
সবুজ মাঠ। তাতে গোল হয়ে খেলছে শিশুরা। তাদের গতি তৈরি করে দিয়েছে নানা রং—লাল, নীল, হলুদ। আর পেছনে আগ্রহ নিয়ে শিশুদের খেলা দেখছে একদল দর্শক। চট্টগ্রামের আলোকচিত্রী হাসান মুরাদের তোলা ছবিটির শিরোনাম ‘দ্য মোশন অব জয়’।
এই দৃশ্য যেন দর্শকদের নতুন এক অভিজ্ঞতার কাছে পৌঁছে দেয়। প্রকৃতি, জীবনযাপন, কর্মমুখরতা—বিশ্ব কাব্যগাথার যেন উপস্থাপন বিস্তার আর্ট কমপ্লেক্সে পরম্পরা গ্যালারিতে। নানা জটিলতার আড়ালে চাপা পড়ে থাকা এসব টুকরো কাহিনি তুলে আনলেন ৩০ জন আলোকচিত্রী। কানাডার কুইবেক প্রদেশের শিকুতিমি বিশ্ববিদ্যালয় ও বিস্তার আর্ট কমপ্লেক্সের উদ্যোগে যৌথভাবে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী।
‘শো আস দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে ২০ নভেম্বর শুরু হওয়া প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উপচে পড়া দর্শক। প্রদর্শনী উদ্বোধন করেন আলোকচিত্রী শোয়েব ফারুকী। অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার, বায়ো সলিউশন ফর আ বেটার ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা চৌধুরী রিয়াদ ও বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ।
প্রদর্শনীতে ঢুকতেই চোখ আটকে যায় ভারতের বিশ্বজিৎ পত্রের তোলা আলোকচিত্রটিতে। একটি আয়নার সামনে বসে একজন মানুষ মুখে রং মেখে চোখে কাজল লাগাতে ব্যস্ত। পাশে আরেকজন মাখছে মুখে রং। যেন মানব চরিত্রের ছদ্মবেশী বাস্তবতাকেই তুলে ধরেছেন তিনি।
এদিকে শিল্পী চী কেং লিমের ক্যামেরায় ধরা পড়েছে অারেক চিত্র। ঘরের দেয়ালের খোপে জ্বলছে ছোট ছোট মাটির প্রদীপ। আলো-আঁধারি ঘরের মাঝখানে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে ধ্যানরত একজন বৌদ্ধ ভিক্ষু। যেন অন্ধকার সমাজের মধ্যে বিশ্বশান্তির প্রার্থনার কথাই বলছে মিয়ানমারের এই ছবি।
ভারতের শ্যামল বসুর ‘আন্ডার দ্য সানফ্লাওয়ার’ শিরোনামের ছবিতে দেখা গেল, বাতাসের তালে তালে দুলছে সূর্যমুখী ফুল। মাঝখানে খেলায় মেতেছে তিন শিশু।
এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিল্পীদের তোলা আলোকচিত্রও রয়েছে প্রদর্শনীতে। এসবের মধ্যে রয়েছে ‘ফেথ অব লাইফ’, ‘ফ্রেন্ডশিপ’, ‘প্রেয়িং’, ‘সি অব অরেঞ্জ’, ‘ইন টু দ্য মিস্ট’, ‘ফার্মল্যান্ড’, ‘দ্য হোম বাউন্ড’, ‘নাইট ফিশিং’ শিরোনামের ছবিগুলো। এককথায় মানুষের যাপিত জীবনের মূল নির্যাসই দেখা হয়েছে ক্যামেরার চোখে।
ফরাসি ভাষাভাষী অধ্যুষিত কানাডার কুইবেক প্রদেশের শিকুতিমি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবার আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ‘শো আস দ্য ওয়ার্ল্ড’–এর চতুর্থ সংস্করণ শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এর আগে এ প্রদর্শনীর প্রথম ও দ্বিতীয় সংস্করণ কানাডায় এবং তৃতীয় সংস্করণ ঢাকায় অনুষ্ঠিত হয়।
এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশের আলোকচিত্রীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ নেন। তাঁদের মধ্যে চট্টগ্রামের হাসান মুরাদের ‘দ্য মোশন অব জয়’ ও ‘ফ্লায়িং বয়েজ’ শিরোনামের দুটি ছবি জায়গা করে নেয়। এই প্রদর্শনীর আলোকচিত্রগুলো পৃথিবীর চোখ জুড়ানো সব দৃশ্যের। প্রকৃতির বাইরের রূপের সঙ্গে আলোকচিত্রীরা অন্তর্দৃষ্টিকে মিলিয়েছেন। এ যেন দর্শক চেনা জগতের বাইরে অন্য কোথাও গিয়ে পৌঁছায়।