আলো আর ভালোবাসার প্রাঙ্গণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: আনিস মাহমুদ
ছবি: আনিস মাহমুদ

থিয়েটার করব—এ চিন্তা মাথায় প্রথম এসেছিল আমার বয়স যখন আঠারো; গ্রামের বড় রাস্তায় ব্রিজের ওপর সন্ধ্যাবেলার হাওয়া খেতে খেতে; তখন দূরের কোনো মণ্ডপ থেকে আরতির শব্দ ভেসে আসছিল, সঙ্গে মৃদঙ্গ-মন্দিরার তাল। আমি যে জনসমাজের লোক, সেখানে সন্ধ্যায় আধ্যাত্মিক গানবাদ্য হয়। পালা-লীলা-নৃত্য-গীত-বাদ্য-অভিনয়—এসব এ সমাজের একদমই রুটিন ক্রিয়াকলাপ বলা যায়। রক্তের ভেতর পরম্পরার প্রবাহ তো থাকবেই। তার ওপর আমার বাবা পেশায় শিক্ষক হলেও যৌবনে যাত্রাভিনয় করতেন; প্রম্পমাস্টার আর নাট্যসংগঠক হিসেবেও বাবার খ্যাতি ছিল। মায়ের গলায় ছোটবেলায় শোনা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ‘নে নয় মনে মোর পাখি আজ গান গায়...’ গানটা আমাকে গানের পাগল হতে উসকে দিয়েছে। 
তো সেই সন্ধ্যায় হঠাৎ করেই আমি আর আমার বন্ধুরা ঠিক করেছিলাম একটা নাটক করি। তখন আমাদের গ্রামগুলোতে যাত্রার ধুম ছিল। কনসার্ট শোনামাত্র কী রোমাঞ্চ! তবে আমরা ঠিক করলাম, আমরা যাত্রা করব না। একদম সাধারণ মানুষের সমস্যা নিয়ে নাটক করব। সহজ ও স্বাভাবিক অভিনয়ে। ওই রাতে নাটকটির কয়েক পাতা লিখে ফেলেছিলাম। মেঘ-বৃষ্টি-রোদ। পরের দিন সন্ধ্যায় ওই কয়েক পাতা দিয়েই রিডিং শুরু, মোমবাতি জ্বালিয়ে। মাস খানেক মহড়ার পর সেই নাটকের মঞ্চায়ন হলো ঘোড়ামারা গ্রামের পূজামণ্ডপে। চারদিকে কীভাবে জানি একটা খবর রটে গিয়েছিল, এবার অন্য রকম একটা নাটক হতে যাচ্ছে। নাটকটিতে মুক্তিযুদ্ধ ছিল, রাজাকার ছিল, কিন্তু সমকালীন ক্যানভাসে। আর ছিল সামাজিক নানান সংঘাত, বিদ্বেষ, কুসংস্কার ও টগবগে প্রতিবাদ। ওই দিনই দলের নামও দেওয়া হলো। আধুনিক নাট্যগোষ্ঠী। তখন মনে তারুণ্যের কিছু না-মানা রক্তগরম চাঞ্চল্য। আমরা পুরোনোকে মানি না। তাই আধুনিক। দলের সব কর্মীই জাতিগতভাবে মণিপুরি। ২০০০ সালে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র, দলের নামও পাল্টিয়ে রাখা হলো মণিপুরি থিয়েটার। জাতির নামেই নাট্যদলের নাম। আমরা নিজের ছোট্ট জাতিসত্তাটিকে নিয়ে বড় বড় স্বপ্ন বাঁধতে লাগলাম। ভাবলাম, জাতির পতাকা উড়িয়ে মণিপুরি থিয়েটার বিশ্বমাঝারে হয়তো একদিন নিজ ভিতে দাঁড়িয়ে যাবে!
কতটুকু দাঁড়িয়েছি জানি না, তবে ভেঙে যে পড়িনি, সেটুকু বলা যায়। কখনো মণিপুরের রতন থিয়াম, কখনো বাংলার সেলিম আল দীন কিংবা সৈয়দ জামিল আহমেদ...এসব নাট্যচিন্তা বিপ্লবীদের¯চেতনার বারুদে আমাদের হতাশার অন্ধকারকে দূর করেছি, পেয়েছি রামেন্দু মজুমদার, মামুনুর রশীদসহ আরও অনেক নাট্যরথী আর সহৃদয় বন্ধুর ভালোবাসার উদার সাহচর্য। কখনো হাত পেতেছি মণিপুরি নটপালার ইশালপা বা গায়েনের দেহ-মন উজাড় করা পরিবেশনায়, কখনো রাসলীলার অনুপম মুদ্রা-গীতে, পদাবলি কীর্তনীয়ার গায়কিতে, কখনো বা বাংলার লোকপালার গায়েনদের পরিবেশনায়। মাত্র কয়েক হাজার মানুষের একটি ভাষার বেঁচে থাকার শৈল্পিক লড়াইকে বুকে বেঁধেছি বলেই আমরা সীমাকে ভেঙেছি সীমাহীন স্পর্ধায়। গ্রামে গ্রামে ঘুরে নাটক করেছি, জল-বৃষ্টি-কাদায় মাখামাখি উৎসবে মেতেছি, কখনো প্রতিবাদে রাস্তায় আগুন জ্বেলেছি, কখনো ধর্মীয় মণ্ডপের মাটিতে সীমানা এঁকেই নাটকের সেক্যুলার মঞ্চ গড়েছি।
