আলো আরও আলো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোর পাশে ছিল অন্ধকারের লুকোচুরি। একটি ছবিতে ‘কর্ণফুলীর শেষ বিকেল’ ধরা দেয় অপরূপ রূপে—কর্ণফুলীর জলগাড়ি, সেতুর নিচে সাপের মতো ছুটে চলা জলের কলরোল কিংবা নদীর বুকে বিষণ্ন বিদায়ের আলো ছড়িয়ে সূর্য ডোবার দৃশ্য মন ছুঁয়ে যায়। এ রকম ‘ড্যান্সিং উইথ দ্য শ্যাডো’, ‘ওয়াটার ফেস্টিভ্যাল’, ‘টেস্টিং দ্য রেইন ড্রপস’, ‘র্যাফটস্ ইন দ্য রিভার’, ‘হোপ ফর দ্য বেস্ট’, ‘দ্য ফাইটারস্ অ্যান্ড দ্য উইনারস্’, ‘অ্যা টোটাল সমারসল্ট’, ‘চেজিং’, ‘অ্যা ডেয়ারিং ড্রাইভ’ ছবিতেও আলোর মেলা খেলা করে নানা রূপে, নানা বর্ণে, ছন্দে-গীতিতে। ‘আলো...আরও আলো-২’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী চলছে জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে। চট্টগ্রাম ফটোআর্টিস্ট ক্লাব (সিপিসি) আয়োজিত এপিক প্রপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয় ১৮ মে বিকেলে। চলবে ২৬ মে পর্যন্ত।আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। কাজী গোলাম কুদ্দুস হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল ব্যার্থে, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ ও এপিক প্রপার্টিজের বিপণন ও বিক্রয়প্রধান মাহফুজুল বারি। আরও বক্তব্য দেন সিপিসির প্রধান উপদেষ্টা শোয়েব ফারুকী, সভাপতি কাজী গোলাম কুদ্দুস হেলাল ও সাধারণ সম্পাদক মো. ইসা খান। এতে আবুল মোমেন বলেন, ‘মানুষ যুগে যুগে আলোর অভিসারী, আলোর পথে যাত্রা করো—এ শিল্পের নাম আলোকচিত্র। এটা সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মাধ্যম, যা বাস্তবতাকে ছাড়া এক পা-ও চলতে পারে না, অথচ যা বাস্তবতাকে এক অপার্থিব নান্দনিক উচ্চতায় তুলে নিয়ে যেতে পারে। ফটোগ্রাফি এমন এক শিল্পমাধ্যম, যা একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র শিশিরবিন্দুকেও চাইলে সূর্যের চেয়ে দেদীপ্যমান ও বর্ণাঢ্য করে তুলতে পারে।’ স্যামুয়েল ব্যার্থে বলেন, ‘সিপিসির বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে ফটোগ্রাফিতে আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, পেয়েছেন বিশ্বব্যাপী পরিচিতি। বাংলাদেশের আলোকচিত্রকে বিশ্ব আলোকচিত্রের মানচিত্রে যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে তাঁরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।’রাশেদ রউফ বলেন, ‘মানুষকে আনন্দের দিকে, উৎসবের দিকে এগিয়ে নিতে এবং হতাশা থেকে মানুষকে ফেরানোর জন্য এ সব প্রদর্শনী ভালো ভূমিকা রাখতে পারে।’ প্রদর্শনীতে অংশ নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলোকচিত্রী নেওয়াজ মোরশেদ বলেন, ‘এত জন আলোকচিত্রীর কাজ একসঙ্গে আর কখনো কোনো প্রদর্শনীতে আসেনি। এটা আসলেই বিরল দৃষ্টান্ত।’ প্রদর্শনী দেখতে এসেছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী বিপাশা বড়ুয়া। তিনি বলেন, ‘ছবিতে আলোকচিত্রীদের কারুকাজ আমার খুব মনে ধরেছে। প্রদর্শনী দেখে ভাবছি, আমিও ফটোগ্রাফি শিখব।’সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে সিপিসির ৬৭ জন নবীন-প্রবীণ সদস্যের প্রায় ১২০টি ছবি উপস্থাপন করা হচ্ছে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত।