আলিয়ঁস ফ্রঁসেজে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি ভাষার শিক্ষক হিসেবে শান্তিনিকেতনে বেশ কিছুকাল কাটিয়েছিলেন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বার্থেট। রবীন্দ্র-অনুরাগী বার্থেট এ সময় সংগ্রহ করেন বেশ কিছু দুর্লভ আলোকচিত্র। রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনকে বিষয় করে প্রায় ৮০ বছর আগে এসব আলোকচিত্র তুলেছিলেন আলোকচিত্রী রেমন্ড বার্নিয়ের ও অ্যালাইন ডানিলু। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। তারই উদ্বোধন হয়ে গেল গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। উদ্বোধনের দিন আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন ছিল। রেমন্ড বার্নিয়ের ও অ্যালাইন ডানিলুর তোলা প্রায় ৪০টি দুর্লভ আলোকচিত্র স্থান পায় প্রদর্শনীতে। আলোচনায় অংশ নেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সেমুয়েল বার্থেট। এরপর রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের গান গেয়ে শোনান রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন।সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা। উপস্থিত ছিলেন চট্টগ্রামের অগ্রগণ্য শিল্পী-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথম পবের্র আলোচনা সভায় স্যামুয়েল বার্থেট তুলে ধরেন প্রদর্শিত আলোকচিত্রের পটভূমি। তিনি জানান, আলোকচিত্রগুলোর বেশির ভাগ তুলেছেন প্রখ্যাত ফরাসি আলোকচিত্রী অ্যালাইন ডানিলু। ছবিগুলোতে রবীন্দ্রনাথের প্রতিকৃতি ছাড়াও স্থান পেয়েছে শান্তিনিকেতনের শিক্ষার্থীদের বিভিন্ন সময়ের ছবি। এরপর রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা তুলে ধরেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের মূল কথা হলো, শিশুদের স্বাধীন মানুষ হিসেবে সব সম্ভাবনা নিয়ে বেড়ে উঠতে দেওয়া। শিক্ষাব্যবস্থায় পরীক্ষাভীতি থাকবে না। শিক্ষা হবে উপভোগের ও আনন্দের।’ বর্তমান বিশ্বে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁর প্রাণবন্ত আলোচনা বুঁদ হয়ে শোনেন শ্রোতারা। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়ায় এ পুরস্কারের মূল্য বেড়েছে। ১৯১৩ সালের আগে কয়েকজন মার্কিন ছাড়া কোনো অ-ইউরোপীয় নোবেল পাননি। মূলত রবীন্দ্রনাথকে নোবেল দেওয়ার পর এ পুরস্কার আন্তর্জাতিক স্বীকৃতি পায়।’ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিল্পী শীলা মোমেনের গান। রবীন্দ্রনাথের বিভিন্ন পর্বের মোট ১৪টি গান পরিবেশন করেন তিনি। তাঁর সংগীতগুরু শৈলজারঞ্জন মজুমদার ও ওয়াহিদুল হককে শ্রদ্ধাভরে স্মরণ করেন গান শুরুর আগে। গানের পাশাপাশি শিল্পী গানের ছন্দ, সুর এমনকি গান রচনার পটভূমি জানাতে ভোলেননি দর্শকদের। মোট ১৪টি গানের শুরুতে ছিল পূজাপর্বের গান ‘হূদয় নন্দন বনে, নিভৃত এ নিকেতনে’। এরপর একে একে গাইলেন প্রেমপর্বের গান ‘অনেক কথা বলেছিলেম’, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘আমি কান পেতে রই।’ ষষ্ঠিতাল বা দুই-চার ছন্দে ব্যতিক্রমী কিছু গান রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। ষষ্ঠিতালের তেমনই একটি গান গাইলেন এরপর, ‘এখনই কী হল তোমার যাবার বেলা, হায় অতিথি’। জাহাজে তখন সুয়েজ খাল পাড়ি দিচ্ছিলেন রবীন্দ্রনাথ। হঠাৎ লিখলেন ‘সকরুণ হেন বাজায়ে, কে যায় বিদেশী নায়ে।’ শিল্পী গেয়ে শোনালেন সেই গানটিও। এরপর ছিল টপ্পা ঘরানার গান, ‘চোখের জল লাগলো জোয়ার, দুঃখের পারাপারে, ও চাঁদ’। কবির কাব্যপ্রতিভা তখন প্রকাশিত হয়নি। গোপনে চলত কাব্যচর্চা, সে রকম সময়ে শ্লেটে লিখলেন, ‘গগন কুসুম কুঞ্জ মাঝে।’ ভানু সিংহ ঠাকুর ছদ্মনামে প্রকাশিত হয়েছিল কবিতাটি। শীলা মোমেনের কণ্ঠে সেই গানটি শুনতে শুনতে দর্শক আবিষ্কার করলেন অন্য এক রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের ভাঙার গান থেকেও কয়েকটি গান পরিবেশন করলেন শিল্পী শীলা মোমেন। সেতারে ছিলেন ফিরোজ হাসান, এসরাজে অসীত বিশ্বাস, তবলায় পলাশ দে ,কণ্ঠে সংগত করেছেন শিল্পী শুভ্রতা দাশ ও সোমা রায়।