আলুটিলার হাতছানি
ঈদের লম্বা ছুটিতে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। যাঁরা প্রকৃতির সান্নিধ্যের পাশাপাশি একটু-আধটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁদের জন্য বেড়ানোর আদর্শ স্থান হতে পারে খাগড়াছড়ি।সারি সারি পাহাড়ের মাঝখানে ছোট্ট শহর খাগড়াছড়ি। এই শহর ছুঁয়ে এঁকেবেঁকে বয়ে চলেছে চেংগী নদী। বৌদ্ধবিহার, জুম খেত এবং আদিবাসীদের সহজ ও অনাড়ম্বরপূর্ণ জীবন দেখতে খাগড়াছড়িতে আসেন পর্যটকেরা। এসবের পাশাপাশি বলতে হয় আলুটিলার নাম। আলুটিলা আর অ্যাডভেঞ্চার যেন সমার্থক শব্দ। যাঁরা দুর্গমকে জয় করতে ভালোবাসেন, তাঁদের জন্য আলুটিলায় অনেক বিস্ময় ছড়িয়ে আছে। আলো-আঁধারিতে ভরা রহস্যময় গুহায় ঘুরে আসা কিংবা উঁচু পাহাড়চূড়ায় দাঁড়িয়ে মেঘের সঙ্গে মিতালি করার সুযোগ মিলবে এখানে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেএখানে তৈরি হয়েছে তারেং নামের একটি পর্যটনকেন্দ্র। ২০১১ সালে আলুটিলা আর্মি ক্যাম্প এলাকায় তৈরি করা হয় তারেং পর্যটনকেন্দ্রটি। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে গাড়িতে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হয় আলুটিলার তারেং পর্যটন এলাকায়। ত্রিপুরা ভাষায় ‘তারেং’ শব্দের অর্থ হচ্ছে ‘উঁচু পাহাড়’। তারেং পর্যটনকেন্দ্রের আশপাশে চোখে পড়বে অসংখ্য জুমখেত। আনারস, কমলা ও সবজির বাগান। জুমখেত আর গভীর অরণ্যে ঘেরা পাহাড়ি গ্রাম অন্য এক জগতে নিয়ে যাবে পর্যটকদের। অবিরাম ঝিঁঝি পোকার ডাক, নানা জাতের পাখির কলরব আর পাতার মর্মরধ্বনি সর্বক্ষণ সংগীত রচনা করে চলেছে সেখানে। সেই সংগীতের সুর লহরির মধ্যে হারিয়ে যেতে যেতে মনে হবে স্বর্গটা খুব দূরে নয়। বরং একেবারে নাগালের মধ্যে।যেভাবে যাবেন: নগরের অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহন অথবা বিআরটিসি পরিচালিত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে তিন ঘণ্টায় খাগড়াছড়ি পৌঁছানো যাবে। নামতে হবে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে। কোথায় থাকবেন: থাকতে পারেন পর্যটন মোটেল, শৈল সুবর্ণা, ইকোছড়ি হোটেল, হোটেল খাগড়াছড়ি ইন, ইমাং রিসোর্ট কিংবা হোটেল জীরানে। জেনে রাখুন: খাগড়াছড়ি শহর থেকে গাড়িতে করে আলুটিলা নেমে কিছুদূর হাঁটলেই তারেং পর্যটনকেন্দ্র। যাওয়ার পথেই পড়বে ত্রিপুরা আদিবাসীদের ছোট ছোট মাচাংঘর। পর্যটনকেন্দ্রে পৌঁছে একে একে ঘুরে দেখতে পারেন রহস্যময় গুহা এবং ধাতু চৈত্য বৌদ্ধবিহার।