তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে আয়োজিত ছোটদের কবিতা সন্ধ্যা ‘আলোর পাখির গান’ ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় চট্টগ্রাম ও রাঙামাটির পাঁচটি আবৃত্তি সংগঠনের শিশুশিল্পীরা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় সমবেত কণ্ঠে শিশুশিল্পীদের পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। ‘আলোর পাখির গান’ শিরোনামের এ পরিবেশনায় অংশ নেয় তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীরা। এরপর আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী। সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাশেদ রউফ, মাহবুবুল হক চৌধুরী ও সাইফুল আলম। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
আলোচনা শেষে আবার আবৃত্তি। শিশুদের কণ্ঠে কখনো লোকজ ছড়া, কখনো স্বদেশ প্রেম আবার কখনো মনুষ্যত্বের জয়গানে মুখরিত হয়েছিল মিলনায়তন।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল ও রাঙামাটির স্বদেশ আবৃত্তি সংগঠনের শিশুশিল্পীরা।