আলিয়ার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে অজ্ঞাতনামা রোগীর শুশ্রূষায় ব্যস্ত আলিয়া
রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে অজ্ঞাতনামা রোগীর শুশ্রূষায় ব্যস্ত আলিয়া

৯ সেপ্টেম্বর। ২০১২ সাল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নম্বর ওয়ার্ড। মেঝেতে পড়ে আছে ১০ বছর বয়সী এক শিশু। ট্রেনে তার হাত-পা কাটা গেছে। ব্যান্ডেজ জড়ানো হাত-পা। রক্তাক্ত। ধুকধুক করছে ছোট্ট বুকটা। চোখমুখে মাছি ভনভন করছে। শিশুটিকে বাঁচানোর জন্য ছোটাছুটি করছেন একজন নারী। তাঁর নাম আলিয়া। তিনি হাসপাতালের ট্রলি টানেন। চিকিৎসকদের ফুটফরমাশ খাটেন। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে চোখ রাখেন—কোথায় পড়ে আছে অভিভাবকহীন রোগী। তিনিই সেই সব রোগীর অভিভাবক হয়ে যান। চিকিৎসা করান। শুশ্রূষা দেন। সুস্থ হলে, পরিচয় পেলে ফিরিয়ে দেন অভিভাবকের কাছে। না পেলে প্রয়োজনে বাসায় রাখেন। বিনিময়ে কারও কাছ থেকে চান না কিছুই । অসহায় মানুষের সেবা তাঁর নেশায় পরিণত হয়েছে। এ জন্য সারা দিন হাসপাতালে থাকেন। তাতে সংসার চলে না। জীবিকার জন্য মূলত রাতে বাসায় ফিরে বই বাঁধাইয়ের কাজ করেন।
আলিয়ার বয়স এখন ২৭। থাকেন রাজশাহী নগরের মুন্সীডাঙ্গা এলাকায়। ভাড়া বাড়িতে। সঙ্গে থাকেন তার মা রওশন আরা ও মেয়ে টুম্পা। সঙ্গে আরও একজন থাকে। তার নাম কেউ জানে না। সে নিজেও বলতে পারে না। হাসপাতালের সেই হাত-পা কাটা শিশুটি। আলিয়া তার নাম দিয়েছেন বোল্টু।
তাঁর পৈতৃক নিবাস ছিল সিরাজগঞ্জ সদর উপজেলার খাগা গ্রামে। একসময় জীবিকার প্রয়োজনে আলিয়ার মা চলে এলেন রাজশাহী শহরে। ১৯৯৯ সালে মাত্র ১৩ বছর বয়সে মা তাঁকে বিয়ে দেন। কিন্তু চাহিদা মাফিক যৌতুকের টাকা দিতে না পারার কারণে তিন বছরের মাথায় তাঁকে ফেলে চলে যান তাঁর স্বামী। তখন মেয়ে টুম্পার বয়স মাত্র দেড় বছর। মায়ের মতোই আলিয়ার জীবনে নেমে এল অন্ধকার।
দেড় বছরের মেয়েকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেন আলিয়া। কাজ নিলেন বই বাঁধাইয়ের। এক হাজার পৃষ্ঠা বাঁধাই করলে পান ২৫ টাকা । তাতেও সংসার চলে না। এ সময় পরিচয় হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নূরজাহান বেগমের সঙ্গে। তিনি তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেই থেকে হাসপাতালে ট্রলি ঠেলতে শুরু করলেন তিনি।
হাসপাতালে একদিন আলিয়ার চোখের সামনেই অভিভাবকহীন মারা গেল দুজন মানুষ। তাদের কোনো পরিচয় জানা গেল না। বিষয়টি চরমভাবে নাড়া দিল তাঁকে। মূলত তখন থেকেই অভিভাবকহীন রোগী হাসপাতালে এলেই ছুটে যান আলিয়া। মুখে একটু পানি দেন, বাঁচানোর চেষ্টা করেন। নিজের টাকা দিয়েই কিনে আনেন জরুরি ওষুধ। মানুষটাকে সুস্থ করে তুলতে পারলেই তাঁর মুখে হাসি ফোটে। এমন শতাধিক মানুষকে সুস্থ করে পরিবারের কাছে তিনি ফিরিয়ে দিয়েছেন। আলিয়া বলেন, কেউ এ কাজের বিনিময়ে জোর করে টাকা দিলে তিনি কষ্ট পান। মনে হয় তাঁর আনন্দটা ফুরিয়ে গেল। নিজেকে বিক্রি করে দিলেন।
সম্প্রতি এক সন্ধ্যায় আলিয়ার বাসায় গিয়ে দেখা যায়, আলিয়া বই বাঁধাই করছেন। পাশে বিছানায় বসে একটি খেলনা নিয়ে মনের আনন্দে খেলছে বোল্টু। তার মধ্যে হাত-পা হারানোর কোনো দুঃখের ছাপ নেই। আলিয়া বলেন, ‘ওকে হাসপাতালের বাইরে বসায় রেখে যখন কাজে যাই, তখন মানুষ কিছু টাকা-পয়সা দেয়। টাকা জমানোর জন্য তার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি। এ জন্য জন্মনিবন্ধন কার্ড করতে হয়েছিল। নামের দরকার পড়েছিল। আমি তার নাম দিয়েছি আমিনুল ইসলাম বোল্টু। মায়ের নামের জায়গায় লিখেছি আলিয়া খাতুন।’