আলো অন্ধকারে যাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটির নাম এজাজুল হোসেইন। শৈশব থেকেই তার চোখে সমস্যা। দেখতে পায় কম। চলতে-ফিরতে পড়তে হয় নানা ঝামেলায়। বাবা-মায়ের আদেশ, বাইরে যাওয়া চলবে না। কখন না জানি কী বিপদ ঘটে। তাই অন্য সবার মতো এ ছেলেটি বন্ধুদের সঙ্গে মাঠ দাপিয়ে বেড়াতে পারে না। সুযোগ নেই তার একা একা ঘরের বাইরে বের হয়ে মস্ত পৃথিবীটাকে দেখার। অবসরের পুরো সময়ই সে বসে থাকে কম্পিউটারের সামনে। ভিডিও গেমস নিয়ে কাটে সময়। প্রোগ্রামের পোকা তার মাথায়। স্বপ্ন, একদিন সফটওয়্যার নিয়ে কাজ করবে। তৈরি করবে দারুণ সব প্রোগ্রাম। কিন্তু একদিন ওলটপালট হয়ে গেল সব। একটা দুর্ঘটনার পর চোখের আলো নিভে গেল পুরোপুরি। চারপাশজুড়ে ভর করল অন্ধকার। কালো ছাড়া কোনো রংই আর সাড়া দেয় না তার ডাকে। এমন সব প্রতিকূলতায় ভেঙে পড়ল এজাজুল। চেপে ধরল হতাশা। অন্যের সাহায্য ছাড়া বাইরে বের হওয়ার উপায় নেই তার। স্বপ্ন পূরণ তো দূরের কথা, পড়াশোনাটাই গেল বন্ধ হয়ে। দৃষ্টিপ্রতিবন্ধীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য এ দেশে নেই পর্যাপ্ত সুযোগ। ব্রেইল পদ্ধতির সাহায্যেই একমাত্র তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। সফটওয়্যার নিয়ে কাজ করার ক্ষেত্রে নেই এ ধরনের কোনো সুযোগ। তিনটি বছর তাই চার দেয়ালের ভেতর বন্দী হয়েই কাটল সময়। কিন্তু একদিন ছেলেটি বুঝল এভাবে ঘরে বসে সময় কাটালে সে ধীরে ধীরে সমাজের বোঝা হয়ে উঠবে। অন্যের করুণায় বেঁচে থাকতে হবে সারাটি জীবন। উচ্চশিক্ষার জন্য পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিল ইংরেজি। চোখে দেখাটা খুব জরুরি নয় এ ক্ষেত্রে। অন্যের সাহায্য নিয়ে দিব্যি মুখস্থ করে ফেলা যায় সব। সবই ঠিক ছিল, কিন্তু মাথার ভেতর প্রোগ্রামের পোকাটা বড্ড যন্ত্রণা দিত তাকে। ভালো লাগার বিষয়ে পড়তে না পারার কষ্টটা অনেক। তবে ছেলেটি হাল ছাড়ল না। নিজের স্বপ্নগুলো এত সহজে ওলটপালট হয়ে যাবে, এটা মানতে রাজি নয় সে। একদিন কম্পিউটারের সামনে বসে প্রোগ্রামের কাজ শুরু করল। কি-বোর্ডের সাহায্যে লিখল নানা সব জটিল বিষয়। তারপর পাশে থাকা বন্ধুকে জিজ্ঞেস করে জানতে পারল, সে যা লিখেছে তাতে ভুল নেই কোনো। ঠিক ঠিক ফুটে উঠেছে মনিটরে। সাহস বেড়ে গেল ছেলেটির। বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করতে লাগল কয়েক দিন। নিজের জন্য তৈরি করল ছোটখাটো কিছু প্রোগ্রাম। স্ক্রিনরিডার নামের একটি সফটওয়্যারের সাহায্য নিয়ে সব কাজ করতে লাগল এজাজুল। মনিটরে যে লেখাই ফুটে উঠুক না কেন, তা পড়ে শোনানোর কাজ এ সফটওয়্যারটির। এত কিছুর পর ছেলেটি বুঝল সফটওয়্যার নিয়ে পড়াশোনা করার সময় এসেছে তার। নিজের কাজগুলো নিয়ে সে গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান মুমিত খানের কাছে। দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেদের পড়াশোনার জন্য যে সুযোগ প্রয়োজন, তা নেই এ বিশ্ববিদ্যালয়ে। ‘কম্পিউটার সায়েন্স একটি জটিল বিষয়। চোখে না দেখতে পেলে এ বিষয়ে পড়াশোনা করে টিকে থাকাটা খুবই কঠিন কাজ।’ বলছিলেন মুমিত খান। ছেলেটির আগ্রহের কাছে হার মানতে হলো সবাইকে। ভর্তি পরীক্ষায় উতরে গেল ছেলেটি। অবশেষে পেয়ে গেল নিজের প্রিয় বিষয়ে পড়াশোনা করার সুযোগ। ‘আমি পরিপূর্ণ সুখী একজন মানুষ। চোখে দেখতে পাই না বলে কোনো কষ্ট নেই আমার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। সুযোগ পেলে দারুণ সব প্রোগ্রাম তৈরি করব আমি একদিন। দূর করব দৃষ্টিপ্রতিবন্ধীদের উচ্চশিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতাগুলো।’ আত্মবিশ্বাস আর সাহস নিয়ে এ কথাগুলো বলছিল এজাজুল। খুব বেশি বন্ধু নেই তার। সেই ছোটবেলা থেকে একজন বন্ধু বিপদ-আপদে পাশে আছে ছেলেটির। নিজের পড়াশোনার পাশাপাশি সে এজাজুলকে সব রকম সাহায্য করে। ক্লাসে এজাজুলের পাশে বসে থেকে সাহস জোগায়। শিক্ষকের দেওয়া সব টুকে নিয়ে বাসায় গিয়ে আবার কম্পিউটারে টাইপ করে দেয় বন্ধুটি। অবসরে পাশে বসে থেকে এজাজুলকে পড়ে শোনায় কাকাবাবু আর ফেলুদার গল্প। এ বন্ধুর হাত ধরেই এত দূর আসতে পেরেছে এজাজুল। ছায়ার মতো পাশে থেকে এ বন্ধুটি এজাজুলের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যায়। এজাজুল আজ আর একা নয়। আর্থিক, মানসিক, শারীরিক—সব বাধাই সে ডিঙিয়ে যাচ্ছে একে একে। গর্ব করার মতো এই ছেলেকে নিয়ে মা-বাবার এখন আর কোনো আক্ষেপ নেই। এজাজুল বড় হবে। অনেক বড়। সবাইকে টপকে একদিন হয়ে উঠবে সেরা প্রোগ্রামার। তার আত্মবিশ্বাস আর সাহসই এ কথা জানিয়ে দেয় সবাইকে।