আলমগীর আলাউদ্দিনের গজলসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গজল পরিবেশন করছেন আলমগীর আলাউদ্দিন l ছবি সংগৃহীত
গজল পরিবেশন করছেন আলমগীর আলাউদ্দিন l ছবি সংগৃহীত

গজলের সুর ও কথার মাধুর্যে শ্রোতাদের মুগ্ধতায় ভাসালেন শিল্পী আলমগীর আলাউদ্দিন। ২৩ এপ্রিল রাত আটটায় নগরের পূর্ব নাসিরাবাদের একটি রেস্তোরাঁয় বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে একক গজল সন্ধ্যায় গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে আজকাল সাংস্কৃতিক গোষ্ঠী। আসরে অতিথি ছিলেন নাট্যজন মনোজ সেনগুপ্ত, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক নুরুল আজম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি পংকজ বৈদ্য, মিলাঞ্জ রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম দস্তগীর। আবছার উদ্দিনের সঞ্চালনায় আসরে শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পী অনামিকা তালুকদার।

প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানের শুরুতে আলমগীর আলাউদ্দিন পরিবেশন করেন মেহেদি হাসানের ‘রাফতা রাফতা ও মেরি’ গজল দিয়ে। এরপর তিনি গাইলেন ‘গজল পেয়ার ভারে দো’, ‘চুপকে চুপকে রাত দিন’, ‘লাগ যা গলে কে ফির’, ‘চিঠি আয়ি হ্যায়’, ‘চান্দহি যেসা রং হে তেরি’, ‘থোড়ি থোড়ি পিয়া করো’। এ ছাড়া দর্শকদের অনুরোধে শিল্পী গেয়ে শোনান জগজিৎ সিংয়ের গাওয়া গান ‘বেশি কিছু আশা করা ভুল’।

এরপরে তিনি গাইলেন হিন্দি গান ‘বাহরোঁ ফুল বারসাও’, ‘হাম হে তুম সে পেয়ার কিতনা’ ও ‘হ্যায় মেরে হামসফর’। সবশেষে তিনি গাইলেন নুসরাত ফতে আলী খানের ‘তুম হে দিল্লাগি ভুল জানি পড়ে গি’। গানের সঙ্গে কি-বোর্ড অসীম চন্দ্র, তবলা রাজীব নন্দী এবং অক্টোপ্যাড বাজান বিপ্লব।