আলিয়ঁসে নবীন শিল্পীদের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ​স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজমা রহমানের এই চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ​স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজমা রহমানের এই চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে

নীল আকাশের নিচে বয়ে চলেছে নদী। সেখানে হলুদ রঙের নৌকা বেয়ে এগিয়ে চলছে মাঝি। মাঝে ভিন্ন পটভূমিতে রাখা ফুলদানি থেকে বেরিয়ে আসছে লাল, নীল, বেগুনি, হলুদ, খয়েরি রঙের শুঁটকি মাছ। রাজ্যের বিস্ময় নিয়ে কয়েকজন জেলে দেখছেন মাছের এই রূপান্তর। এমন নিরীক্ষাধর্মী দৃশ্য এঁকেছেন মো. আবদুল ওয়াহাব। ১০ জুন আলিয়ঁস ফ্রঁসেজের আর্ট গ্যালারিতে শেষ হলো চট্টগ্রামের নবীন শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী। মো. আবদুল ওয়াহাবসহ ৩৭ জন নবীন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছিল প্রদর্শনীতে। পাঁচ দিনের এই প্রদর্শনীর আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ। ৬ জুন ‘চট্টগ্রামের শৈল্পিক ভবিষ্যৎ’ শিরোনামে শুরু হওয়া প্রদর্শনীটি উদ্বোধন করেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার। প্রধান অতিথি ছিলেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার। প্রদর্শনীর কিউরেটর ছিলেন প্রণব মিত্র চৌধুরী।

.
.


প্রদর্শনীতে ঢোকার পর চোখে পড়বে পিতলে তৈরি গৌতম বুদ্ধের প্রতিকৃতি। কিন্তু তার মুখে পরানো হয়েছে দূষণ প্রতিরোধী মাস্ক। ‘বুদ্ধ নাও এ ডেস’ শিরোনামের এই ভাস্কর্য গড়েছেন শিল্পী অবিনাশ চাকমা। মানুষ একদিকে পৃথিবীজুড়ে পরিবেশ রক্ষা আন্দোলন করেছে, আবার তারাই দূষণের কারণ। ফলে পৃথিবী হয়ে পড়ছে উত্তপ্ত আর বসবাসের অযোগ্য। মারণাস্ত্র ধ্বংসের পাশাপাশি চলছে অস্ত্র উৎপাদন আর সন্ত্রাসবাদ। তাই অহিংসার প্রচারক বুদ্ধ প্রাসঙ্গিক হয়ে ওঠেন এই সময়ে। ভাস্কর্যে এই প্রাসঙ্গিকতাই তুলে ধরলেন অবিনাশ চাকমা।
‘ওয়েটিং’ শিরোনামে ভাস্কর্য করেছেন সানাউল্লা শিবলু । এই ভাস্কর্যটিতে তিনি নারকেলের বিভিন্ন অংশ ব্যবহার করে শরীরের নানা অঙ্গের আদল তৈরি করেছেন। গুচ্ছাকারে ঝুলন্ত নারকেলের খোল থেকে বেরিয়ে এসেছে ছোবড়া দিয়ে বানানো চুলের বেণি। শিল্পী এস এম রিয়াদ করেছেন ফ্রেম অব লাইফ-৪ শিরোনামে শিল্পকর্ম। তাঁর ছবিতে দেখা যায়, দাবার ছক থেকে সাপের মতো সেলুলয়েড উঠে যাচ্ছে জ্বলন্ত সূর্যের দিকে। তাঁর রঙের ব্যবহার নজর কেড়েছে দর্শকদের। এ ছাড়া নিরীক্ষাধর্মী কাজ করেছেন নাজমা রহমান, ফারহানা প্রিয়া, হোসাইন মাহামুদ, শেখ মোহাম্মদ, মান্না পাল ও মোহাম্মদ ইউসুফ।
নানা মাধ্যমের ভাস্কর্যের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে অ্যাক্রিলিক, তেলরং, ছাপচিত্রে করা চিত্রকর্ম। শিল্পকর্মগুলোতে উঠে এসেছে জড় জীবন, নারীর অনুভূতিসহ নানা বিষয়।