আলেক্সান্দর ইভানোভিচ জুবকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার দশক আগের কথা। সুদূর কৈশোর থেকে সাগর হাতছানি দিয়েছে আলেক্সান্দর ইভানোভিচকে। সবে মেরিন একাডেমির পাঠ চুকিয়ে সাগর পাড়ির নেশায় মত্ত ভ্লাদিভোস্তকের এই তরুণ। পেশার শুরুতেই আদেশ এল: সদ্য স্বাধীন বাংলাদেশের সমুদ্রসীমায় মাইন অপসারণের। এ অভিযাত্রার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না ১৯ পেরুনো আলেক্সান্দর। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃপক্ষের আদেশ শিরোধার্য করা ছাড়া অবশ্য এ তরুণের সামনে কোনো বিকল্পও ছিল না । বাংলাদেশের জলসীমায় মাইন অপসারণে যুক্ত হওয়ার পটভূমির বর্ণনা এভাবেই দিলেন এই শিল্প উদ্যোক্তা আলেক্সান্দর ইভানোভিচ জুবকো। গত ১৮ জানুয়ারি বিকেলে ডেইলি স্টার কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশকে নিয়ে আবেগ আর ভালোবাসার কথা জানাতে গিয়ে ফিরে গেলেন স্মৃতির অলিগলিতে। জানালেন বাংলাদেশের সুসংবাদ তাঁকে গর্বিত করে। এখনো মনে করেন বাংলাদেশের জন্য আরও কিছু করার আছে। সুদূর তারুণ্যে পাওয়া বাংলাদেশের উষ্ণ আতিথেয়তা তাঁর কাছে এখনো সতেজ। ইভানোভিচ বললেন, ‘বাংলাদেশে মাইন অপসারণের কাজের শুরু বাহাত্তরের জুন-জুলাইতে। আর তা শেষ হয় দুই বছর পর অর্থাৎ চুয়াত্তরের জুলাইতে। তিন পর্বে এ অভিযানে প্রায় ৩০টি জাহাজে অংশ নেয় তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর প্রায় ১২০০ সদস্য। আমার কাজ ছিল তড়িৎ প্রকৌশলের, জাহাজের বৈদ্যুতিক কাজের দেখভাল করা।‘সুদূর ভ্লাদিভোস্তক থেকে আমাদের বহনকারী জাহাজ চট্টগ্রাম পৌঁছার পর বুঝেছি কতটা ভোগান্তি হবে। কারণ এমন গরম আবহাওয়ার সঙ্গে আমাদের পরিচয় নেই। সেই সঙ্গে সমুদ্রের ঢেউ আর অস্বচ্ছ পানি আমাদের কাজটাকে আরও কঠিন করে তোলে, প্রতিকূল আবহাওয়ায় প্রতিনিয়ত কঠোর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দুই বছর লেগেছিল মাইন অপসারণে। কারণ সাগরের ঢেউ উত্তাল থাকলে কাজ এগোত না। আবার সাগর বশে এলেও পানি এতটাই ঘোলা ছিল তাতে এক হাত নিচে কী আছে তা ঠিকমতো বোঝার উপায় ছিল না। সব মিলিয়ে তাদের কাজটা বেশ কঠিনই ছিল।’ বললেন আলেক্সান্দর।তবে আলেক্সান্দর স্বীকার করেন জীবনের দর্শনটা অনেকখানি পাল্টে গিয়েছে বাংলাদেশের এ অভিযানে এসে। এ জন্য কৃতিত্বটা দিতে চান অভিযানের পুরোধা অ্যাডমিরাল সের্গেই জুয়েঙ্কো আর ক্যাপ্টেন নিকোলাই বুবলিককে। তিনি বলেন, এ দুজনের অভিধানে হবে না বলে কোনো শব্দ ছিল না। কাজ যত কঠিনই হোক তাদের কথা হতেই হবে। এর পাশাপাশি অ্যাডমিরাল জুয়েঙ্কোর বড় গুণ ছিল ত্বরিত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজ তাই তাঁর এ শিক্ষা জীবন চলার পাথেয় হয়ে আছে।