বান্দরবানের আলীকদমে দুর্গম পোয়ামুহুরি এলাকায় ১৭ জনের মৃত্যুর পর জলবসন্ত-হাম-ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আক্রান্ত এলাকা এবং সুস্থ হয়ে ওঠা রোগীদের সেনাবাহিনীর চিকিৎসক দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোন রোগে সেখানে ১৭ জনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত রোগ নির্ণয়ের জন্য স্বাস্থ্য বিভাগের আরও দল ৫ মে আক্রান্ত এলাকায় গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর চিকিৎসক দল স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও শিশুদের জন্য দুধ ও বিস্কুটসহ বিভিন্ন খাবার বিতরণ করছে। সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের বান্দরবান সদর দপ্তর থেকে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। অবশ্য বেসরকারি সূত্রগুলো দাবি করেছে, বিভিন্ন পাড়ায় জলবসন্তে আক্রান্ত হয়ে ২২ জন নারী ও শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ এপ্রিল থেকে পোয়ামুহুরি ও ইন্দু-সিন্ধু এলাকায় ম্রো, মারমা ও ত্রিপুরা আদিবাসীরা ব্যাপকহারে জলবসন্ত, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। এতে ১৭ জন মারা যায়। উপজেলা সদর থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এসব এলাকায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে চিকিৎসক দল পাঠানো হয়। পরে বেসামরিক দুটি চিকিৎসক দলও আক্রান্ত এলাকায় পৌঁছে।সেনাবাহিনী সূত্র জানায়, ব্যাপক হারে আক্রান্ত হওয়ার খবর জানার আগে ২৬ এপ্রিল পর্যন্ত ১৭ জন আদিবাসী নারী ও শিশু মারা যায়। ২৭ এপ্রিল তাৎক্ষণিকভাবে ২৪ পদাতিক ডিভিশন ও ৬৯ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় আলীকদম জোনের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা অভিযান পরিচালনা করা হয়। এরপর আর কোনো রোগীর মৃত্যু হয়নি। ক্যাপ্টেন আব্দুল মালেকের নেতৃত্বে চিকিৎসা কর্মকর্তা (এমও) ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল আলমের চিকিৎসক দলটি দুর্গম পাড়াগুলোতে রোগীদের খুঁজে খুঁজে চিকিৎসাসেবা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সূত্র জানিয়েছে। তবে স্থানীয় লোকজন দাবি করেছেন মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবে। আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন জানান, বিভিন্ন পাড়ায় ২২ জন নারী ও শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছেন। জনবিচ্ছিন্নতা এবং কোথায় গেলে চিকিৎসা পাওয়া যাবে সে ব্যাপারে আক্রান্তদের ধারণা না থাকায় মৃতের সংখ্যা বেড়েছে। সচেতনতার অভাবে পাশের সেনাক্যাম্পেও কেউ বিষয়টি জানাননি বলে জানান আবদুল মতিন। আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল এস এম ইমরানউজ্জামান জানান, ১১টি আদিবাসীপাড়ায় লোকজন রোগে আক্রান্ত হন। চিকিৎসাসেবা শেষে ফিরে আসা চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, জলবসন্ত, হাম ও ডায়রিয়া—এ তিনটি রোগের জটিল অবস্থা সৃষ্টি হওয়ায় লোকজন মারা গেছে। চিকিৎসকদল চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি এলাকার লোকজনকে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ দেন। দুর্গম এলাকায় কেউ রোগাক্রান্ত হলে সঙ্গে সঙ্গে পাশের সেনাবাহিনীর ক্যাম্পে জানানোর জন্য কারবারিসহ (পাড়াপ্রধান) লোকজনকে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া আক্রান্ত এলাকার মা ও শিশুদের জন্য দুধ, বিস্কুটসহ বিভিন্ন হালকা খাবার বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।বান্দরবানের সিভিল সার্জন (সিএস) সাখাওয়াত হোসেন জানান, অসমর্থিতভাবে ২২ জন কিংবা এর বেশি লোকের মৃত্যু হওয়ার দাবি সঠিক নয়। হেলিকপ্টারে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তাসহ সেনাবাহিনীর জরুরি চিকিৎসক দল আক্রান্ত এলাকায় পৌঁছানোর পর আর কোনো রোগী মারা যায়নি। তিনি বলেন, ‘কী রোগে লোকজনের মৃত্যু হয়েছে তা নির্ণয়ের জন্য নতুন করে পরীক্ষা ও আক্রান্ত ব্যক্তিদের রক্তের নমুনা সংগ্রহের জন্য চিকিৎসক দল পাঠানো হয়েছে। এসব নমুনা পরীক্ষার পর জানা যাবে প্রকৃতপক্ষে কোন ধরনের রোগে লোকজনের মৃত্যু হয়েছে।