আলাস্কায় লাল-সবুজের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিচক্রযানে চেপে অভিযান শুরুর দিনে আলাস্কার অ্যাংকোরেজের পথে কনক আদিত্য
দ্বিচক্রযানে চেপে অভিযান শুরুর দিনে আলাস্কার অ্যাংকোরেজের পথে কনক আদিত্য

বিশ্বজুড়ে ক্ষতিকর আবর্জনা কমানোতে সচেতনতা তৈরির এক অভিযানে সংগীতশিল্পী কনক আদিত্য গিয়েছিলেন সুদূর আলাস্কায়। তিনি শোনালেন সেই অভিজ্ঞতা

ঢাকা থেকে মানিকগঞ্জ। প্রায় ৫০ কিলোমিটার। বছরে তিন-চারবার যাওয়া-আসা। এই হচ্ছে আমার দীর্ঘ রাস্তায় সাইকেল চালানোর অভিজ্ঞতা। তারপরও দীর্ঘ রাস্তায় সাইকেল ভ্রমণে অভিজ্ঞ বন্ধু ইমরানের (মুনতাসীর মামুন) সঙ্গে আমার সাইকেল ভ্রমণ পরিকল্পনা। উত্তর আমেরিকা। আলাস্কার অ্যাংকোরেজ থেকে কানাডার টরন্টো। প্রায় পাঁচ হাজার ৫০০ মাইল। ৯০ দিনের সাইকেল ভ্রমণ। প্রজেক্ট ট্র্যাশম্যানিয়াক ২। ভ্রমণের পাশাপাশি প্লাস্টিকজাত আবর্জনার নমুনা খোঁজা এবং মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে আবর্জনার মানচিত্র তৈরি করা, এই হচ্ছে কাজ।

আমাদের সঙ্গে জুটে গেল আরেক অস্ট্রেলিয়ান বন্ধু সারাহ জেন সল্টমার্শ। সারাহ আর ইমরান চালাবে একটা ট্যান্ডেম (দুজনে চালানোর‍ সাইকেল)। আর আমি একা। আমাদের দুটো সাইকেলই ছোট চাকার এবং ভাঁজ করা যায়। যাতে সাইকেল নিয়ে উড়োজাহাজে কিংবা যেকোনো পরিবহনে ভ্রমণ সহজ হয়। ই-মেইলে যোগাযোগ হচ্ছিল আরও এক বন্ধুর সঙ্গে। ক্রিস্টোফার ইয়র্ক। কানাডার টরন্টোতেই থাকে। যোগ দেবে আমাদের সঙ্গে কানাডা থেকে।

রাস্তার পাশে সাইকেল রেখে যাত্রা বিরতি। পেছনে কপার ভ্যালি
রাস্তার পাশে সাইকেল রেখে যাত্রা বিরতি। পেছনে কপার ভ্যালি



জুনের ৪ তারিখে আমাদের উড্ডয়ন। ঢাকা থেকে নিউইয়র্ক। প্রয়োজনীয় কেনাকাটা শেষে ১৪ তারিখে অ্যাংকোরেজ। বন্ধু মনিকা ফোর্ডের বাসায়। অদ্ভুত কাণ্ড! এই সময়ে এখানে রাত প্রায় হয় না বললেই চলে। একটু অস্বস্তিও হচ্ছিল। দুই দিন বিশ্রাম শেষে ১৬ তারিখে সাইকেল নিয়ে বের হলাম। গুছিয়ে শুরু করতেই ১১টা বেজে গেল। পেছনের চাকায় দুটো ব্যাগ, সামনের চাকায় দুটো। পেছনের ক্যারিয়ারে আরও একটি ব্যাগ, সঙ্গে আমার বাদ্যযন্ত্র ইউকেল্যালি। হালকা বলে দোতারার বদলে এটাই নিয়েছিলাম। গান-বাজনা তো আর বন্ধ থাকবে না। কাপড়চোপড়, খাবারদাবার, পানি, তাঁবু ও অন্যান্য অনুষঙ্গসহ ওজন নিতান্ত কম নয়। বেশ ভারীই। হোঁচট খেতে খেতেই শুরু করলাম। ঘণ্টা খানেকের মধ্যেই অবশ্য ভারসাম্য ফিরে পেলাম।

