আলো দিয়ে খেতের পোকা দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সন্ধ্যা সাতটা। ধান খেতে বাঁশের সঙ্গে ঝুলছিল বৈদ্যুতিক বাতি। বাতির নিচে একটি প্লাস্টিকের গামলায় রাখা হয়েছে পানি। সেই পানিতে উড়ে গিয়ে পড়ছে নানা জাতের ক্ষতিকর পোকা।

১৯ সেপ্টেম্বর পটিয়া পৌরসভার বাহুলী গ্রামে গিয়ে ধানখেতের পোকা দমনের এই দৃশ্য দেখা গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কল্যাণে পটিয়ার কৃষকদের হাতে এখন পোকা দমনের নতুন পদ্ধতি। উপজেলার বিভিন্ন কৃষি ব্লকে এখন এই ফাঁদ ব্যবহারও করা হচ্ছে। কেমন কার্যকর এই ফাঁদ, ব্যবহারকারী কৃষকদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, পরিবেশবান্ধব এই পদ্ধতি বেশ কার্যকর। ওষুধ ছাড়াই সহজে তাঁরা পোকা দমন করতে পারছেন।

পটিয়া কৃষি অফিস সূত্রে জানায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৬৭টি কৃষিব্লকে ২৫০ থেকে ৩০০টি আলোক ফাঁদ ব্যবহার করা হচ্ছে। যে কোনো ফসলে ওষুধ ছাড়া এই ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায়।

পৌরসভার বাহুলী গ্রাম এবং কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের বেশ কয়েকজন কৃষক জানান, আলোক ফাঁদ ব্যবহার করে ফল পেয়েছেন তাঁরা। তাঁরা জানান, এই পদ্ধতিতে পোকা দমন বেশ সহজ।

বাহুলী গ্রামের কৃষক আবুল বশর বলেন, একটি ২০-৩০ ওয়াটের বৈদ্যুতিক বাতি, গামলা, পানি ও ডিটারজেন্ট ব্যবহার করে এই ফাঁদ সহজেই তৈরি করা যায়। আলোর আকর্ষণে পোকামাকড় আকৃষ্ট হয়ে ফাঁদের কাছে এলে গামলায় রাখা ডিটারজেন্ট মিশ্রিত পানিতে পড়ে যায়।

আবুল বশর আরও বলেন, এই পদ্ধিততে কেবল পোকা দমন হয় তা নয়, উপকারী ও অপকারী পোকাও সহজে চিহ্নিত করা যায়। কোন জাতের পোকাটি খেতে আক্রমণ করছে সেটিও চিহ্নিত করা যায়। এরপর পোকার আক্রমণ বেড়ে গেলে প্রয়োজনমতো সুনির্দিষ্ট কীটনাশক ব্যবহার করলে চলে।

উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, নতুন এই পদ্ধতির সঙ্গে কৃষকদের হাতে–কলমে পরিচয় করিয়ে দিতে কৃষি কর্মকর্তারা উপজেলার বিভিন্ন ব্লক পরিদর্শন করেছেন। আপাতত দুটি ব্লকের কৃষকেরা এই পদ্ধতিতে পোকা দমন করছেন। আলোক ফাঁদে আটকে পড়া পোকা সম্পর্কেও কৃষি কর্মকর্তারা কৃষকদের অবহিত করেছেন। কোন পর্যায়ে কীটনাশক ব্যবহার করতে হবে সে বিষয়েও পরামর্শ দিয়েছেন তাঁরা।

 রঘুনাথ নাহা আরও বলেন, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কীটনাশকের বদলে এই ফাঁদ ব্যবহার করলে পরিবেশদূষণ বন্ধ হওয়ার পাশাপাশি কৃষকেরা আর্থিকভাবেও লাভবান হবেন।