
এলসহোয়ার মানে অন্য কোথাও। নগরের খুলশীতে অবস্থিত মৃন্ময় আর্ট গ্যালারিতে গত ২৫ মে শিল্পী শুরু হওয়া আলমগীর হকের একক চিত্রকর্মের প্রদর্শনীর শিরোনাম এটি। বাংলাদেশি এই শিল্পীর বর্তমান ঠিকানা কানাডা। চারুকলা ইনস্টিটিউটের আমন্ত্রণে এসেছিলেন ছাপচিত্রের প্রশিক্ষণ কর্মশালা করাতে। এক ফাঁকে হয়ে গেল এই প্রদর্শনীও।
আলমগীর হক ছাপচিত্রে ব্যতিক্রমী কাজ করেছেন। তাঁর আঙ্গিক ও শৈলীতে রয়েছে নিজস্বতা। নিসর্গ, বস্তু, মানুষ ও চারপাশের চেনা পরিপার্শ্বকে তিনি অচেনা করে তোলেন। দৃশ্যের প্রত্যক্ষ রূপ নয়, তিনি তার ভাবটাই তুলে ধরেছেন। এ জন্য দর্শক চেনাজগতের বাইরে অন্য কোথাও গিয়ে পৌঁছায়।
৩০টি বিমূর্ত ছাপচিত্র নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান আবদুস সালাম। অতিথি ছিলেন বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার, বিএসআরএমের পরিচালক জোহায়ের তাহেরাহি, শিল্পী জসিম উদ্দিন ও মৃন্ময় আর্ট গ্যালারির পরিচালক সামিনা এম করিম।
লিথোগ্রাফিতে মৌলিক পরিবর্তন এনেছেন শিল্পী আলমগীর হক। সচরাচর লিথোগ্রাফি ছাপচিত্রের এই মাধ্যমে পানির ব্যবহার হলেও তিনি তা করেননি। ওয়াটারলেস লিথোগ্রাফির এমন প্রদর্শনী তাই বহুদিন মনে থাকবে দর্শকের। বস্তু বা দৃশ্য স্মৃতি হয়ে গেলে তার ভাবটুকু থেকে যায়। তাই আলমগীরের ছবি কখনো বিষণ্ন কখনো বা ঝলমলে আনন্দময়। পাশাপাশি শান্ত সমাহিত গভীর অনুভূতিও তৈরি করেছেন তিনি তাঁর শিল্পকর্মে।
পরস্পরবিরোধী রং লাল, হলুদ, কালো, নীল, সবুজ, খয়েরি, কমলার প্রয়োগ করেছেন তিনি সাহসীভাবে। প্রদর্শনীটি চলবে ১৫ জুন পর্যন্ত।