আলো-ছায়ার খেলা

ঢাকার দৃক গ্যালারি, গত ২৬ ফেব্রুয়ারি। দোতলা ও তিনতলা ঘুরে ছবি দেখছিলেন দর্শনার্থীরা। আঁকা ছবি নয়, ক্যামেরায় তোলা ছবি। ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে আয়োজন করা হয়েছিল ‘ক্যাচ দ্য লাইট সেসন-১’। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলেছে তিন দিন। প্রদর্শনী ও প্রতিযোগিতার এই আয়োজনটি করেছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটি।
চট্টগ্রাম থেকে এসে ঢাকায় কেন এই আয়োজন? ‘চট্টগ্রামে আসলে তেমন কোনো প্রদর্শনকক্ষ নেই। আর এটা যেহেতু জাতীয় পর্যায়ের আয়োজন, তাই ঢাকাকেই আমরা বেছে নিয়েছি।’ বলছিলেন ফটোগ্রাফি সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল এহসান। জানা গেল, প্রদর্শনীর জন্য ছবি জমা পড়েছিল ১২ শর বেশি। বাছাইকৃত ৭৭টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। ছবি বাছাই আর বিচারকের দায়িত্ব পালন করেছেন ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সির আলোকচিত্রী আবির আব্দুল্লাহ ও ইন্ডিপেনডেন্ট ডকুমেন্টারি ফটোগ্রাফার কে এম আসাদ।
এ তো গেল আয়োজকদের কথা। ছবি যাঁরা তুলেছেন, তাঁদের সঙ্গে কথা বলা যাক। গ্যালারি ঘুরে এক ফটোগ্রাফারের ছবি দেখা গেল পাঁচটি। এই পাঁচ ছবির ফটোগ্রাফার হাসান মাহমুদ প্রত্যয়। পড়ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ছবি তোলা শুরু করেছিলেন অন্যের ফোনের ক্যামেরা দিয়ে। তিনি বলেন, ‘স্কুলে যখন পড়তাম, তখন ফোনও ছিল না, ক্যামেরাও ছিল না। কেউ ছবি তুলে দিতে বললে দিতাম। তখন মনে হতো একটা ক্যামেরা ফোন থাকলে ভালো হতো। এসএসসি পরীক্ষার পর একটা ক্যামেরা ফোন পেলাম হাতে। তা দিয়েই আমার ছবি তোলার শুরু।’ বুয়েটে ভর্তি হয়ে টিউশনির টাকায় ক্যামেরা কিনেছেন প্রত্যয়। এখন ক্যামেরা তাঁর সব সময়ের সঙ্গী। এই প্রতিযোগিতায় ‘সিঙ্গেল ফটো’ ক্যাটাগরিতে বিজয়ীর তালিকায় হাসান মাহমুদের অবস্থান দ্বিতীয়। এ ছাড়া প্রদর্শনীর ব্যানার ও স্মরণিকার প্রচ্ছদও করা হয়েছে তাঁর তোলা ছবি দিয়ে। প্রকৃতির ছবি তুলতে ভালোবাসেন প্রতিযোগিতায় তৃতীয় হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানজিম হোসেন। তানজিম বলেন, ‘সিক্স-সেভেনে পড়ার সময় যখন বাসায় থাকতাম, তখন বাসার ক্যামেরা নিয়ে বাগানে ফুলের ছবি তুলতাম; আর প্রজাপতির পেছনে ছুটতাম।’ এখন অবশ্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রতিই তাঁর বেশি আগ্রহ। তিনি আরও বলেন, ‘পশুপাখির মোশন আর এক্সপ্রেশনটা অন্য রকম। এগুলো ধরতে কাঠখড় পোহাতে হয়। তবু ধরতে ভালো লাগে।’ সিঙ্গেল ফটো ক্যাটাগরিতে প্রথম হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহদী হাসান। নিজেকে ‘স্ট্রিট ফটোগ্রাফার’ হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। এখন তাঁর ছবি তোলার বিষয়—খুলনা শহর। এটি অবশ্য নিতান্ত বাধ্য হয়েই। ‘পড়ালেখার যে চাপ তাতে চাইলেও বাইরে সেভাবে ছবি তুলতে যাওয়া যায় না। তাই খুলনা শহরে ঘুরে ঘুরেই ছবি তুলি।’ বলেন মেহদী। আলো-ছায়া নিয়ে খেলতে ভালো লাগে বলেই ছবি তোলেন তিনি।
প্রতিযোগিতায় ‘ফটো স্টোরি’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন সাইফ হাসান। তাঁর আগ্রহের জায়গা মূলত ভাবনানির্ভর ছবি, যেখানে শিল্পের মিশেল আছে। ছবি তোলা শুরু করার আগে সাইফ ছবি সম্পাদনার কাজ করতেন। সেটা আসলে উচ্চমাধ্যমিকে পড়ার সময়ের কথা। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি হওয়ার পর যুক্ত হন বিশ্ববিদ্যালয়টির ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে। কথা বলে আরও জানা গেল, এটি তাঁর অংশ নেওয়া ২৫তম প্রদর্শনী। আর পুরস্কারের দিক থেকে ৭ নম্বর। হাসান মাহমুদ, সাইফ হাসানের মতো এই ফটোগ্রাফারদের প্রত্যেকেই ছবি তোলেন নিজের ভালো লাগার জায়গা থেকে। পড়াশোনার পর তাঁদের প্রথম ও প্রধান আগ্রহের বিষয় ছবি তোলা। ছবির মধ্য দিয়েই নিজের আর আশপাশের গল্পটা তাঁরা বলতে চান।
জেনেসিস ২০১৭ কর্মসূচিতে অংশগ্রহণকারী সব দেশের শিক্ষার্থী ও হোস্ট ফ্যামিলির সদস্যরা এক হয়েছিলেন বিদায়ী অনুষ্ঠানে। সেখানে আমরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরেছি। শাড়ি, পাঞ্জাবি পরে আমাদের সংস্কৃতি তুলে ধরার প্রচেষ্টায় আমরা ‘আমি বাংলায় গান গাই’ গানটি পরিবেশন করি। অবশেষে ১৩ ফেব্রুয়ারি টোকিওতে রিপোর্টিং সেশনের মাধ্যমে শেষ হয় আমাদের সফর।
১০ দিনের এই সফরে জাপান ও অন্য দেশের মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে, এখনো যা বজায় আছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের বদৌলতে। এটি আমাদের জীবনের এমন একটি সময়, যাকে জাপানি ভাষায় বলে ‘ইচিগো ইচি’—অর্থাৎ এমন সুযোগ জীবনে একবারই আসে। দিনগুলো আমার স্মৃতির মণিকোঠায় অমলিন হয়ে থাকবে।
লেখক: শিক্ষার্থী, হলিক্রস কলেজ