আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত তিন দিনব্যাপী ফরাসি কমিক চলচ্চিত্র উৎসব শেষ হয় ১৪ নভেম্বর। উৎসবে প্রদর্শিত হয়েছে সাড়া জাগানো তিনটি ফরাসি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলোতে সমসাময়িক সমাজের উঁচু শ্রেণীর মানুষের ভন্ডামি, ছলনা, লোভ, ষড়যন্ত্র, শিল্প-সাহিত্য নিয়ে অতিশয়োক্তি, সমাজের অসম ব্যাপারগুলোকে হাস্য-কৌতুকের মাধ্যমে কটাক্ষ করা হয়েছে।এ উৎসব প্রসঙ্গে আলিয়ঁস ফ্রঁসেজের প্রথম সহকারী পরিচালক গুরুপদ চক্রবর্তী বলেন, ‘আমাদের এবারের আয়োজনে রয়েছে কমেডি চলচ্চিত্র। ফরাসি সেরা অভিনেতা-অভিনেত্রীদের কাজ দেখার সুযোগ তো সব সময় পাওয়া যায় না। চাটগাঁর চলচ্চিত্রপ্রেমীরা যেন সব ধরনের চলচ্চিত্রের স্বাদ পান, বিশ্বের বিখ্যাত চলচ্চিত্রের সঙ্গে তাঁদের পরিচয় ঘটাতেই এ উৎসবের আয়োজন। এ কমেডি চলচ্চিত্রগুলো দেখে সারা দিনের ক্লান্তি ভুলে আত্মহারা হওয়া সম্ভব।’ এ প্রদর্শনীর মধ্য দিয়ে নতুন প্রজন্ম ফরাসি শিল্প-কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন উপস্থিত দর্শকেরা। তবে উৎসবে দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম।১২ নভেম্বর প্রদর্শিত হয় ঈভ রোবের পরিচালনায় যমজ। অভিনয় করেছেন পিয়ের রিসার, জঁ পিয়ের কালফোঁ, কামিলা মোর। ১৩ নভেম্বর প্রদর্শিত হয় জঁ মিশেল রিবের পরিচালনায় জাদুঘর উঁচুতে জাদুঘর নিচে। অভিনয় করেছেন মিশেল ব্লঁ, সিম আবকারিয়াঁ, ভিক্টোরিয়া আভ্রিল। ১৪ নভেম্বর প্রদর্শিত হয় জেরার উরির পরিচালনায় উঁচু স্তরের উন্মত্ততা। অভিনয় করেছেন ল্যুই দ্য ফুনেস, ঈভ মোত, আলিস সাপ্রিস।