আলপনার টিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-সাদার নকশায় মোড়া শাড়ি। হাতে কাচের চুড়ি। গলায় মাটির মালা আর কানে ঝুলছে দুল। আর কোনো অনুষঙ্গ বাদ গেল কি? তাই তো! কপালে টিপ না পরলে যে বাঙালি সাজটা সম্পূর্ণ হয় না। প্রতিবার তো পয়লা বৈশাখে এমন সাজেই দেখা যায় বাঙালি নারীদের। এই টিপটায় যদি বৈচিত্র্য আনা যায়, তবে তা হবে আরও আকর্ষণীয়।
বৈশাখকে তুলে ধরতে পারেন টিপে। বাঙালির বৈশাখ সব সময়ই লোকজ ঐতিহ্য তুলে ধরে। এই লোকজ নকশাই তুলে ধরা যেতে পারে টিপে। এবারের বৈশাখে টিপের এমন চল বৈচিত্র্য আনবে বলে জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, ‘যেকোনো পোশাকে লোকজ নকশার টিপ বেশ মানাবে। চোখে কাজল আর ঠোঁটে ন্যুড লিপস্টিকের সঙ্গে ভালো লাগবে কপালে ওই লোকজ নকশার টিপ।’

.
.

বৈশাখে নিজেকে সবার থেকে আলাদা আর আকর্ষণীয় করে তুলতে এমন পরামর্শ দিলেন আফরোজা পারভীন। তিনি বললেন, ‘যাঁরা একটু আঁকাজোকা জানেন, তাঁরা নিজের মনের মতো করে ঘরে বসেই সাজিয়ে নিতে পারেন বৈশাখী টিপ। তবে কপালে সরাসরি না এঁকে টিপের ওপর নকশা করলেই বেশি ভালো হয়। নয়তো অনেকের ত্বকে ক্ষতি হতে পারে। নকশা করার জন্য শুধু লাগবে টিপ, রং আর তুলি।’
ঐতিহ্য বজায় রেখে বেছে নিতে পারেন লাল কিংবা সাদা টিপ। আকারে বড় টিপ হলে ভালো হয়। তবে কয়েকটা ছোট টিপ একসঙ্গে জুড়ে বিভিন্ন আকার দেওয়া যায়। রংটা ফেব্রিক হলে ভালো হয়। সাদা টিপে লাল আর লাল টিপে সাদা রঙের নকশা মানাবে বেশ। টিপের নকশা যেহেতু খুব সূক্ষ্ম হবে, তাই ব্যবহার করতে হবে সবচেয়ে চিকন তুলি। রঙের সঙ্গে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। টিপে ভারী রং ব্যবহার করা চাই, যেন তা ফুটে ওঠে। টিপে ফুটিয়ে তোলা যাবে মাছ, ফুল, পাখি, প্যাঁচা, হাতপাখা, ঢোল কিংবা আলপনার ছবি। নকশা করতে পারেন নকশিকাঁথার ফোঁড়ের মতো করে। ছবিতে দেখে নিন সাদা টিপে একটি প্যাঁচা আকার নমুনা।