আলু চাষের মঙ্গল-মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরুর কোনো আলু কি শেষ পর্যন্ত মঙ্গল গ্রহে চাষের উপযোগী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে একদল বিজ্ঞানী দক্ষিণ আমেরিকার একটি জায়গায় পরীক্ষামূলক আলু চাষ করতে যাচ্ছেন আগামী মাসে। সেখানে তৈরি করা হয়েছে মঙ্গল গ্রহের মতো প্রতিকূল পরিবেশ।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এবং লিমার ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের (সিআইপি) বিশেষজ্ঞরা ওই যৌথ পরীক্ষা চালাবেন। এ জন্য বাছাই করা হয়েছে বেশ কয়েক জাতের আলু। এ পরীক্ষায় সাফল্য এলে লাল গ্রহে সবজি চাষের সম্ভাবনা নিয়ে আশার সঞ্চার হবে।
সিআইপিতে নিবন্ধিত মোট সাড়ে ৪ হাজার জাতের মধ্য থেকে ১০০টি বাছাই করা হয়েছে। এর মধ্যে ৪০টি আন্দিজ পর্বতমালা এলাকার স্থানীয় জাত। এগুলো আকস্মিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেও যেমন টিকে থাকতে পারে, তেমনি পাথুরে ও অনুর্বর ভূখণ্ডেও ফলানোর উপযোগী। বাকি ৬০টি জাতের আলুকে বিশেষ প্রক্রিয়ায় উন্নত রূপ দেওয়া হয়েছে। ফলে সেগুলো ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত থাকার পাশাপাশি সামান্য পানি ও লবণের মধ্যেও টিকে থাকতে পারে।
আলুর ওই জাতকে কেবল মঙ্গেল জন্মালেই হবে না, বংশবৃদ্ধিও করতে হবে। নাসার জ্যোতির্জীববিজ্ঞানী হুলিও ভালদিভিয়া সিলভা বলেন, নির্বাচিত জাতের আলুগুলোর মধ্যে বেশ কয়েকটি এ পরীক্ষায় উতরে যাবে বলেই মনে হচ্ছে।
বিজ্ঞানীদের আশা, এই পরীক্ষার মাধ্যমে প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী আলুর জাত শনাক্ত করে পৃথিবীতে ক্ষুধা ও অপুষ্টি সমস্যার সমাধানের নতুন সম্ভাবনাও তৈরি হবে। সিআইপির গবেষক হান ক্রেউজে বলেন, ভবিষ্যতের জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। মরুকরণ, তাপমাত্রা বৃদ্ধি এবং মাটির লবণাক্ততা বৃদ্ধির মতো সমস্যাগুলো মোকাবিলার ব্যবস্থা করতেই হবে।
পেরুর দক্ষিণাঞ্চলীয় আতাকামা মরুভূমির একটি স্থানের সঙ্গে ‘লাল গ্রহের’ (মঙ্গল) পরিবেশের অনেক মিল পেয়েছেন ওই বিজ্ঞানীরা।