জাপানি লেখক হারুকি মুরাকামি বলেছিলেন, ‘তোমার যদি প্রতিভা আর তারুণ্য থাকে, তবে জেনো, তোমার উড়বার দুটি ডানা আছে।’ সেই ডানায় ভর করেই বুঝি আমরা গ্রামের সীমা ছাড়িয়ে একদিন শহরে, জাতীয় আসরে, আরেক দিন গিয়ে দাঁড়িয়েছি বিশ্বনাটকের মঞ্চভূমেও। আমাদের ধর্মদর্শনের রাধা-কৃষ্ণকে বাঙালির বড়ু চণ্ডীদাসের বয়ানে বেঁধেছি (শ্রীকৃষ্ণকীর্তন), রবীন্দ্রনাথকে নিজেদের ভাষায়, ভঙ্গিতে নিজ ঘরের মানুষ করে নিয়েছি (রুদ্রচ ও দেবতার গ্রাস), মধুসূদনকে তাঁর ভাষার পোশাক না বদলিয়েই আমাদের নিজেদের সাংস্কৃতিক আভরণে সাজিয়েছি (কহে বীরাঙ্গনা)। আর আমাদের ইতিহাসের লড়াইয়ের কথা বলেছি (ভানুবিল), একজন গ্রাম্য কাঠমিস্ত্রির জীবন অবক্ষয়ের কষ্ট গেয়েছি (ধ্বজো মেস্তরীর মরণ), একজন মৃদঙ্গবাদকের চরম ট্র্যাজেডিকে চোখের জলে ভিজিয়ে বয়ান করেছি (ইঙাল আধার পালা)।
সবকিছুই করেছি আমরা সুন্দরকে সামনে রেখে। শিল্প তো অসুন্দরের কথাও সুন্দর করেই বলবে। অস্কারওয়াইল্ড বলেছিলেন, ‘থিয়েটারই সেই শ্রেষ্ঠ শিল্প-আঙ্গিক, মানুষ যার আদি–অন্ত কারিগর এবং যা মানুষকে শেখায়—কীভাবে (সুন্দর) মানুষ হওয়া যায়।’ আমাদের মণিপুরি শিল্পজীবনের পরতে পরতে এই মানবিক সুন্দর, এই আড়াল আর প্রতীক-ইশারা-চিহ্ন। সেই গূঢ়ার্থকে অন্তরের ভেতর থেকে উৎসারিত ভঙ্গিমায় ধরার জন্য আমাদের থিয়েটারের একটা নিজস্ব ভাষার সন্ধান আমরা করে চলেছি। হয়তো তার পরিপূর্ণ ধারণতিথি আজও বহুদূর।
গ্রাম আর শহরের শিল্পবিচারভেদকে দূর করতে লড়াই করেছি আমরা। নদীর পারে কষ্টাধিগম্য এক গ্রামের ভেতর আমাদের কর্মকাণ্ড। কিন্তু আমরা কোনো দিনই ভাবিনি যে আমরা প্রান্তিক। সেলিম আল দীন স্যার একদিন আমাকে বলেছিলেন, ‘নিজের অঞ্চলে কাজ করিস, কিন্তু কখনো আঞ্চলিক হবি না; অঞ্চল সমগ্রবিচ্ছিন্ন কিছু নয়, সমগ্রেরই অংশ।’ সেই সমগ্রতার ভেতর নিজের পরিচয়চিহ্ন নিয়ে দাঁড়ানোর লড়াই-ই আমাদের থিয়েটার।
আমরা দেশ-বিদেশের মঞ্চে গিয়ে নাটক পরিবেশন করতে শুরু করলাম, দর্শকদের অসীম ভালোবাসা-সম্মান পেলাম, আনুষ্ঠানিক স্বীকৃতিও এল, কিন্তু পালা শেষে নিজ ঘরে ফেরার অন্ধকার পথে আমাদের আপন হয়ে থেকেছে ঝাঁকে ঝাঁকে গ্রাম্য জোনাকপোকা।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রায় প্রত্যেক বাঁকে রেখায় গীতিনৃত্যের সুরে-ছন্দে ঝংকার তোলা বিস্ময়কর যে ঐতিহ্যচেতনার ভেতর বয়ে চলেছে, তার অভয়বাণীই তো আমাদের দুরূহ নাট্যচর্চার পান্থসারথি।
আজ দেড় যুগ পর আমাদেরই ছোট্ট গ্রামের সবুজ জমিনে হলুদ সোনা রঙের গড়ন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের নিজস্ব থিয়েটার-স্টুডিও নটমণ্ডপ। তার মাথাটি উঁচু কেবল শিল্পসিদ্ধির বরাতে নয়, আদর্শিক লড়াইয়ে আপোস না করা এবং নিজেদের ঘাম ও শিল্পশ্রমের বিনিময়ে নির্মিত হওয়ার গর্বে। নেপথ্যে যার প্রধান কারিগর আমার বাবা, আমাদের এই দলের আজন্মের অভিভাবক লালমোহন সিংহ। পর্যাপ্ত একখণ্ড ভূমি দান করেছেন তিনি। স্টুডিওটি যখনমাত্র নাট্যোৎসবে মহড়ায় মুখর হওয়ার পথে, তখনই একদিন আকস্মিক তিনি আমার, আমাদের অন্তরদীপ্ত করা আলোটুকু নিয়ে মিলিয়ে গেলেন না-দেখা দিগন্তের অন্ধকারে। তাতে কী! সেই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো যে দীপ্ত করে রেখেছে আমাদের নাট্যপথরেখা!
শুভাশিস সিনহা: প্রতিষ্ঠাতা সভাপতি, মনিপুরি থিয়েটার।