আলো-ছায়ার উৎসব
ঈদের দিন অন্দরসাজেও থাকা চাই উৎসবের আবহ। অনেকেই ঘর সাজানোর নানা রকম নতুন উপকরণ কেনেন এ সময়। গৃহসজ্জায় ল্যাম্পশেডের জুড়ি মেলা ভার। এর ফলে আলো-আঁধারের খেলায় সৃষ্টি হয় দৃষ্টিনন্দন আর মায়াঘন এক পরিবেশ। পাশাপাশি তৈরি হয় এক ভিন্ন আবহ, যেখানে আলো নিজেই যেন ‘কথা কয়’।রেডিয়েন্ট ইন্টেরিয়র ডিজাইনের স্বত্বাধিকারী ও ডিজাইনার গুলশান নাসরিন চৌধুরী বলেন, একটা ল্যাম্পশেড পুরো ঘরের সাজটাকেই বদলে দেয়। তবে ঘরের আকার, পর্দার রং ও আসবাব অনুযায়ী ল্যাম্পশেড নির্বাচন করা উচিত। আবার ল্যাম্পগুলো রাখার ক্ষেত্রে সঠিক স্থান নির্ধারণও গুরুত্বপূর্ণ। কেননা ঠিক জায়গায় ব্যবহূত ল্যাম্পশেডের আলো বাড়িতে পা রাখামাত্রই মনের মধ্যে একধরনের পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করেন তিনি।বসার ঘর বা ড্রয়িংরুমের জন্য ব্যবহূত ল্যাম্পগুলো ত্রিভুজ আকারের এবং একটু বড় হওয়া উচিত। এই ল্যাম্পগুলোর উচ্চতা হবে মাটি থেকে দুই বা আড়াই ফুট। আরও ভালো হয়, যদি কারুকার্যময় ল্যাম্পশেড ব্যবহার করা হয় ড্রয়িংরুমে। আর এটা যদি ছাদ থেকে ঝোলানো হয়, তবে ঝাড়বাতি আকারের কয়েকটি ল্যাম্প ব্যবহার করা যেতে পারে। তবে ল্যাম্পগুলো একই উচ্চতায় না রেখে বিভিন্ন উচ্চতায় ঝোলানো যেতে পারে। সে ক্ষেত্রে ছাদ থেকে আড়াই, দুই ও দেড় ইঞ্চি ব্যবধানে ল্যাম্পগুলো ঝোলানো উচিত। আসবাব কাঠ বা বেতের হলে কাপড়, নারকেলের মালা, পাট, বাঁশ, মাটি বা কাঠের ল্যাম্পশেড মানানসই হবে। তবে আসবাব যদি রট আয়রনের হয়, তবে সিরামিক, কাচ বা রট আয়রনের ল্যাম্পশেড ব্যবহার করা যেতে পারে। শোবার ঘরের জন্য ছোট স্ট্যান্ডের ল্যাম্পশেড নির্বাচন করাই ভালো। আর ব্যবহারের সুবিধার জন্য ল্যাম্পশেড বিছানার পাশে রাখাই ভালো। খাওয়ার ঘরের ল্যাম্পগুলো সাধারণত ঝোলানো হয়ে থাকে। এতে ওপর থেকে পড়া আলোর প্রতিফলনে খাওয়ার টেবিল এবং আশপাশের এলাকা অনেক বেশি উজ্জ্বল দেখায়। এ ক্ষেত্রে কাচ ও সিরামিকের বিভিন্ন ফলের আকৃতি বা ডিম আকৃতির ল্যাম্পশেড ব্যবহার করার পরামর্শ দেন ডিজাইনার গুলশান নাসরিন চৌধুরী। পড়ার ঘরের জন্য ঝোলানো বা টেবিলে রাখা ছোট স্ট্যান্ডের ল্যাম্পশেড ব্যবহার করা উচিত, তবে বেশি পাওয়ারের বাল্ব ল্যাম্পশেডে ব্যবহার না করাই ভালো। ৪০ থেকে ৬০ পাওয়ারের বাল্ব ব্যবহার করা যেতে পারে। ল্যাম্পশেডে ধুলা বা ময়লা জমলে ব্রাশ, কাপড় বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নিয়মিত পরিষ্কারের পরামর্শ দেন তিনি।দাম-দরসহ যেখানে পাবেন ল্যাম্পশেডঢাকার যাত্রা, আড়ং, আইডিয়া ক্রাফট, আইডিয়াস, শেপ অ্যান্ড ফর্ম, ভার্টিক্যাল, নন্দন কুটির, বাংলার মেলা ও নিউমার্কেটে পাবেন বিভিন্ন আকার আর বাহারি ডিজাইনের ল্যাম্পশেড। বর্ণিল কাপড়ের মধ্যে সুতার ফোঁড়ের কারুকার্য করা কম উচ্চতার ল্যাম্পশেডগুলো পাওয়া যাবে ২৫০-৬৮৫ টাকায়। বাঁশের তৈরি ল্যাম্পশেড পাবেন ৪১৫-৮০০ টাকায়। বাঁশ আর সিল্কের কাপড়ের তৈরি ল্যাম্পশেডগুলোর দাম পড়বে ৪৫০-৩০০০ টাকা। চারদিকে বেতে মোড়ানো ল্যাম্পশেডের দাম পড়বে ৪৮০-১৫০০ টাকা। টিস্যু কাপড়, দড়ি আর মাটির তৈরি ল্যাম্পশেড কিনতে পারবেন ২৮০-৬০০ টাকায়। কাপড়ের ওপর আলপনা করা ল্যাম্পশেডগুলোর খরচ পড়বে ৫৫০-৭০০ টাকা। এ ছাড়া রট আয়রনের তৈরি ল্যাম্পশেড বানিয়ে বা কিনে নিতে পারেন। খরচ পড়বে ৩০০-১০০০ টাকা। সিরামিকের তৈরি ল্যাম্পশেড কিনতে হলে ইলেকট্রনিকসের দোকানগুলোয় খোঁজ নিতে হবে। ১৫০০-৫০০০ টাকায় বিক্রি হওয়া এসব ল্যাম্পশেডের দাম নির্ভর করে বাল্বের সংখ্যার ওপর। এ ছাড়া দোকানভেদেও দামের ভিন্নতা হয়ে থাকে।