মেঝেতে চাটাই বিছানো। সামনে পেতে রাখা হয়েছে কলাপাতা। অতিথিদের মাটির হাঁড়ি থেকে রকমারি দেশীয় খাবার পরিবেশন করছেন তরুণ-তরুণীরা। এটা কোনো গ্রামের দৃশ্য নয়। আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের একটি অংশ বায়ো-ডাইভার্সিটি ক্লাব ১২ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় দ্বিতীয়বারের মতো এ ‘স্লো ফুড ফেস্টিভ্যাল’র আয়োজন করে। এতে অতিথি ছিলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। বায়ো-ডাইভার্সিটি ক্লাবের শিক্ষার্থীরা উপস্থিত সবাইকে চট্টগ্রামের আঞ্চলিক খাবার পরিবেশন করেন। তাতে এই শীত মৌসুমের বিভিন্ন সবজির সঙ্গে উপাদেয় নানা ব্যঞ্জন ছিল। আলিয়ঁস ফ্রঁসেজের প্রথম সহকারী পরিচালক গুরুপদ চক্রবর্তী বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে কাজের উদ্দেশ্যেই আমাদের শিক্ষার্থীরা বায়ো-ডাইভার্সিটি ক্লাব গঠন করেছে। এর একটা অংশ হিসেবেই এ স্লো ফুড ফেস্টিভ্যাল। ফাস্টফুডের অনেক ক্ষতিকর দিক রয়েছে, যার শিকার হচ্ছে তরুণ প্রজন্ম। খাবারের গুণগত মান ও পুষ্টি সম্পর্কে তাদের যথাযথ ধারণা দিতে এবং সচেতন করতে দেশীয় খাবারের এ আয়োজন।’ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলও মুগ্ধ এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে। বললেন, ‘কলাপাতায় দেশীয় খাবারের এ আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির নাগরিক মারা মাত্তা। তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি, পোশাক, খাবার আমার ভীষণ ভালো লাগে। এখানে এসে চট্টগ্রামের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লাগছে।’