আলীকদমে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় বিএনপির প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে ৪ জুন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন বিএনপিদলীয় প্রার্থীরা। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে তাঁরা কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশন বলছে, কোনো প্রার্থীর কাছ থেকে তাঁরা এখনো কোনো বিষয়ে লিখিত অভিযোগ পাননি।
গত ২৯ মে আলীকদম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার আলী ভুট্টো। সাংবাদিকদের প্রশ্নের জবার দেন চৈক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন ও আলীকদম সদরের প্রার্থী মোহাম্মদ ইউনুচ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মদ, লামা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ভোট গ্রহণের জন্য আওয়ামী লীগের সমর্থিত কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে। জাল ভোট দেওয়া, ভোটকেন্দ্র দখল ও ভোটবাক্সে জাল ব্যালট ঢোকানোর পরিকল্পনা হচ্ছে। এতে আরও বলা হয়, নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণায় আচরণবিধির কোনো কিছু তোয়াক্কা করছে না। তারা বহিরাগত লোকজন নিয়ে প্রশাসন ও ভোটারদের প্রত্যক্ষ–পরোক্ষভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা সেনাবাহিনী মোতায়েনসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। সেগুলো হচ্ছে—ঝুঁকিপূর্ণ ৩০টি ভোটকেন্দ্র বিচারিক হাকিমের নেতৃত্বে সেনাবাহিনী, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যা ব) পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, পাহাড়ি জনগোষ্ঠীর ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করা, আওয়ামী লীগের বহিরাগত নেতা–কর্মীদের নির্বাচনী এলাকা ত্যাগের ব্যবস্থা, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা, কারচুপি, জাল ব্যালট, জাল ভোট ও কেন্দ্র দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিএনপি সব সময় উদ্ভট অভিযোগ করে। তিনি একবার আলীকদমে গিয়েছিলেন বলে তাঁকে নিয়ে ভিত্তিহীন কথা বলা শুরু করেছে।
আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা বলেছেন, সংবাদ সম্মেলন না করে কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। তিনি বলেন, এখনো তাঁদের কাছে অনিয়মের কোনো অভিযোগ নেই।
এদিকে গত ২৫ মে আলীকদমের চৈক্ষ্যং, নোয়াপাড়া ও আলীকদম সদর ইউনিয়নে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা দেখা গেছে। নিয়ম অনুযায়ী দেয়াল, যানবাহন, বিদ্যুতের খুঁটি ও বাড়ির বেড়ায় পোস্টার সাঁটানো নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। উপজেলা পরিষদ ও নির্বাচন কার্যালয়ের সামনে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা মিছিল করছেন যা নির্বাচনী আইনের লঙ্ঘন। উপজেলার রেফার ফাঁড়ি, পান বাজার, আলীকদম বাজারসহ বিভিন্ন স্থানে প্রার্থীদের এমন প্রচারণার মিছিল দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াপাড়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী ভুট্টো ও চৈক্ষ্যংয়ের স্বতন্ত্র প্রার্থী শফিউল আলম বলেন, বৃষ্টির দিন হওয়ায় পোস্টার টানালে ভিজে যায়। এ জন্য হয়তো কর্মী-সমর্থকেরা বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন।
নির্বাচনী আইন লঙ্ঘনের বিষয়ে আলীকদম সদর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন বলেন, তাঁকে না জানিয়ে কেউ কেউ নির্বাচনী মিছিল করেছে। তবে তিনি মিছিল করতে নিষেধ করেছেন।
এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা বলেন, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তাঁদের কাছে কোনো অভিযোগ নেই। দেয়ালের পোস্টারের জন্য প্রতিদিন অভিযান চলছে। মিছিলের ব্যাপারে তাঁর জানা নেই।
উল্লেখ্য, এবারের নির্বাচনে উপজেলার চারটি ইউনিয়নে ২১ জন চেয়ারম্যান, ৪৩ নারী ও ১৫৬ জন পুরুষ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।