আলোকচিত্রে প্রকৃতির শোভা

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএ–পড়ুয়া ফাহিম হাসানের নেশা ছবি তোলা। রাঙামাটির গহিন অরণ্যের লেকে প্রতিদিন পানি খেতে আসা শঙ্খচিলের ছবি তুলতে কতই না কষ্ট করতে হয়েছে তাঁকে। লেকের ধারে একটি দৃশ্যের জন্য অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। অবশ্য এমন অপেক্ষার ফলটাও হয়েছে মধুর। তাঁর ক্যামেরায় বন্দী হয়েছে প্রকৃতির চমৎকার সব দৃশ্য।
ইংরেজি সাহিত্যের ছাত্র পার্থ প্রশান্তও ক্যামেরার ব্যাগ নিয়ে ঘোরেন। চলতি পথে অন্য রকম কিছু চোখে পড়লেই চটজলদি ক্যামেরা বের করে ক্লিক করতে দেরি করেন না। কেবল তাঁরা দুজন নন। সাজন বড়ুয়া, সাদমান সাকিব, নাজমিন নাদিয়া, তৌকিরসহ অনেকে আছেন এই দলে।
শখের এই আলোকচিত্রীদের এক করল নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ)। ১৪ ও ১৫ িডসেম্বর এখানে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে ইডিইউ ফটোগ্রাফি সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, আলোকচিত্র সমাজকে বদলে দেওয়ার আয়না হিসেবে কাজ করে। মানুষকে সচেতন হতে শেখায়। জাগিয়ে তোলে দেশপ্রেম।
তিনি আরও বলেন, আলোকচিত্র কেবল নিছক প্রদর্শনীর জন্য নয়। আজকের এই ধরনের প্রদর্শনীতে অনেক দুর্লভ ছবি স্থান পেয়েছে। এসব ছবির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের হারানো ঐতিহ্যকে খুঁজে পাই।
অনুষ্ঠানে ছবি তোলার নানা দিক নিয়ে আরও বক্তব্য দেন চিকিৎসক ও আলোকচিত্রী মোহাম্মদ জুনায়েদ রহমান, ইডিইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রক্টর শাহ আহমেদ প্রমুখ।
প্রদর্শনীতে শিক্ষার্থীদের তোলা মোট ৩০টি ছবি স্থান পায়। যেখানে বাংলার পাখি, নদী, পাহাড়ি ঝরনা, উৎসব, তারুণ্য, পথের মানুষের মানবিকতা, প্রকৃতি, নারীসহ বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এসব ছবি দেশের বিভিন্ন স্থান থেকে ক্যামেরায় ধারণ করেছেন ইডিইউর একঝাঁক শিক্ষার্থী।
এ ব্যাপারে ক্লাবের ও ইংরেজি বিভাগের শিক্ষক মোরশেদুল আরেফীন বলেন, ‘আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা প্রকৃতি ও মাটির সঙ্গে এ দেশের যে নিবিড় সম্পর্ক রয়েছে, তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এসব ছবি দেখে বড়রা যেমন আনন্দিত হয়েছেন, তেমনি ছাত্রছাত্রীরাও ছবির মাধ্যমে ভালো কিছু উপস্থাপনের মনোভাব পোষণ করেছেন।’