আলো ছড়াচ্ছে জীর্ণ বেড়ার ঘরের বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক কসরত প্রদর্শন করছে চকরিয়ার অনুশীলন একাডেমির শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
শারীরিক কসরত প্রদর্শন করছে চকরিয়ার অনুশীলন একাডেমির শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

চকরিয়া পৌর শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত বিএম চর ইউনিয়নে বিদ্যালয়টির অবস্থান। সড়কের উত্তর পাশেই জীর্ণ–শীর্ণ দুটি লম্বালম্বি বেড়ার ঘর। পাশে তিনতলা নির্মাণাধীন ভবন। জাতীয় পতাকা ও মাঠ না থাকলে বিদ্যালয় বলে চেনা কঠিন হতো। অথচ অনুশীলন একাডেমি নামের এই বিদ্যালয় কক্সবাজার জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান।
২৮ মে সকাল নয়টা। বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে ছয় শতাধিক শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করছিল। এরপর শারীরিক কসরতের (পিটি) পালা। পিটি শেষে যে যার শ্রেণিকক্ষে প্রবেশ করার অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয় পাঠদান। ভাঙা বেড়ার ঘর আর নির্মাণাধীন ভবনের নানা কক্ষে শ্রেণিকক্ষগুলোর অবস্থান। শ্রেণিকক্ষের দশা যেমনই হোক দূর গাঁয়ের এই বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি একেবারে আধুনিক।
তিনতলার নির্মাণাধীন ভবনের একটি কক্ষে দশম শ্রেণির ক্লাস চলছিল। বিষয় রসায়ন। শিক্ষক পাঠদান করছিলেন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে। পাশের বেড়ার ঘরের দরজা–জানালাহীন একটি কক্ষে চলছিল অষ্টম শ্রেণির গণিত বিষয়ের পাঠদান। সেখানেও মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে পড়াচ্ছিলেন শিক্ষক। আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের ফলও মিলেছে। প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবারই ভালো ফলাফল করছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ও পাচ্ছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি এই বিদ্যালয়টি গত বছর অষ্টম থেকে দশম শ্রেণিতে উন্নীত হয়। এ বছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে এসএসসি পরীক্ষায়।
প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম বলেন, ‘আমাদের বিদ্যালয়ের অবকাঠামো জীর্ণ–শীর্ণ হলেও ফলাফলে আমরা অনেক এগিয়ে। প্রতিটি বিষয়ের পাঠদান হয় প্রজেক্টরের মাধ্যমে। আমরা প্রতিটি শ্রেণিকক্ষকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর করে তুলেছি। শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে পাঠদান উপভোগ করে।’
বিদ্যালয় সূত্র জানায়, প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৭৩২ জন শিক্ষার্থী রয়েছে। ৪০ শতক জায়গার ওপর ১৯৯৬ সালে বিদ্যালয়টি ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা শতভাগ পাস করে। ২০১৫ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৫ জন এবং জেএসসিতে ১০ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। বিদ্যালয়টি বিভিন্ন প্রতিযোগিতা ও মেধাবৃত্তিতে অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্রথম আলো ভাষা প্রতিযোগিতায় অংশ নিয়ে পরপর দুবার জেলা চ্যাম্পিয়ন হয় অনুশীলন একাডেমি। এ ছাড়া ব্র্যাক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ও উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকসংগীতে তৃতীয় স্থান অধিকার করে।
তবে এমন আলো ছড়ানো বিদ্যালয়টি থেকে গেছে উন্নয়নবঞ্চিত। একটি স্থায়ী ভবন নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও ফল পায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৩ সালে নিজস্ব খরচে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করে। তবে তিনতলাবিশিষ্ট এই ভবনের নির্মাণকাজ ৬৫-৭০ শতাংশ শেষ হয়ে টাকার অভাবে থেমে আছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ চৌধুরী বলেন, ‘ফলাফলে শীর্ষে থাকলেও বিদ্যালয়টি উন্নয়নবঞ্চিতই রয়ে গেছে। অনেক জায়গায় ধরনা দিয়েও তিনতলাবিশিষ্ট ভবনটির নির্মাণকাজ শেষ করতে পারছি না। তবে শিক্ষার্থীরা বেড়ার ঘরে পড়ালেখা করেও তৃপ্ত। ২২ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।’
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, অনুশীলন একাডেমি ভালো একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি উন্নয়নবঞ্চিত থাকার বিষয়টি নজরে এসেছে। ফলাফল ধরে রাখতে গেলে বিদ্যালয়ের উন্নয়ন দরকার।