আলাস্কার আসল রূপ
শহর থেকে বের হতেই আলাস্কার আসল রূপ দেখতে পেলাম। সমতল বলে কিছু নেই। ভীষণ বন্ধুর পথ। এত ওজন নিয়ে এমন রাস্তায় সাইকেল চালানো আমার জন্য বেশ কষ্টকর। কিন্তু প্রথম দিনের উত্তেজনায় খুব একটা গায়ে লাগছিল না। রাস্তা আর দুই পাশের দৃশ্য দুই-ই আমার কাছে পুরোপুরি নতুন। বরফ-ঢাকা পাহাড়চূড়া কিংবা পাদদেশের স্প্রুস গাছের সারি। সশব্দে বয়ে চলা আঁকাবাঁকা ঝিরি। কখনো তিরবেগে ছুটে চলা তেজস্বী পাহাড়ি নদী। অথবা রাস্তার পাশে ফুটে থাকা নাম না-জানা বুনো ফুলের হাসি। ভোঁ ভোঁ শব্দে দলবেঁধে ছুটে যাওয়া মোটরসাইকেল আরোহী আর মাঝেমধ্যেই গা ঘেঁষে চলে যাওয়া আনাড়ি চালকের গাড়িঘর। ১০ মাইল পর পর বিশ্রাম নিচ্ছিলাম। আমি প্রতিবারই পেছনে পড়ে যাচ্ছিলাম ওদের। বাদাম, খেজুর, কিশমিশ আর সারাহর হাতে বানানো গ্রানুলা বার খেয়েই দিন পার। ৪০ মাইল চালানোর পর সন্ধ্যায় হঠাৎ করেই পেয়ে গেলাম ক্যাম্পগ্রাউন্ড। ফক্সরান ক্যাম্পগ্রাউন্ডটি পালমার শহরের কাছেই। যদিও আমাদের আরও দূরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা ভীষণ পরিশ্রান্ত। আর প্যাডেল ঘোরাতে পারছিলাম না। ডিমের সঙ্গে তেল, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে পাস্তা সেদ্ধ। খালি পেটে অমৃতসম। খেয়ে-দেয়ে তাঁবু টানিয়ে ঘুম। 

তিন অভিযাত্রী: কনক আদিত্য (ডানে), মুনতাসীর মামুন ও সারাহ জেন সল্টমার্শ
তিন অভিযাত্রী: কনক আদিত্য (ডানে), মুনতাসীর মামুন ও সারাহ জেন সল্টমার্শ

পরদিন শুরু করতে গিয়ে টের পেলাম শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। খুব একটা পাত্তা না দিয়ে চালিয়ে গেলাম। বিকেলের দিকে দূর থেকে দেখলাম ইমরান আর সারাহ সাইকেল চালিয়ে উল্টো দিকে আসছে। ওরা ভালুকের ভয়ে উল্টো ছুটছে। কিন্তু সামনেই তো যেতে হবে। ঘুরে সামনের দিকে এগিয়ে গেলাম। উল্টো দিকের গাড়িগুলো কিন্তু স্বাভাবিক ভঙ্গিতেই চলছে। ভালো করে আবার দেখলাম। ওটা আসলে ভালুক নয়। একটা সাইনপোস্টমাত্র। ভীষণ হাসাহাসি করে আবার চালানো শুরু করলাম।

তৃতীয় দিনে আমাদের শারীরিক অবস্থা সাংঘাতিক রকমের খারাপ হয়ে উঠল। সারা শরীর ব্যথা। কেউ মনে হয় সাইকেলের সিটে আলপিন গেঁথে রেখেছে উল্টো দিক দিয়ে। ভীষণ জ্বালাপোড়া শুরু হলো। সিটে বসে থাকাই কষ্টকর। তার ওপর রাস্তা আরও বেশি পাহাড়ি হয়ে উঠছে। আরও বেশি ওপরের দিকে উঠতে হচ্ছে। বারবার মনে হচ্ছিল এবার ওঠার পর বোধ হয় একটু নিচের দিকে নামবে। কিন্তু তা নয়। যদিও আমরা আগে থেকেই জানতাম পথের অবস্থা, গুগল ম্যাপের কল্যাণে। কষ্টসাধ্য হলেও ৪২ মাইল পর মাতানুস্কা ভ্যালি পর্যন্ত চালালাম। একদম বড়সড় একটা হিমবাহের কাছেই একটা লজ পেয়ে গেলাম। হ্রদের পাশেই বিনা মূল্যে ক্যাম্পিং সঙ্গে আবার কিছু খাবারদাবার। হ্রদের ওপারে দেখলাম একজোড়া মুস। আগেই শুনেছিলাম মুস ভালুকের চেয়ে বেশি ভয়ংকর। ভাবলাম, নিশ্চয়ই সাঁতরে এই পারে আসতে পারবে না। হ্রদের টলটলে নীল পানিতে সবুজ পাইনের সারি আর বরফমাখা পাহাড়ের প্রতিফলন সব ব্যথা ভুলিয়ে দিল। ভীষণ সুন্দর আলোময় রাতটা কেটে গেল হিম হিম আরামে।

