
নগরের ব্যস্ততম মোড় নিউমার্কেট। এই মোড়ে যানজট কমাতে ছোট বাসের (রেইনজার ও তরী) জন্য আলাদা লেন করে দেয় নগর পুলিশ। কিন্তু এই লেনই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আলাদা লেনে গাড়ি থামা নিষেধ থাকলেও দিব্যি সেখানেই যাত্রী তুলতে দাঁড়িয়ে থাকছে গাড়িগুলো। আর সন্ধ্যার পর লেন চলে যায় ভ্রাম্যমাণ হকারদের দখলে। ফলে যানজট পরিস্থিতির কোনো উন্নতিই হয়নি; বরং পথচারীরা দুর্ভোগে পড়ছেন।
গত সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, নিউমার্কেট মোড়ে বিপণিবিতানের সামনে সড়কের আলাদা লেনে পরপর দাঁড়িয়ে আছে তিনটি ছোট বাস। এসব বাসের সহকারীরা যাত্রীদের ডাকাডাকিতে ব্যস্ত। অথচ পাশের সাইনবোর্ডে লেখা, ‘পার্কিং নিষেধ। যানবাহন দাঁড় করাবেন না।’ দায়িত্বরত বিপণিবিতানের নিরাপত্তাকর্মীরা বাঁশি বাজিয়ে গাড়িগুলো সরে যাওয়ার জন্য তাগাদা দিলেও এসব কানেই তুলছেন না বাসের চালকেরা। এভাবে প্রায় ২০ থেকে ৩০ মিনিট পর একেকটি বাস লেন ছেড়ে যায়। এর মধ্যে চলে আসে অন্য বাসগুলো। এদিকে এর মধ্যে মোড়ে লেগে গেছে ভজঘট অবস্থা। কারণ আগে রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশা সড়কের পাশে দাঁড়াতে পারলেও এখন এসব যানবাহন থাকছে লেনের বাইরে। সড়কের অর্ধেকের বেশি অংশ চলে গেছে পার্কিং করা গাড়ির দখলে। সংকীর্ণ হয়ে গেছে গাড়ি চলাচলের পথ। ফলে যানজট লেগেই থাকছে। এই যানজট ছড়িয়ে পড়েছে আমতল, দোস্ত বিল্ডিং ও স্টেশন সড়ক এলাকা পর্যন্ত।

কথা হয় বিপণিবিতান থেকে কেনাকাটা করে বের হওয়া নগরের আগ্রাবাদের ব্যাপািরপাড়ার বাসিন্দা হাশেম চৌধুরীর সঙ্গে। তাঁর সঙ্গে রয়েছেন শিশুসহ পরিবারের তিন সদস্যও। তিনি বলেন, ‘মার্কেট থেকে বের হয়ে ১০ মিনিট ধরে ফুটপাতে দাঁড়িয়ে আছি। কোনো গাড়িতেই উঠতে পারছি না। কারণ রিকশা কিংবা অটোরিকশায় উঠতে গেলে সড়কের মাঝখানে যেতে হবে। গাড়ির জটের কারণে কোনোভাবেই সড়কে পা ফেলা যাচ্ছে না।’
নিউমার্কেট মোড়ের নতুন টাকা বিক্রেতা আকবর আলী বলেন, সকাল থেকে মোড়ে গাড়ির লাইন। বিকেল থেকে বসে হকাররা। মার্কেটেও কোনো লোক আসতে পারে না। বিশেষ করে নারী ও শিশুরা দুর্ভোগে পড়ে।
বিপণিবিতানের নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম জানান, পুলিশকে টাকা দিয়ে হকাররা লেনের ভেতরে বসেন। তখন গাড়ি চলাচল করতে পারে না। গাড়িগুলো সরতে বলা হলেও চালকেরা শোনেন না। তা ছাড়া মোড়ে ট্রাফিক পুলিশও থাকে না সব সময়।
বিপণিবিতানে ঢুকতেই দক্ষিণ পাশের প্রবেশমুখসংলগ্ন বনলতা ফাস্টফুডের দোকানদার এম এ হাসান জানান, লেন করার ফলে মার্কেটের প্রবেশমুখে গাড়িজট লেগে থাকে, যা ছড়িয়ে পড়ে আশপাশে।
বিপণিবিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম বলেন, মার্কেটটি জিরো পয়েন্টে অবস্থিত হওয়ায় বিভিন্ন রুটের বাস, সিএনজিচালিত আটোরিকশা, রেইনজার, তরী, টেম্পোসহ প্রায়ই গাড়ি এখানে এসে থামে। আর মার্কেটে আসেন দেশি-বিদেশি পর্যটক। কিন্তু মার্কেটের সামনে গাড়ি চলাচলের রাস্তার ওপর নতুন করে লেন স্থাপন করা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। লেনের ভেতর সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে। এতে যানজট আরও বেড়েছে। আর লেনের ভেতর বিকেল থেকে বসেন হকাররা। এতে মার্কেটে আসা ক্রেতারা ভোগান্তিতে পড়েন। লেন তুলে দিতে নগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে কমিটির পক্ষ এক মাস আগে জানানো হলেও কিছুই হচ্ছে না।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) বর্তমানে ট্রাফিকেরও দায়িত্বপ্রাপ্ত মাসুদ উল হাসান প্রথম আলোকে বলেন, ‘যানজট নিরসনের জন্য আলাদা লেনটি করা হয়েছে। তবে লেনে যাতে গাড়ি দাঁড়িয়ে না থাকে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কোনো অবস্থাতেই লেনের ভেতর হকারদের বসতে দেওয়া হবে না। বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