বাংলাদেশে কাজ করার সময়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আলেক্সান্দর বর্ণনা দিলেন বাংলাদেশের জন্য খাদ্যসামগ্রী বহনকারী গ্রিক জাহাজের উদ্ধারকাহিনি। ‘মাইন অপসারণের মাঝপথে পাথরে আটকা পড়ে গ্রিক জাহাজটি। ক্যাপ্টেন বুবলিক আদেশ দিলেন জাহাজটির পেছনে সোভিয়েত একটি জাহাজ নোঙর করার। এরপর সেটির প্রপেলার একটানা কয়েক দিন পলি সরিয়ে গ্রিক জাহাজটির চলার পথের বাধা সরিয়ে দিল,’ জানালেন ওই অভিযানের অন্যতম সদস্য।এখনো ওই দুই বছরের যে স্মৃতি তাঁকে তাড়িয়ে ফেরে তা খানিকটা ভয়াবহ আর যন্ত্রণাদায়কও বটে। শোনা যাক ইভানোভিচের মুখে: ‘সে সময় কাজ করতে গিয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে ঘণ্টা বাজানো হতো। আর ঘণ্টা বাজার অর্থ জাহাজের সব দরজা-জানালা বন্ধ। সে সময় কিন্তু শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা জাহাজে ছিল না। খুব স্বাভাবিকভাবেই সবার দম বন্ধ অবস্থা। জাহাজ নিরাপদ স্থানে আছে এমনটা নিশ্চিত না হলে দরজা-জানালা খোলার উপায় নেই। প্রথম প্রথম এটি হলেই আমরা শিউরে উঠতাম। শেষ দিকে অবশ্য গা সয়ে গিয়েছিল।’ আলেক্সান্দর বললেন, ‘ওই অভিযানের বেশির ভাগ সময় কেটেছে সাগরের বুকে। অবসর পেলে তীরে এসে স্থানীয় লোকজনের সঙ্গে ফুটবল আর ভলিবল খেলার সুযোগ হতো। ওই অল্প সময় স্থানীয় লোকজন যে আতিথেয়তা ও শ্রদ্ধা আমাদের দেখাত তাতে মুগ্ধ হতাম। এ মুগ্ধতার আবেশ এখনো সজীব। তাই তো বাংলাদেশের যেকোনো সুসংবাদ আমাকে গর্বিত করে। মনে হয়, আমিও এ অর্জনের অংশ।’মাইন অপসারণের অভিযান উপভোগ করেছেন কি না জানতে চাইলে আলেক্সান্দর বললেন, ‘দেখুন, তখনকার সোভিয়েত ইউনিয়নে অন্য অনেকের মতো ভিন্ন পারিপার্শ্বিকতায় বেড়ে উঠেছিলাম। ঠিক জানতাম না চারপাশের পৃথিবীতে কি অদল-বদল হচ্ছে। যখন নির্দেশ এল কাজে যোগ দেওয়ার, যোগ দিলাম। বলা হলো, সফলভাবে কাজ শেষ করতে হবে। সফলভাবেই মাইন অপসারণের অভিযান শেষ হলো। সন্তুষ্টচিত্তে বাড়ির পথে রওনা হলাম। ওই অভিযানে যোগ দেওয়ার জন্য গর্বই হয়।’নাবিক জীবন থেকে অবসরের পর পুরোপুরি শিল্প উদ্যোক্তায় পরিণত হয়েছেন আলেক্সান্দর ইভানোভিচ জুবকো। খাদ্য ও পানীয় উৎপাদনের পাশাপাশি নির্মাণশিল্প ব্যবসায় জড়িত রাশিয়ার এ ব্যবসায়ী ১৯৯৭ সাল থেকে রাশিয়ার ভ্লাদিভোস্তকে বাংলাদেশের কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বললেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভ্লাদিভোস্তককে শিল্প ও বাণিজ্যের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় রাশিয়া। এ ক্ষেত্রে জ্বালানি বিপণনের জন্য নজর দেওয়া হয়েছে এশিয়ার দেশগুলোতে। তাই তৈরি হচ্ছে নতুন নতুন অবকাঠামো। আর এসব অবকাঠামো নির্মাণে সুযোগকে কাজে লাগিয়ে দক্ষ বাংলাদেশিদের কর্মসংস্থানের কাজের সুযোগও রয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগী হতে হবে।