আলীনগরের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার দুর্গম ও পশ্চাৎপদ গ্রাম আলীনগর। চার বছর আগেও লেখাপড়া কী, তা জানত না ওই গ্রামের শিশুরা। কারণ এলাকায় কোনো বিদ্যালয় ছিল না, এখনো নেই। তবে এখন গ্রামের অনেক শিশু লেখাপড়া করছে, তাদের সঙ্গে বয়োজ্যেষ্ঠ লোকজনও। আর তাদের শিক্ষার আলোয় আলোকিত করছেন একজন নারী, নাম তাঁর ঝরনা রানী রায়। তিনি সবার কাছে ঝরনা দিদি হিসেবে পরিচিত। তাঁর জ্ঞানকাননের নাম ঝরনা দিদির পাঠশালা। ঝরনা রানী গ্রামের নারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলছেন। টিকা দেওয়া, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের পরামর্শ দেন। এলাকাবাসীর প্রাথমিক চিকিৎসার কাজটিও করেন তিনি। কিছুদিন আগের হেডম্যানপাড়ার কবাখালী এলাকার নারীদের জন্য সেলাই প্রশিক্ষণকেন্দ্র চালু করেছেন। এখানে ৩৭ জন নারীকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। কবাখালীর মুসলিমপাড়া গ্রামে চালু করা হয়েছে গানের বিদ্যালয়। এখানে ১২ জন মেয়েকে গান শেখানো হয়। পাঠশালায় দেখা যায়, আসবাব নেই। শিক্ষার্থীরা চটের বস্তায় বসে খোলা আকাশের নিচে পাঠ নিচ্ছে। কয়েক মাস আগে দীঘিনালা সেনা জোন থেকে একটি টিনের ঘর তুলে দেওয়া হয়েছে। ঝরনার পাঠশালা শুরু হয় ২০০৭ সালে।নূর নাহার, রহিমা বেগম ও সালমা বেগম বলেন, ‘গ্রামের ৬২ পরিবারের সব শিশু পড়ে। আমরাও পাঠশালার শিক্ষার্থী। ঝরনা দিদির কারণে ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করতে হয় না। এ ছাড়া স্বাস্থ্যসচেতন করার জন্য নিয়মিত পরামর্শ দেন দিদি।’ঝরনা রানী বলেন, ‘প্রথম প্রথম শিশুদের পাঠশালায় আনতে খুব বেগ পেতে হতো। এখন বিকেল তিনটা বাজলে সবাই হাজির হয়। আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছি।’ঝরনা বললেন তাঁর জীবনের দুঃখের কথা। তিনি বলেন, ‘২০০১ সালের ১৪ এপ্রিল যশোর জেলার অভয়নগর গ্রামের বাড়িতে স্বামী মনি শংকর রায়কে সন্ত্রাসীরা গুলি করে চলে যায়। ১০ মে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলে আমাকে প্রধান সাক্ষী করা হয়। সন্ত্রাসীরা আমার একমাত্র সন্তান সুইট রায়কে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ছেলে হারানোর ভয়ে চলে আসি আলীনগরে। এখন আলীনগরের মানুষই আমার সব।’গ্রামের ইউছুফ আলী ও বাচ্চু মিয়া জানান, পাঠশালার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয় না। পাশাপাশি আবৃত্তি ও গান শেখানো হয়। কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুমন মিয়া, সুরুজ মিয়া, মাইনুর ইসলাম, রামিছা আক্তার ও কুলছুম আক্তার জানায়, ‘বিদ্যালয় থেকে ফিরে ঝরনা দিদির পাঠশালায় চলে যাই। আমাদের আর প্রাইভেট পড়তে হয় না।’ শিক্ষার্থী সোমানা আক্তার পড়ার ফাঁকে আবৃত্তি করে—‘ওখানে কে রে/ আমি খোকা। /মাথায় কী রে?/ আমের ঝাঁকা।/ খাসনে কেন?/ দাঁতে পোকা...।’ কবাখালী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, ‘ঝরনা রানি যেন আলীনগরের আলো। তিনি গান লেখেন, সুর করেন, কবিতা আবৃত্তি করেন। বিনা পারিশ্রমিকে যেভাবে কাজ করে যাচ্ছেন তা আমাদের জন্য বড় পাওয়া।’কবাখালীর সমাজকর্মী মো. আলাউদ্দিন বলেন, ‘আত্মীয়-স্বজন ফেলে একজন নারী সমাজের জন্য কাজ করছেন। তাঁর কল্যাণে গরিব মানুষ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে অনেক সচেতন।’ ঝরনা রানি বলেন, ‘একটি সরকারি পাড়াকেন্দ্র হলে আলীনগরের চেহারা পাল্টে যাবে। আমার স্বপ্ন—গ্রামের প্রতিটি শিশু যেন শিক্ষার পাশাপাশি গান, আবৃত্তি করতে পারে, পারদর্শী হয়ে ওঠে।’ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘আলীনগরের ঝরনা রানির কথা শুনেছি। তিনি যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তা অনুকরণীয়। পাড়াকেন্দ্র স্থাপন ও পাঠশালার জন্য কিছু আসবাবপত্র দেওয়ার চেষ্টা করছি।’