরে আসি, তোমার বাবা আমাকে প্রথম দিয়েছিল, দৃষ্টি ধূসর হয়ে আসে... মনে পড়ে যায় আমার সেই দিনগুলো। ও যখন নিজ থেকে কিছু দিচ্ছে না, অপেক্ষার পালা শেষ করে একদিন নিজেই মুখ ফুটে বলে ফেললাম, আমি কিছু একটা চাই তোমার কাছে। কিন্তু কী চাই ওর প্রশ্ন আমার কাছে। আমি বোঝাতে পারি না। আমার মা যেমন আমার কাছে গল্প করত আর আমি তন্ময় হয়ে শুনতাম, আমার মেয়েকেও ঠিক এভাবে আমি শোনাব। জানো, তোমার বাবা আমাকে বিয়ের পর লাল টুকটুকে একটা গোলাপ... পৃথিবীতে এই সুন্দর গোলাপ আমি আর দেখিইনি। মেয়ের কাছে মিথ্যে বলব, না না গোলাপ না তো, খুব সুন্দর একটা মালা... না, মালাও না। শাড়ি, চুড়ি এটা-ওটা আরও কত কী ভাবি আমি। আমি ভাবি আর শিহরিত হই, আমার স্বামী আমাকে কী দেবে আর সেটা বলব আমার মেয়েকে... আমি আবার বলি ওকে, আমাকে কিছু দিবা না? আমার নাকি প্রয়োজনীয় সবকিছুই আছে, তাই আর কিছু দিতে আগ্রহী নয় ও। অনেকবার বলা কওয়ার পরে আমি তখন একদম চুপ, মনে মনে বলি, থাক, চেয়ে নিয়ে কী লাভ, ও নিজ থেকে আমাকে যা দেবে সেটাই হবে পাওনা। একদিন হঠাৎ করে জিইসি, সেন্ট্রাল প্লাজায় নিয়ে গিয়ে বলে তোমার তো মনে হয় জুতা দরকার, এটা বলে আমাকে এক জোড়া জুতা কিনে দিয়েছিল সেদিন ও!!! মাত্র মাস তিনেকের বিবাহিত জীবন আমাদের। আমার এই পচা জামাইটার জন্য দোয়া করবেন, ও যেন আমাকে আরও অনেক বেশি বুঝতে পারে। আর আমাদের মেয়ের নামও ঠিক করিনি এখনো, আগে পৃথিবীতে আসার অস্তিত্ব জানান দিক তারপর না হয় নাম ঠিক করব...।শারমিন রহমান, ‘জে’ ব্লকহালিশহর, চট্টগ্রাম।