চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় আলেম-ওলামাদের বিভিন্নভাবে দ্বিধাবিভক্ত করে রেখেছিলেন। তাঁর উত্তরসূরিরাও বর্তমানে আলেম সমাজকে একত্র হয়ে কাজ করতে দিচ্ছেন না। ২৩ ডিসেম্বর সকালে কক্সবাজার শহরের লিংকরোড এলাকার ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের আ.লীগদলীয় সাংসদ আশেক উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুল জলিল কাওকাব, ইমাম মুসলিম (রা.) ইসলামিক সেন্টারের পরিচালক ছালাহুল ইসলাম প্রমুখ।