
নিজের মনের মাধুরী মিশিয়ে মাটির দেয়াল আঁকতেন তিনি। সেখানে জায়গা করে নিত জীবনের পাওয়া না-পাওয়ার নানা রং। কিন্তু তিনি কেন, কেউ কখনো ভেবেছিল একজন আদিবাসী নারীর আলপনা তাঁকে নিয়ে যাবে এগিয়ে। পাবেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের পুরস্কার। তাই তো পুরস্কার পাওয়ার পর অনুভূতিটা একটু অন্য রকমই গৃহবধূ শংকরী কোল টুডুর।
‘মাটির ঘর-দুয়ারে আলপনা আঁইক্যা পুরস্কার পাওয়া যায়, এটা হামরা স্বপ্নেও ভাবিনি। তাও আবার ঢাকাতে যায়্যা। হামার চৌদ্দপুরুষের কেহুই ঢাকা দ্যাখেনি। এ পুরস্কার লিতে যায়্যাই ঢাকা দেখা হোইলো। তারপর এত টাকা (৫০ হাজার) জীবনেও ল্যাড়া দেখিনি। এ প্রথমই দেখনু। এই জীবনে এত আনন্দও পাইনি কখুনো।’ বাংলাদেশ কারুশিল্প পরিষদ কর্তৃক ‘গ্রামীণ গৃহ-নকশা’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান শংকরী টুডু।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কোল আদিবাসীদের গ্রাম বাবুডাইংর গৃহবধূ শংকরী কোল টুডু। স্বামী মিরন হাসদা, একমাত্র মেয়ে অনুরাধা হাসদা আর শ্বশুর-শাশুড়ি নিয়ে সংসার তাঁর। মাটির দেয়ালের ওপর টিনের ছাউনির দুটি ঘর ও একটি ছনের রান্নাঘর। ঘরের মাটির দেয়ালগুলো ঝকঝকে তকতকে করে লেপাপোছা। তার ওপর শংকরী টুডুর আঁকা আলপনা।
শংকরী টুডু জানান, আদিবাসীদের ঐতিহ্য হচ্ছে পূজা-পার্বণ উপলক্ষে ঘর-দুয়ার লেপে পরিষ্কার করে তার ওপর আলপনা আঁকা। আদিবাসী মেয়েরা দাদি-নানি ও মা-মাসিদের আঁকা আলপনা দেখে দেখে ছোটবেলা থেকেই এগুলো শিখে নেয়। তিনিও এভাবেই আলপনা আঁকতে শিখেছেন।
কারুশিল্পে জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার এবং শিল্পীদের সৃজনশীলতায় নতুন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রতিবছর কারুশিল্প মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। কারুশিল্প তথা কারুপণ্যকে বাঁচিয়ে রাখা, সবার সামনে তুলে ধরা এবং এর বাজারজাতকরণে সহায়তা দিতে চার ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে বলে জানান কারুশিল্প পরিষদের কর্মকর্তা তৌশিক আহমেদ। তিনি জানান, প্রথমবারের মতো এবারই প্রথম আদিবাসীদের ‘গৃহ অলংকরণ শিল্প’ পুরস্কারের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবছর কারুশিল্প মেলার আয়োজন করে এ পুরস্কার দেওয়া হয়।
তিনি জানান, ২০১২ সালের ১৮ অক্টোবর প্রথম আলোয় ‘গাঁয়ের বধূর আলপনায় রাঙা মাটির দেয়াল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি কারুশিল্প পরিষদের নজরে আসে।
শংকরী টুডুর গ্রাম বাবুডাইংয়ে গিয়ে দেখা গেল, তাঁর সাফল্যে সবাই খুশি।
শংকরীর ইচ্ছা পুরস্কারের টাকা দিয়ে গরু-বাছুর কিনবেন। তা দিয়ে পরিবারের আয় বাড়বে। বাড়তি আয়ের টাকা সন্তানের লেখাপড়ায় ব্যয় করবেন। সন্তানকে শিক্ষিত করে তুলবেন। এ ছাড়া তাঁর নিজের বাড়ি ও গ্রামে আলপনা আঁকার ঐতিহ্য যেন টিকে থাকে, সে চেষ্টা করে যাবেন।