চতুর্থ দিন কপারভ্যালি পেরিয়ে পঞ্চম দিনে গ্লেনালেন সিটি। কপারভ্যালি থেকে রাস্তা নিচের দিকে নামতে শুরু করায় বেশ আরামেই ৫৪ মাইল পার করে ফেললাম। যদিও মা​েঝমধ্যেই বড় বড় পাহাড় পার হতে হলো। সিটিতে ঢোকার আগে আবর্জনার একটা বড় কালো ব্যাগ দেখে আবার ভালুকের ভয়। বাতাসের জোরে রাস্তার এ পাশ থেকে ও পাশে গড়িয়ে যাওয়াতেই এই দৃষ্টিভ্রম। এখানেই বিশ্রাম নিলাম এক দিন। সাইকেল ধুয়ে-মুছে পরিষ্কার করে চকচকে করলাম। গোসলের চিন্তা বাদ দিলাম। প্রতি মিনিট দুই ডলার হারে গরম পানির গোসল একটু বিলাসিতাই মনে হলো। রান্নার জ্বালানি আর খাবারের সংগ্রহও বাড়িয়ে নিলাম শহর থেকে। আগামী দুই দিন রাস্তায় নাকি প্রায় কিছুই পাওয়া যাবে না। ইতিমধ্যেই আমরা সব ধরনের নেটওয়ার্কের বাইরে চলে এসেছি। আমাদের ফোন কাজ করছে না। কোনো কোনো ক্যাম্পগ্রাউন্ডের ওয়াইফাইই আমাদের যোগাযোগের শেষ ভরসা। কখনো কখনো অনেক দাম দিয়ে কিনতে হয় ইন্টারনেট ব্যান্ডউইথ।

নয়নাভিরাম মাতানুস্কা উপত্যকা
নয়নাভিরাম মাতানুস্কা উপত্যকা

একটু ঝরঝরে শরীরেই শুরু করলাম পরের দিন। যত দিন যাচ্ছে রাস্তার নির্জনতা যেন বেড়েই চলছে। হ্রদের বিস্তৃতিও বাড়ছে। বাড়ছে নদীর প্রশস্ততা। পেরিয়ে চলছি শত শত ঝিরি। সংখ্যায় আগের চেয়ে অনেক বেশি। বুনোফুলের নতুন নতুন প্রজাতিও যোগ হতে লাগল রাস্তার দুই পাশে। ঘরবাড়ির চিহ্নমাত্র নেই। বন্ধুদের থেকে পিছিয়ে পড়ার কারণে ভয়ও লাগছিল বেশ। বারবার মনে হচ্ছিল এই বুঝি ভালুক আক্রমণ করে বসল। সঙ্গে বাড়তে লাগল মশার উপদ্রব। সাইকেল চালানোর সময়ও মশার হাত থেকে রেহাই নেই।

৪৫ মাইল চালিয়ে চিস্টোচিনা রেড ইগল লজ। ভীষণ সুন্দর ক্যাম্পগ্রাউন্ড। বিনা মূল্যে গরম পানির গোসল আর ইন্টারনেট। সঙ্গে আগুন জ্বালানোর কাঠ। পরের দিন আরও ৪৫ মাইল চালানোর পর মেনটাস্টা বেয়ার লজ। ক্যাম্পিং নিষিদ্ধ এখানে। অহরহ ভালুক চলে আসে। তাই ঘরভাড়া নিয়েই রাত কাটাতে হলো। ঘর বেশ গরম। প্রসাধনকক্ষ থাকলেও গরম পানির কোনো ব্যবস্থা নেই। হিমবাহের পানি ভীষণ ঠান্ডা। প্রায় ব্যবহারের অনুপযোগী।

সাইকেলের চাকা ফুটো হওয়ার পর

সকালবেলায় বৃষ্টি বাদ সাধল। কিছুক্ষণ অপেক্ষা করে ঝিরঝিরে বৃষ্টিতেই রওনা হলাম। রাস্তা নিয়ে ভয় পাচ্ছিলাম বেশ। ভেজা রাস্তায় সাইকেল নিয়ন্ত্রণ একটু কঠিনই বটে। কিন্তু যতটা কষ্ট হবে ভাবছিলাম ততটা কষ্ট হলো না। তবে দীর্ঘ সময় চালাতে হলো আজ। ৪৭ মাইল চালিয়ে অবশেষে টোক জাংশন। খুব ছোট শহর। বেশ কয়েকটা ক্যাম্পগ্রাউন্ড থাকলেও জায়গা পেতে সমস্যা হচ্ছিল। ক্যাম্পগ্রাউন্ডের মধ্যেই একটা গাড়িঘর পাওয়া গেল। প্রায় নিজেদের বাড়ির মতো। সবকিছু সেই গাড়ির মধ্যেই। রান্না গোসল সেরে খেয়ে-দেয়ে গরম মোটরহোমে মহানন্দে ঘুম। বৃষ্টির মধ্যে তো আর তাঁবু টানাতে হলো না। ভিজে ভিজে রান্নাও করতে হলো না।

