আলতাফ হোসেন গোরকঘাটা স্পিডবোটে চড়াই স্বপ্ন
গোরকঘাটা ডাকঘরের রানার আলতাফ হোসেন প্রতিদিন সকালে মহেশখালী থেকে কক্সবাজারে ডাক নিয়ে যান। ডাক নিয়ে ফেরেন সন্ধ্যায়। আলতাফের কথা, ‘কক্সবাজার পর্যটনশহর। দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। প্রথম প্রথম কক্সবাজার যেতে আমারও দারুণ লাগত। এখনো লাগে। তবে আরও ভালো লাগত যদি সবার মতো স্পিডবোটে চড়ে যেতে পারতাম। আমি তো যাই মাছধরার ট্রলারে চড়ে। এতে দুর্ভোগ যেমন আছে তেমনি আছে জীবনের ঝুঁকিও।’ আলতাফ হোসেনের বাড়ি চকরিয়ার হারবাং ইউনিয়নের আলিপুর গ্রামে। এসএসসি পাস করে ১৯৮৯ সালে রানার পদে যোগ দেন। চার মাস আগে তিনি গোরকঘাটায় বদলি হয়ে আসেন। আলতাফ বলেন, গত বর্ষায় পাহাড়ি ঢলে মাটির ঘরটিও ভেঙে যায়। তাঁর এক ছেলে পাঁচ মেয়ে। বড় মেয়ে জাহানারা বেগম হারবাং উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। বললেন, ‘পরিশ্রম বেশি হলেও সে অনুপাতে বেতন-ভাতা পাচ্ছি না। সরকার দিনবদলের কথা বলছে। আমিও আশায় আছি আমার দিনটা বদলের।’মহেশখালী প্রতিনিধি