আলো ছড়ানোর সাড়ে ছয় দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ছয় দশকের পুরোনো নাজিরহাট কলেজ ভবনের সামনে ​শিক্ষার্থীরা l প্রথম আলো
সাড়ে ছয় দশকের পুরোনো নাজিরহাট কলেজ ভবনের সামনে ​শিক্ষার্থীরা l প্রথম আলো

আওয়ামী লীগের নেতা আতাউর রহমান খান কায়সার, সাহিত্যিক আহমদ ছফা, বর্তমান নির্বাচন কমিশনার মোবারক হোসেন, সাবেক সাংসদ রফিকুল আনোয়ারসহ বহু গুণী ব্যক্তি কলেজটির ছাত্র ছিলেন। উত্তর চট্টগ্রামের হাটহাজারি, ফটিকছড়ি ও রাউজান উপজেলার শিক্ষার্থীদের ভরসা এই কলেজ। সাড়ে ছয় দশকেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজ।
দিগন্তজোড়া মাঠ, খোলামেলা পরিবেশ, সমৃদ্ধ পাঠাগার, ল্যাবরেটরি, তথ্যপ্রযুক্তি ল্যাব, সুপরিসর একাডেমিক ভবন ও একদল নিষ্ঠাবান শিক্ষকের কারণে এটি চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা কলেজের মর্যাদা পেয়েছে। এই কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতকসহ ২০টি বিষয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। দুটি বিষয়ে স্নাতক সম্মান (সম্মান) কোর্স চালু রয়েছে। কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজার।
সম্প্রতি ওই কলেজে গেলে কথা হয় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে। কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৪৯ সালের ১ জানুয়ারি তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক এস কে দেহলবী এই ঐতিহাসিক কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নামকরণ করা হয় ‘নাজিরহাট কলেজ’। শুরু থেকে জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে এই কলেজে পাঠদান চলছে। বর্তমানে ৫৫ জন শিক্ষক ও ৩০ জন বিভিন্ন স্তরের কর্মচারী কর্মরত আছেন। কলেজের রয়েছে ৫৫ বিঘা জমি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৬২ সালে পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে। কলেজে সহপাঠ্যক্রমিক কার্যক্রম যেমন-বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলারও আয়োজন করা হয় নিয়মিত।
অবকাঠামো: বর্তমানে কলেজে সাতটি বহুতল এবং চারটি একতলা ভবন রয়েছে। নিজস্ব অর্থায়নে ১১ কোটি টাকা ব্যয়ে দুটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস এবং শিক্ষকদের জন্য একটি বাসভবন রয়েছে। আছে কলেজের নিজস্ব মসজিদ, দিঘিসহ তিনটি পুকুর এবং ৬৪ প্রজাতির বৃক্ষরাজি। ১০ হাজারেরও বেশি বইসমৃদ্ধ সুবিশাল গ্রন্থাগার, চারটি আধুনিক ল্যাবরেটরি এবং একটি আধুনিক তথ্যপ্রযুক্তি ল্যাবও রয়েছে।
কলেজের অর্জন: সুদীর্ঘ প্রায় সাত দশকে এ কলেজের শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম স্থানসহ অনেকবার মেধা তালিকায় স্থান পেয়ে আসছে। স্নাতক পর্যায়েও অনেকবার মেধা তালিকায় স্থান পেয়েছেন কলেজের শিক্ষার্থীরা। ২০০১ ও ২০০২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় এ কলেজকে বিভাগের শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বনায়নে পেয়েছে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পুরস্কার। জাতীয় শিক্ষা সপ্তাহে নৃত্যেও জাতীয় পুরস্কার পেয়েছে। ফুটবলে বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়েছে। ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ধারাবাহিকভাবে পর পর ১০ বার জেলায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে এই কলেজ।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ এস এম নূরুল হুদা বলেন, ‘এখান থেকে পড়াশোনা করে অনেক কৃতী শিক্ষার্থী দেশবরেণ্য হয়েছেন। শান্তিময় পরিবেশে এ কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাক—এমনটিই আশা করি।’