গত বছর মজুদ করা আলু নিয়ে বিপাকে পড়া কক্সবাজার টেকনাফের চাষিরা এ বছর আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই চলতি মৌসুমে আলুর বদলে এবার অন্য সবজি চাষ করেছেন তাঁরা। ফলে চলতি মৌসুমে পর্যাপ্ত নতুন আলু ও আলুর বীজ বাজারে পাওয়া যাচ্ছে না। গত বছর আলু চাষ করে চাষিরা ব্যাপক লোকসানে পড়েন বলে জানা গেছে।উপজেলার নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাবিবপাড়া, মহেষখালীয়াপাড়া, লেঙ্গুরবিল, লম্বরী, হাতিয়ারঘোনা, রাজারছড়া, মিঠাপানিরছড়া, শীলখালী, জাহাজপুরা, শামলাপুর, বড় ডেইল, মাথাভাঙা, নিলার দমদমিয়া, আলীখালী, রঙ্গিখালী, পানখালী, মৌলভীবাজার, হোয়াইক্যংয়ের কানজনপাড়া, মিনাবাজার, লম্বাবিল, লাতুরাঘোনাসহ সেন্ট মার্টিনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা আগাম আলুর পরিবর্তে টমেটো, শিম, কপি ইত্যাদি সবজি চাষ করেছেন।টেকনাফ সদরের মহেষখালীয়াপাড়া গ্রামের চাষি নুর জাহান বেগম জানান, বাজারে দাম কম হওয়ায় অনেক কৃষক গত বছর হিমাগারে রাখা তাঁদের আলু তুলছেন না। প্রতি বস্তা আলুতে লোকসান গুনতে হচ্ছে ৪০০ টাকার ওপরে। তাই চলতি মৌসুমে আলু চাষে তাঁদের আগ্রহ নেই। উপজেলার জাহাজপুরা গ্রামের নবী হোসেন বলেন, গত কয়েক বছর ধরে এ সময় তিনি বিভিন্ন জনের কাছ থেকে বর্গা নিয়ে চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। গত বছর উৎপাদন খরচ বাদে তাঁর প্রায় ৭০ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। তাই চলতি মৌসুমে আরও কিছু বাড়তি জমি নিয়ে ফুলকপি, টমেটো ও শিম চাষ করেছেন। এসব সবজি বেচে আট-নয় লাখ টাকা আয় হবে আশা করছেন তিনি। ইতিমধ্যেই তিনি জেলা সদরে প্রায় দেড় লাখ টাকার ফুলকপি ও এক লাখ টাকার টমেটো বিক্রি করেছেন।টেকনাফের কৃষি সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. ইদ্রিস মজুমদার জানান, গত মৌসুমে টেকনাফে কৃষক ও ব্যবসায়ীরা যে দামে আলু কিনেছিলেন, মৌসুমের শেষ দিকেও দাম প্রায় একই রকম রয়েছে। ফলে ব্যবসায়ী ও কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে আগাম আলু চাষ গত বছরের তুলনায় অনেক কম হয়েছে।