আলিয়ঁস ফ্রঁসেজে 'অচেতনে চেতন'

যাপিত জীবনের সব অভিজ্ঞতাই কি হারিয়ে যায় কালের অতলে? নাকি আমাদের অচেতনেই মনের গহন কোনো কোণে থেকে যায় সেসব। অভিজ্ঞতার সেই চেতন আবার কি ফিরেও আসে ভিন্ন কোনো সময়ে, ভিন্ন কোনো বাস্তবতায়! ঘুমের মধ্যে দেখা-অদেখার স্বপ্ন-জগতের তেমন বাস্তবতাকেই যেন নির্মাণ করতে চেয়েছেন তরুণ শিল্পী আবদুল গাফফার। ‘আনকনশাসলি কনশাস’ বা ‘অচেতনে চেতন’ শিরোনামে তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনীতে দেখা যাবে সেই প্রয়াস। আগামী ৪ জুন বুধবার বিকোল সাড়ে পাঁচটায় রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে উদ্বোধন হবে এই প্রদর্শনীর।
‘অচেতনে চেতন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা চিত্রকর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী। অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্প সমালোচক ও শিল্পকলাবিষয়ক সাময়িকী ডিপার্ট-এর সম্পাদক শিল্পী মোস্তফা জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ওলিভিয়ের লিতভিনে।

৪ থেকে ১৮ জুন পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী দেখতে পারবেন যে কেউই। শুক্র ও শনিবারে এ সময়সূচি সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার প্রদর্শনী বন্ধ থাকবে।
তরুণ শিল্পী আবদুল গাফফার বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। তাঁর কাজে পুরান ঢাকার বিশেষ স্থান থাকলেও বান্দরবানের রুমা বাজার ও রেমাক্রি এবং সেন্ট মার্টিনস আর সিলেটও উঠে এসেছে। আর দেশের বাইরে ভারত, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও জাপান ভ্রমণের অভিজ্ঞতাও নানাভাবে উঠে এসেছে তাঁর কাজে। আবদুল গাফফার প্রধানত বিমূর্ত ও অর্ধবিমূর্ত ধারায় কাজ করেন। প্রায় ৬০টির মতো চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রথম একক প্রদর্শনীর বেশির ভাগ কাজই অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে করা।

শিল্পী আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যে ঘুরেফিরে আসে আমাদের জীবনের নানা বাস্তবতা। এর অনেক কিছুই হয়তো আমরা ব্যাখ্যা করতে পারি না, অনেক কিছু হয়তো আমরা বুঝি আমাদের নানা উপলব্ধি দিয়ে। আমার প্রথম একক প্রদর্শনীর কাজগুলোতে মূলত স্বপ্নের এই জগৎকেই ধরতে চেয়েছি আমি।’
আবদুল গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ছাপচিত্র বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ২০০৮ সালে। জলরং, তেলরং, পেনসিল, অ্যাক্রিলিক, চারকোল, এচিং অ্যাকোয়াটিন্ট, ড্রাই পয়েন্ট, কাঠখোদাই ও লিথোগ্রাফি মাধ্যমে কাজ করতে অভ্যস্ত এই চিত্রশিল্পী। এসব মাধ্যমে কাজ করার পাশাপাশি স্থাপনাশিল্প, ভিডিও আর্ট ও সাউন্ড আর্ট নিয়েও নিরীক্ষাধর্মী কাজ করেছেন আবদুল গাফফার। বই অলংকরণ ও প্রচ্ছদ শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি। তবে তরুণ এই শিল্পীর সবচেয়ে প্রিয় মাধ্যম ‘উড কাট’ বা কাঠখোদাই।