
ইতালির একটি অনলাইন ম্যাগাজিনে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটি ছবিতে চোখ আটকে যায় আইনজীবী পাওলো ক্রিস্টিনির। ‘মিলান এক্সপো’ শীর্ষক প্রদর্শনীর সেই ছবিটি পাওলোকে এতটাই আকৃষ্ট করে যে তিনি খোঁজ নেন চিত্রগ্রাহকের।
নাম আসাফ উদ দৌলা। চিত্রগাকহের এই নামটি একটু অন্যরকম ঠেকে পাওলোর কাছে। তিনি দেখেন এই চিত্রগ্রাহকের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে খুব একটা বেশি কিছু জানতেন না পাওলো। তাঁদের স্কুলে শেখানো হয় ‘পূর্বে অনেক দূরের একটি দেশ বাংলাদেশ, যে দেশটি অনেক দুয়োর্গ আর সমস্যায় জর্জরিত।’
আসাফের ছবি পাওলোকে এতটাই মুগ্ধ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আসাফকে খুঁজে বের করেন পাওলো। এরপর আসাফকে জানান তাঁর মুগ্ধতার কথা। আসাফের ছবির কথা। শুধু তা নয়, আসাফকে এ-ও জানান, আসাফের দেশের পতাকা উড়ছে ইতালির মিলানের রাস্তায়।
বাংলাদেশি ফটোগ্রাফার আসাফ উদ দৌলার আটটি ছবি প্রদর্শনীর জন্য স্থান পেয়েছে ‘মিলান এক্সপো-২০১৫’ তে। আসাফ ছাড়া বিভিন্ন দেশের আরও ১১ জন ফটোগ্রাফারের ছবি স্থান পায় এই প্রদর্শনীতে। ইতালির মিলানে প্রতি পাঁচ বছর পর পর এ এক্সপো অনুষ্ঠিত হয়। ছবি প্রদর্শনী ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে। এবারের এক্সপোর মূল বিষয়, ‘পোভার্টি অ্যান্ড পলিউশন’ (দরিদ্রতা ও দূষণ)। প্রদর্শনী শুরু হয়েছে গত ১ মে থেকে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
ড্যাফোডিল ফাউন্ডেশনের টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী আসাফ বলেন, গত বছরের নভেম্বর বা ডিসেম্বরের দিকে ফেসবুকে ফটোগ্রাফির একটি গ্রুপে তিনি এই এক্সপো সম্পর্কে জানতে পারেন। সে সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ প্রদর্শনীর জন্য ছবি আহ্বান করা হয়। আসাফ মোট ১৩টি ছবি জমা দেন।
এই বছরের শুরুর দিকে আয়োজকদের কাছ থেকে একটি ই-মেইল পান আসাফ। সেখানে তিনি জানতে পারেন তাঁর আটটি ছবি নির্বাচিত হয়েছে প্রদর্শনীর জন্য। ২০০৮ সাল থেকে শখের বশে ফটোগ্রাফি করা আসাফের ছবি দেশের ভেতর ১২টি যৌথ প্রদর্শনীতে প্রদর্শিত হলেও দেশের বাইরে এই প্রথম।
আসাফ বলেন, ‘যখন জানতে পারলাম ফটোগ্রাফারদের দেশের পতাকা উড়ছে মিলানের রাস্তায়। এটা জানার পর আনন্দে চোখে পানি চলে আসে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই ঘটনা আমাকে অনুপ্রাণিত করছে এগিয়ে যাওয়ার।’