আলোর পথের যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা মুক্তিযুদ্ধ জাদুঘর
গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা মুক্তিযুদ্ধ জাদুঘর

ঢাকা ইমপিরিয়াল কলেজ বন্ধুসভা আয়োজন করল বিজয় শপথের প্রথম আয়োজন। ৩০০ শিক্ষার্থী, বন্ধুসভার বন্ধু ও শিক্ষক দেশ গড়ার শপথ নিলেন। শপথ পাঠ করালেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওয়ালি উল্লাহ্।
শপথটি ছিল, ‘আমি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শপথ করছি যে আমি এ দেশকে আজীবন ভালোবাসব এবং এ দেশকে গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করব।’ এটাই ছিল শপথ।
১ ডিসেম্বর ঢাকা ইমপিরিয়াল কলেজ, ২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা আয়োজন করে বিজয় শপথের।
শুরুতে ছিল জাতীয় পতাকা হাতে নিয়ে সবার কণ্ঠে জাতীয় সংগীত। তারপরই বিজয় শপথ। শপথের পরে ছিল অন্যান্য আয়োজন। দেশের গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনাসহ বিভিন্ন আয়োজন।
এভাবেই সারা দেশে ছড়িয়ে পড়ছে বিজয় শপথ। দেশের অনেক স্থানে এ বিজয় শপথের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবারের হিসাবমতে মোট ৩৩টি জায়গায় হচ্ছে বিজয় শপথ।
গত বৃহস্পতিবার বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) বন্ধুসভা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছে। এমনি করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লাসহ বেশ কিছু বন্ধুসভা বধ্যভূমি পরিদর্শন ও সেই পবিত্র স্থানগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে।
ঢাকা মহানগর বন্ধুসভা উদ্যোগ নিয়েছে লেখার ইশকুলের (লেখা পাঠের আসর) পক্ষ থেকে বিজয় দিবস সংখ্যা বের করার।
এর বাইরেও রয়েছে বিজয় দিবসকে ঘিরে নানা আয়োজন। এ অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা লাখো শহীদকে স্মরণ করছি। তাঁদের চেতনায় প্রাণিত হচ্ছি। দেশ গড়ার শপথ নিয়ে আমরা মহান মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই। আমরা যাত্রী সেই আলোর পথের।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