আলিয়ঁসে চলছে চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে নয় দিনের চলচ্চিত্র উৎসব। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে ‘ফ্রাংকোফোন ফিল্ম ফেস্টিভাল’ শীর্ষক এ উৎসব ৩ এপ্রিল শুরু হয়। এতে পাঁচটি দেশের নয়টি চলচ্চিত্র দেখানো হচ্ছে। ইতিমধ্যে দেখানো হয়েছে জেন ফ্রানসয়িস পরিচালিত দ্য গ্র্যান্ড সিডাকশন (কানাডা), সিয়ারিক কিয়াপিস্চ পরিচালিত প্যারিস (ফ্রান্স), হ্যানি খলিফা পরিচালিত শার এল লায়লি (মিশর) এবং জমিলা শারআউয়ি পরিচালিত বারাকাত (ফ্রান্স) ও ম্যাগেলি রিচার্ড সিররেনোর থ্রো দ্য কর্ড (ফ্রান্স)। গত মঙ্গলবার উৎসবের তৃতীয় দিনে প্রদর্শিত হয় মিশরের শার এল লায়লি ছবিটি। দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনই ছিল ছবির মূল বিষয়। তিন জোড়া দম্পতির তিন আঙ্গিকের বৈবাহিক সম্পর্ক এবং বিপথগামী হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে শিল্পিতভাবে। জীবনঘনিষ্ঠ এ ছবি দর্শকদের মুগ্ধ করে। এ আয়োজনটা মূলত ফ্রান্স ভাষার শিক্ষার্থীদের জন্য বলে সাধারণ দর্শক ছিল কম। প্রদর্শনী শেষে কথা হয় ছবি দেখতে আসা উম্মে কুলসুমের সঙ্গে। তিনি বলেন, এ আয়োজন চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটা বড় সুযোগ। কারণ উৎসবে বিভিন্ন দেশের আকর্ষণীয় সব ছবি দেখানো হচ্ছে। তবে তিনি মিলনায়তনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ভেতরে এত মশা যে স্থির হয়ে ছবি দেখা কষ্টকর হয়ে পড়ে। কর্তৃপক্ষের এদিকে একটু নজর দেওয়া প্রয়োজন।’চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী উৎসব সম্পর্কে বলেন, ‘ফ্রান্স ছাড়াও যে ফরাসি ভাষায় পৃথিবীর বিভিন্ন দেশে চলচ্চিত্র নির্মিত হয় তা তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। পৃথিবীর বিভিন্ন দেশসহ বাংলাদেশের দুটি শহরে এ উৎসবের আয়োজন করা হয়েছে।’ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে হ্যালা খলিলের দ্য বেস্ট অবস্ টাইমস (মিশর), ৯ এপ্রিল সন্ধ্যা ছয়টায় দেখানো হবে এস কর্নামুসেজের ব্রুটাল হার্ট (সুইজারল্যান্ড) এবং সাড়ে সাতটায় ইউ মিয়ারের হোম। ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে খালিদ আল হ্যাগগারের অন ওম্যানস লাভ (মিশর) ও ১১ এপ্রিল উৎসবের শেষদিন সন্ধ্যা ছয়টায় লু হুনেরদ্য হোয়াইট সিল্ক ড্রেস (ভিয়েতনাম) চলচ্চিত্রটি দেখানো হবে।