আলপনায় রঙিন হলো পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১১টা। ডিসি পাহাড়ের পাশের রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ। কিছুদূর পর পর রাস্তার ওপর গোল হয়ে দাঁড়িয়ে আছে ছেলেমেয়েরা। মাথার কাছে টর্চ ধরেছে কেউ কেউ। তরুণদের কাছাকাছি যেতেই বোঝা গেল বিষয়টা। একুশের প্রথম প্রহরের আলপনা আঁকায় ব্যস্ত তারা।আলপনা আঁকার এ রকম দৃশ্য আমাদের চিরচেনা হলেও এবার যেন কিছুটা অন্য রকম একটা আমেজ ছিল। কয়েক গজের মধ্যে প্রায় পাঁচ-ছয়টি আলপনা আঁকা হচ্ছিল। চারপাশে ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে আঁকার জায়গা। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে রঙের কৌটা। মানববৃত্তের ভেতরে খুব মনোযোগ দিয়ে আলপনা আঁকছিলেন এক তরুণী। চকে আঁকা রেখা অনুসরণ করে তাতে সাদা, লাল, হলুদ রঙের প্রলেপ লাগাচ্ছিলেন আঁকিয়ে। ভিড়ের মধ্যে দাঁড়ানো একজন দর্শক আরেকজনকে প্রশ্ন করলেন, কেমন লাগছে। উত্তর এল, ‘অসাধারণ’। আলপনা আঁকিয়েদের কর্মকাণ্ড দেখতে ভিড় জমিয়েছিল যারা, তাদের মুখ থেকে এমন মুগ্ধতার কথা শোনা যাচ্ছিল।ডিসি পাহাড়ের ফুটপাতের ওপর বসে ছিলেন বেশ কয়েকজন অভিভাবক। তাঁরা জানালেন, ছেলেমেয়েরা আলপনা করবে সারা রাত। তাদের সঙ্গ দিতে আসা। অনেকে খাবার আর চা নিয়ে এসেছেন। প্রশ্ন করতেই একজন অভিভাবক জানালেন, জিইসি মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত এই কর্মযজ্ঞ চলছে। শিল্পকলা একাডেমী ও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসব আলপনা করছেন। একুশের সকালে এসব আলপনা ঘুরে দেখবেন খ্যাতনামা শিল্পীরা। নির্বাচিত করবেন সেরা আলপনাগুলোকে।জানা গেছে, ইভেন্টম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান অ্যাক্ট প্লাসের উদ্যোগে চট্টগ্রামে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছে চারুকলা ইনস্টিটিউট, জেলা শিল্পকলা একাডেমী ও স্প্ল্যাস ক্রিয়েটিভ ইনস্টিটিউটের ৪৮জন শিক্ষার্থী। জিইসি মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত ৪৮টি আলপনা করেছে এই প্রতিযোগীরা।নন্দনকানন এলাকায় আলপনা করছিলেন সাদিয়া আক্তার, অর্পিতা বড়ুয়া, রেশমা করিম, আইরিন তানিয়াসহ অনেকেই। তাঁর জানান, রাত জেগে আলপনা করতে অন্য রকম আনন্দ হচ্ছে। গোলপাহাড় ও জিইসি মোড় এলাকায় আলপনা করছিলেন প্রনদ পাল, আবদুল ওয়াহাব ও মেহেদি হাসান তাঁদের অনুভূতিও একই রকম।পরদিন একুশে ফেব্রয়ারি ভোরে শিল্পী সৌমেন দাশ আলপনা ঘুরে দেখেন এবং সেরা তিনটি আলপনা পুরস্কারের জন্য বাছাই করেন। আয়োজকদের একজন শিল্পী সঞ্জিত রায় এই তথ্য জানান। প্রতিযোগিতায় সেরা হন প্রনদ পাল, দ্বিতীয় আবদুল ওহাব ও তৃতীয় হন মেহেদি হাসান।