রেড ঈগল লজে যাত্রা বিরতি। চলছে পাস্তা সেদ্ধ করার পালা। ছবি: লেখক
রেড ঈগল লজে যাত্রা বিরতি। চলছে পাস্তা সেদ্ধ করার পালা। ছবি: লেখক

বৃষ্টি মাথায় নিয়েই আবার যাত্রা শুরু। ৩২ মাইল চালানোর পর ঘটল আমাদের প্রথম দুর্ঘটনা। ভাঙা কাচে ইমরানদের ট্যান্ডেমের পেছনের চাকা ফুটো হয়ে গেল। টায়ার খুলতে গিয়ে যন্ত্রটাও গেল ভেঙে। চাকা ঠিক করতে গিয়ে বেশ বিপদেই পড়ে গেলাম। আমাদের দুরবস্থা দেখে একজন স্থানীয় বাসিন্দা গাড়ি থামিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তাঁর ট্রাকের পেছনেই জায়গা হলো আমাদের আর সাইকেল দুটোর। ১৮ মাইল পরের একটা ক্যাম্পগ্রাউন্ডে নামিয়ে দিলেন। টেটলিন নর্দান ওয়ে ক্যামগ্রাউন্ড। বাড়তি টিউব থাকলেও আমাদের সঙ্গে টায়ার বাড়তি ছিল না। সাইকেল ঠিকঠাক করে রান্নাবান্না শেষ করে বিশ্রাম। পাশেই শুশানা নদী। নদীর ওপর একটা লোহার সেতু। সেতুর ওপরেই আড্ডা। সূর্যাস্ত পর্যন্ত। রাত সাড়ে ১১টায় সূর্য ডুবলেও অন্ধকার হলো না মোটেও। শুধু ঠান্ডাটাই বাড়ল।

.
.

ভালুকের গল্প

সকালবেলায় ঘণ্টা খানেক চালানোর পর আবার একই কাণ্ড। আমার বন্ধুরা উল্টো দিকে ছুটছে। লম্বা লেজওয়ালা ধূসর রঙের বড়সড় একটা বিড়ালজাতীয় প্রাণী রাস্তা পার হচ্ছিল। পরে জানলাম, ওটা ছিল একটা কগার। ভীষণ হিংস্র আর আক্রমণাত্মক। এবার একজন মাইনার তার গাড়ি নিয়ে পাহারা দিয়ে নির্দিষ্ট জায়গাটা পার করে দিল।

আর মাত্র ৭০ মাইল পরেই কানাডা সীমান্ত। কিন্তু এতটা পথ চালিয়ে ইমিগ্রেশন পার হওয়া সহজ মনে হলো না। যদিও এত দিনে শরীর অভ্যস্ত হয়ে উঠেছে। ৪০ মাইল পর বর্ডার সিটি লজ। এখানেই কাটালাম এক রাত। সকালবেলায় নাশতার টেবিলে বিভিন্ন জায়গার ট্যুরিস্টদের সঙ্গে আড্ডা জমে গেল। আমাদেরও তাড়া ছিল না খুব একটা। মাত্র ৩০ মাইল চালালেই ঢুকে যাব কানাডায়। সবাই যার যার গল্প করেছিল। কে কয়টা ভালুক দেখেছে, কয়টা মুস কিংবা ক্যারিব্যু। আর আমরা ভালুকের গল্প শুনে ভয়ে সিঁটিয়ে গেলাম। ভালুক দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনোটাই আমাদের এখনো হয়নি। এই ভালুকের জন্যই কত রকম সতর্কতা নিয়ে চলছি। সব সময় সঙ্গে রাখছি ভালুক তাড়ানোর স্প্রে আর ঘণ্টা। রাতে ঘুমানোর সময় রান্নার সরঞ্জাম দূরে কোথাও রেখে আসছি।

আলাস্কা অংশে ভালুকের দেখা না পেলেও কানাডা অংশে যে ছাড় পাব না, এটা বুঝে গিয়েছিলাম সেদিনই। কানাডা অভিযানে কী ঘটল সেই গল্প না হয় অন্য কোনো দিন, অন্য কোথাও।

লেখক: সংগীতশিল্পী ও উদ্যেক্তা