
চারপাশে সবুজ পাহাড়। মাঝখানে এঁকেবেঁকে বয়ে গেছে লেক। আবার কোথাও পাহাড়চূড়ায় ভিড় করেছে মেঘমালা। প্রকৃতি যেন এখানেই তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। এমন দৃশ্য পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের। এভাবে পুরো চট্টগ্রামজুড়েই সবুজের মাঝে যেন উৎসবের আমেজ। ক্যামেরার চোখে চট্টগ্রামের এমন রূপ তুলে ধরেছেন আলোকচিত্রী শোয়েব ফারুকী।
১৮ মে নগরের হাটখোলার গ্যালারিতে শেষ হয়েছে ‘চিরায়ত চট্টগ্রাম’ শিরোনামের শোয়েব ফারুকীর একক আলোকচিত্র প্রদর্শনী। ফটোব্যাংক গ্যালারির সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করেছিল হাটখোলা। এতে স্থান পেয়েছে শোয়েব ফারুকীর ছয়টি পুরস্কার প্রাপ্তসহ মোট ৩৪টি আলোকচিত্র।
১৬ মে প্রদর্শনী উদ্বোধন করেন পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লুর ব্যবস্থাপনা পরিচালক সিক্কো গিয়ার। হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদের সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন শোয়েব ফারুকী। এরপর প্রদর্শনীটি উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। তিন দিনব্যাপী এ প্রদর্শনীর প্রতিটি আলোকচিত্রে তুলে ধরা হয়েছে বৃহত্তর চট্টগ্রামের সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতি। এ প্রদর্শনীতে উঠে এসেছে বহমান কর্ণফুলী নদী, চট্টগ্রাম বন্দর, ভাটিয়ারীর জাহাজভাঙা শিল্প, পার্বত্য চট্টগ্রামের অপরূপ নন্দনশৈলী, নান্দনিক নগর, চট্টগ্রামের মৃৎশিল্প ও সাধারণ মানুষের জীবনগাথা।
শোয়েব ফারুকী বলেন, ‘চট্টগ্রামের সৌন্দর্য দেশ-বিদেশের সব মানুষের কাছে তুলে ধরতেই আমার এই প্রদর্শনীর আয়োজন।’ এসব আলোকচিত্র নিয়ে ভবিষ্যতে বই প্রকাশের আগ্রহের কথাও জানান তিনি।
প্রদর্শনীর আলোকচিত্রগুলোতে অন্য এক চট্টগ্রামকে তুলে ধরা হয়েছে বলে জানালেন নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী কাঁকন চৌধুরী। তিনি বলেন, ‘এখানে এসে চট্টগ্রামকে আবার নতুন রূপে আবিষ্কার করতে পারলাম। চট্টগ্রামের এমন রূপবৈচিত্র্য দেখতে পেয়ে ভালো লাগছে।’