আলবার্টা বাংলা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলবার্টা বাংলা উৎসব’ কানাডার আলবার্টা অঙ্গরাজ্যে বসবাসকারী বাঙালির সবচেয়ে বড় মিলনমেলা। বাংলাদেশ আর কলকাতা—এ দুই বাংলার প্রবাসীদের যৌথ উদ্যোগে প্রায় প্রতিবছর উদ্যাপন করা হয় এ অনুষ্ঠানটি। এতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ও কলকাতা থেকে বিখ্যাত শিল্পীরা আসেন। আর এর প্রস্তুতি হিসেবে বছরের বিভিন্ন সময় আয়োজন করা হয় কয়েকটি প্রস্তুতিমূলক অনুষ্ঠানের। ২০০৯ সালের বাংলা উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল ক্যালগেরি শহরে। আর ২০১১ সালের আলবার্টা বাংলা উৎসবটি হবে আলবার্টা অঙ্গরাজ্যের রাজধানী এডমন্টন শহরে।আলবার্টা বাংলা উৎসব ২০১১ উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক অনুষ্ঠানটি হয়ে গেল গত ২৫ জুলাই ‘শেরউড পার্ক’-এর ফেস্টিভ্যাল প্লেস মিলনায়তনে। এই অনুষ্ঠানে আমরা এডমন্টন শহরের প্রবাসী কয়েকজন বাংলাদেশি মমতাজউদ্দীন আহমদ রচিত হরিণ চিতা চিল নাটকটি মঞ্চস্থ করি। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের ওপর ভিত্তি করে রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন যৌথভাবে জাহিদুল ইসলাম ও রাফাত আলম। নাটকটি সবার কাছেই বেশ প্রশংসিত হয়।এর আগে ক্যালগেরি শহরে অনুষ্ঠিত ২০০৯ সালের বাংলা উৎসবে আমরা শৈলেন ঘোষের ফাঁস নাটকটি মঞ্চস্থ করি রাফাত আলমের নির্দেশনায়। এর আগে এই ফাঁস নাটকটির কয়েকটি মঞ্চায়ন হয় এডমন্টন শহরে বাংলাদেশি অ্যাসোসিয়েশনের বিভিন্ন অনুষ্ঠানে। এটিই ছিল এডমন্টন শহরে প্রথম পূর্ণাঙ্গ বাংলা মঞ্চনাটক। এ ছাড়া এডমন্টনে বিভিন্ন বাংলাদেশি অনুষ্ঠানে একাধিকবার মঞ্চস্থ করা হয়েছে জার্জিস আহমেদ রচিত নাটক আরতি ও জমছে খেলা সারা বেলা নাটক দুটির কিছু অংশ। নাটক দুটির নির্দেশনায় ছিলেন মোর্শেদুর রহমান।বাংলাদেশ থেকে অনেক দূরে কানাডার এই এডমন্টন শহরে বাংলাদেশি সংস্কৃতির অন্যতম পরিচায়ক এই বাংলা নাটক মঞ্চস্থ করতে গিয়ে আমরা সবাই কেন যেন বারবার বেশ আবেগাপ্লুত হয়ে পড়ি।মো. জিয়াউর রহমান আলবার্টা, কানাডা।